রাঙামাটিতে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শতাব্দী চাকমা (৫০) নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। শনিবার সকালে গুরুতর আহত অবস্থায় তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শতাব্দী চাকমা নানিয়ারচর উপজেলার রামহরি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি রাঙামাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুখীনীলগঞ্জ এলাকার বাসিন্দা ছিলেন। তার পিতা প্রয়াত রবীচন্দ্র চাকমা এবং মাতা প্রয়াত লক্ষীদেবী চাকমা।
স্থানীয়রা জানান, শনিবার সকালে তিনি নিজ বাসা থেকে কর্মস্থলে যাওয়ার উদ্দেশে বের হন। পথে নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের সমাজকল্যাণ এলাকায় সিএনজিচালিত অটোরিকশার অপেক্ষায় থাকাকালে রাস্তার পাশে থাকা একটি জাম গাছ থেকে ফল পাড়ার চেষ্টা করেন। এ সময় কাঁচা বাঁশ ব্যবহার করে জাম পাড়তে গিয়ে অসাবধানতাবশত বাঁশটি পাশের বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা ও সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর খান জানান, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তফিকুল ইসলাম বলেন, সকালে নানিয়ারচর আসার পথে এক স্কুল শিক্ষিকা ঘিলাছড়ি এলাকায় জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।






