যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা এবং মাদক, জুয়া ও অপসংস্কৃতির করাল গ্রাস থেকে সমাজকে মুক্ত করার দাবিতে জামালপুরের সরিষাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ জুন) বিকেলে উপজেলার কামরাবাদ ইউনিয়নের সোনাকান্দর মোড় এলাকায় সরিষাবাড়ী-আদ্রা-জামিরা প্রধান সড়কে এ কর্মসূচির আয়োজন করে সোনাকান্দর সমাজ কল্যাণ যুব সংঘ।
কর্মসূচির অংশ হিসেবে কামরাবাদ তালতলা মোড় থেকে একটি মাদকবিরোধী বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সোনাকান্দর মোড়ে আয়োজিত মানববন্ধনে যোগ দেয়।
মানববন্ধনে সচেতন নাগরিক, বিভিন্ন যুব সংগঠনের সদস্য, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সোনাকান্দর সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি আল মামুন সিফাতের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্য সচিব ও সরিষাবাড়ী কলেজের সাবেক জিএস রবিউল ইসলাম, জামালপুর সদর যুব উন্নয়ন কর্মকর্তা ইউনুস হোসাইন রতন, ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম, কামরাবাদ ইউনিয়ন বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক মানিক মিয়া, সমাজ কল্যাণ যুব সংঘের উপদেষ্টা আশরাফ আলী বাবলু সরকার, কামরাবাদ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকির হোসেন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুঞ্জুরুল ইসলাম, স্থানীয় বাঘমারা মসজিদের ইমাম শফিকুল ইসলামসহ অন্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদক জুয়া ও অপসংস্কৃতি প্রতিনিয়ত সমাজকে গ্রাস করে ফেলছে। হাত বাড়ালেই মিলছে জীবন ধ্বংসকারী মাদক। মাদক কেবল একজন মানুষকে ধ্বংস করে না, এটি একটি পুরো পরিবারকে ধূলিসাৎ করে দেয়। যে সন্তানটি হতে পারত পরিবারের আলো, মাদকের নীল ছোবলে সে হয়ে ওঠে পরিবারের সবচেয়ে বড় অন্ধকার। মাদকের টাকার জন্য সন্তান মা-বাবাকে আঘাত করতে দ্বিধা করে না, সমাজে চুরি, ছিনতাই আর অপরাধ বেড়ে যায়।
বক্তারা আরো বলেন, ‘মাদক কোনো ফ্যাশন নয়, কোনো স্বস্তি নয়—এটি একটি চোরাবালি। যেখানে একবার পা দিলে ফিরে আসা অসম্ভব। তরুণ সমাজকে এভাবে ধ্বংস হতে দিতে পারি না। তরুণরাই একটি দেশের মেরুদণ্ড কিন্তু মাদক আজ সেই মেরুদণ্ডকে ভেঙে দিচ্ছে। মাদক ব্যবসায়ীরা আমাদের সন্তানদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে।’
এসময় তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আজকের পরে এ অঞ্চলে কেউ মাদক ব্যবসা করতে আসলে তাকে আইনের কাছে সোপর্দ করা হবে।
কর্মসূচি শেষে মাদক, জুয়া ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।




