• ই-পেপার

ভালো নেই আশ্রয়ণ প্রকল্পের ৫০ পরিবার

সাতক্ষীরা

খোলপেটুয়া নদীতে বিজিবির অভিযানে দুটি কার্গো জব্দ, আটক ৫

সাতক্ষীরা প্রতিনিধি
খোলপেটুয়া নদীতে বিজিবির অভিযানে দুটি কার্গো জব্দ, আটক ৫
ছবি: কালের কণ্ঠ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঝাঁপার চর এলাকা থেকে দুটি বালুভর্তি কার্গো জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাঁচজনকে আটক করা হয়েছে।

রবিবার (১৪ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ১৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহারিয়ার রাজিব, পিএসসি’র নেতৃত্বে খোলপেটুয়া নদীর ঝাঁপার চর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— মো. ইব্রাহিম গাজী, মো. নাঈম ইসলাম, মো. আজারুল ইসলাম, মো. সজিব শেখ এবং মো. জামিরুল ইসলাম।

স্থানীয়দের অভিযোগ, পরিবেশ সংকটাপন্ন এই এলাকা থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। জব্দ হওয়া একটি কার্গোর মালিক জামিরুল ইসলাম বলে জানা গেছে।

অভিযানের বিষয়ে নীলডুমুর ১৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. শাহারিয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুটি বালুভর্তি কার্গো জব্দ এবং পাঁচজনকে আটক করা হয়। তারা বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

তিনি আরো বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করা হয়েছে।

ত্বকী হত্যা, আজমেরীর গাড়িচালক জামশেদ আবারও রিমান্ডে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
ত্বকী হত্যা, আজমেরীর গাড়িচালক জামশেদ আবারও রিমান্ডে
তানভীর মুহাম্মদ ত্বকী। সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় অভিযুক্ত আজমেরী ওসমানের গাড়িচালক জামশেদ শেখকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে নিয়েছে তদন্তকারী সংস্থা র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

রবিবার (১৪ জুন) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাতের আদালতে এ আদেশ হয় বলে জানান আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ।

তিনি বলেন, গত ৪ জুন আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে র‌্যাব। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। কিন্তু র‌্যাব তিন কার্যদিবসের মধ্যে আসামিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের কার্যক্রম সম্পন্নে ব্যর্থ হলে পুনরায় আবেদন করলে রবিবার আদালত তা মঞ্জুর করেন।

এর আগে ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১১ সেপ্টেম্বর জামশেদ শেখকে (৩৮) গ্রেপ্তার করে র‌্যাব। একই দিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমাণ্ডে পায় র‌্যাব। দেড় বছর পর একই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও রিমান্ডে নিয়েছে তদন্তকারী সংস্থাটি।

২০১৩ সালের ৬ মার্চ বিকেলে নারায়ণগঞ্জ শহরের শায়েস্তা খাঁ সড়কের বাসা থেকে বেরিয়ে স্থানীয় একটি পাঠাগারে যাবার পথে নিখোঁজ হন ১৭ বছর বয়সী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী। দুই দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদীনি খাল থেকে ত্বকীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের পিতা এ শহরের আলোচিত সাংস্কৃতিক ও নাগরিক আন্দোলনের নেতা রফিউর রাব্বি। তার অভিযোগ, নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান এবং তাদের সহযোগীরা মিলে ত্বকীকে অপহরণের পর নির্মমভাবে হত্যা করেছে।

জামশেদ ছিলেন শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের গাড়িচালক। র‌্যাবের তদন্তে ত্বকী হত্যার সঙ্গে তার জড়িত থাকারও নাম উঠে এসেছিল। ত্বকী হত্যার এক বছরের মাথায় র‌্যাবের ফাঁস হওয়া তদন্ত প্রতিবেদন অনুসারে, আজমেরী ওসমান ও তার সহযোগীরা ত্বকীকে অপহরণ ও নির্যাতন করে হত্যা করে। এরপর তার মরদেহ শীতলক্ষ্যা নদীতে ফেলার জন্য যে গাড়িতে রাখা হয়েছিল, সেই গাড়ি চালিয়েছিলেন জামশেদ।

এদিকে, ত্বকী হত্যার ১৩ বছর পেরিয়ে গেলেও তদন্তকারী সংস্থা তদন্ত শেষ করে এখন পর্যন্ত আদালতে অভিযোগপত্র জমা না দেওয়ায় বিচারকাজ শুরু হয়নি। গত ১ জুন এ মামলার ১০৪তম তারিখ ছিল। ওইদিন আদালত র‌্যাবকে আগামী ১ জুলাইয়ের মধ্যে অভিযোগপত্র দাখিলের নির্দেশ দিয়েছেন বলেও জানান এ মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট প্রদীপ ঘোষ বাবু।

যদিও এর আগেও কয়েক দফায় আদালত দ্রুত অভিযোগপত্র দাখিলের জন্য তাগিদ দিলেও তদন্তকারী সংস্থা প্রতিবারই আবেদন করে সময় বাড়িয়ে নিয়েছে।

সিলেটে ৭ দিন ধরে এক মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক
সিলেটে ৭ দিন ধরে এক মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ
সংগৃহীত ছবি

সিলেটে আফজল হোসাইন নামের এক মাদরাসা শিক্ষার্থী সাত দিন ধরে নিখোঁজ। সে নগরের শাহপরাণ থানাধীন জাহানপুরস্থ মুহিব রোকিয়া হাফিজিয়া মাদরাসার ছাত্র।

নিখোঁজ আফজল হোসাইন (২১) সিলেট নগরের মেজরটিলা ইসলামপুর এলাকার মুসলিমনগরের বাসিন্দা মৃত আনা মিয়ার ছেলে।

জানা যায়, গত ৭ জুন রবিবার মাদরাসা থেকে আফজল কাউকে কিছু না বলে বেরিয়ে যান। এরপর তিন বাসায় ফেরেননি। বাসায় না ফেরায় আত্মীয়-স্বজনরা মাদরাসাসহ সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তার সন্ধান পাননি। এ বিষয়ে পরদিন ৮ জুন নিখোঁজ আফজালের মা শিফা বেগম সিলেটের শাহপরাণ (রহ.) থানায় জিডি করেছেন।

জিডি সূত্রে জানা যায়, নিখোঁজের সময় আফজল হোসাইনের পরনে খয়েরি রঙের পাঞ্চাবি ও সাদা পায়জামা ছিল। তার গায়ের রং শ্যামলা, গোলাকার মুখায়ব, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৩ ইঞ্চি। তিনি সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন।

সিলেটের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বলেন, ‘নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে পুলিশ তৎপর রয়েছে।’

শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখিয়ে রাজবাড়ীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন

রাজবাড়ী প্রতিনিধি
শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখিয়ে রাজবাড়ীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন
ছবি : কালের কণ্ঠ

শিশুশ্রম বন্ধে সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করার দাবিতে রাজবাড়ীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ পালিত হয়েছে।

রবিবার (১৪ জুন) সকালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সহায়তায় জেলা শহরের কলেজ রোড এলাকায় একটি মানববন্ধন করে সচেতন নাগরিক কমিটি (সনাক)। পরে রাজা সূর্য কুমার ইনস্টিটিউশনের হলরুমে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

সনাক সভাপতি মো. আতিয়ার রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সনাকের সহসভাপতি অ্যাডভোকেট নাজমা সুলতানা ও ফজলুল হক মণ্ডল, সদস্য অধ্যাপক মো. নুরুজ্জামান, পরিমল চন্দ্র, মধুসূদন সাহা, দিদারুল হক হিরু, খাদিজাতুল কুবরা নাজমা এবং শয়ন শিকদার।

এ সময় বক্তারা বলেন, বাংলাদেশে শিশুশ্রম নিরসনে বিভিন্ন নীতিগত অঙ্গীকার ও আন্তর্জাতিক প্রতিশ্রুতি থাকলেও এটি এখনও একটি গভীর সামাজিক সমস্যা হিসেবে রয়ে গেছে। বিশেষ করে বর্জ্য সংগ্রহ, পৃথকীকরণ ও পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতে অপ্রাতিষ্ঠানিক ব্যবস্থার ওপর নির্ভরশীলতার কারণে দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুরা ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত হচ্ছে।

তারা আরো বলেন, শিশুশ্রম নিরসনে জাতীয় কর্মপরিকল্পনা, আইন ও নীতি থাকলেও বাস্তবায়নের ঘাটতি, প্রাতিষ্ঠানিক সমন্বয়ের অভাব এবং দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর উদাসীনতার কারণে সমস্যাটি অব্যাহত রয়েছে।

আলোচনাসভায় স্থানীয় সরকার বিভাগের অধীন সিটি করপোরেশন ও পৌরসভা, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যকর ভূমিকা নিশ্চিত করার দাবি জানানো হয়।

বক্তারা বলেন, বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রম নিরসনে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতা বা উদাসীনতা ‘লাল কার্ড’ পাওয়ার যোগ্য। শিশুশ্রমমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সব অংশীজনের সমন্বিত উদ্যোগ, জবাবদিহিতা ও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে সনাকের সদস্য, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা অংশ নেন।

ভালো নেই আশ্রয়ণ প্রকল্পের ৫০ পরিবার | কালের কণ্ঠ