• ই-পেপার

মাতামুহুরীর তীরে ৫ কোটি টাকায় বসছে সিসি ব্লক

শিক্ষককে অব্যাহতি ঘিরে উত্তপ্ত দেওভোগ মাদরাসা

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
শিক্ষককে অব্যাহতি ঘিরে উত্তপ্ত দেওভোগ মাদরাসা
ছবি: কালের কণ্ঠ

নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদরাসায় এক শিক্ষককে অব্যাহতি দেওয়াকে কেন্দ্র করে দিনভর উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একপর্যায়ে মাদরাসার মোহতামিম (প্রিন্সিপাল) আবু তাহের জিহাদী, ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক হেদায়েতুল্লাহ খোকনসহ কয়েকজনকে মাদরাসা প্রাঙ্গণে অবরুদ্ধ করে রাখা হয়।

রবিবার (৫ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাদরাসার প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। পরে দীর্ঘ আলোচনার পর মোহতামিম আবু তাহের জিহাদীকে দায়িত্ব থেকে অব্যাহতির সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

জানা যায়, মাদরাসার শিক্ষক ও জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মুফতি হারুন অর রশিদকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তের পর শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়দের একটি অংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এর জেরে দুপুর থেকে মাদ্রাসা প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

মাদরাসার ম্যানেজিং কমিটির সদস্য শাহ আব্দুল হালিম অভিযোগ করেন, মুফতি হারুন অর রশিদের সমর্থকরা শিক্ষার্থীদের ক্ষুব্ধ করে তোলেন। পরে উত্তেজিত শিক্ষার্থী ও স্থানীয় লোকজন মাদরাসায় প্রবেশ করে মোহতামিম, সাধারণ সম্পাদক এবং পরিচালনা কমিটির কয়েকজন সদস্যকে দীর্ঘ সময় অবরুদ্ধ করে রাখেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়। এ সময় মাদরাসার সামনে বিপুলসংখ্যক শিক্ষার্থী ও স্থানীয় লোকজন জড়ো হন। বিক্ষোভকারীরা কিছু সময়ের জন্য দেওভোগ এলাকার সড়কে অবস্থান নিয়ে যান চলাচলও বন্ধ করে দেন।

বিকেলে ঘটনাস্থলে বিএনপি নেতা জাকির খান, জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা ফেরদৌস এবং মুফতি হারুন অর রশিদ উপস্থিত হন। পরে শিক্ষার্থী প্রতিনিধি, স্থানীয় আলেম-উলামা ও মাদরাসা পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে একাধিক দফায় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মোহতামিম আবু তাহের জিহাদীকে দায়িত্ব থেকে অব্যাহতির সিদ্ধান্ত ঘোষণা করা হলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে এবং অবরুদ্ধ অবস্থারও অবসান ঘটে।

মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের একাধিক সূত্র জানায়, সম্প্রতি মাদরাসায় ইসলামী ছাত্র শিবিরের একটি কমিটি গঠনের গুঞ্জনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে মতবিরোধ তৈরি হয়। এ বিষয়ে পক্ষ-বিপক্ষ অবস্থান এবং একটি পক্ষকে সমর্থন দেওয়ার অভিযোগে অভ্যন্তরীণ সংকট আরো গভীর হয়। সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের প্রভাবিত করার অভিযোগেই মুফতি হারুন অর রশিদকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরে মাদরাসা ও আশপাশের এলাকায় আলোচনা-সমালোচনার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি সাজেদুর রহমান বলেন, দিনভর পরিস্থিতি কিছুটা উত্তপ্ত ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন। বর্তমানে এলাকায় স্বাভাবিক অবস্থা বিরাজ করছে।

লালপুরে মাদকবিরোধী অভিযানে যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড

লালপুর (নাটোর) প্রতিনিধি
লালপুরে মাদকবিরোধী অভিযানে যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড

নাটোরের লালপুর উপজেলায় মাদকবিরোধী যৌথ অভিযানে ইয়াবা সেবনের আলামতসহ সৌরভ ইসলাম (১৯) নামের এক যুবককে আটক করা হয়। পরে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৫ জুলাই) দিবাগত রাতে উপজেলার উত্তর লালপুর মন্ডলপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবীর হোসেন।

জানা যায়, উপজেলা প্রশাসনের উদ্যোগে লালপুর থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত এ মাদকবিরোধী অভিযানে ঘটনাস্থল থেকে ইয়াবা সেবনের বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। এসময় সৌরভ ইসলামকে আটক করা হয়। পরে তার পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সে দীর্ঘদিন ধরে মাদকাসক্তির সঙ্গে জড়িত ছিল এবং এলাকায় মাদক সেবনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

অভিযান শেষে আটক সৌরভকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবীর হোসেন বলেন, মাদক সমাজকে ধ্বংস করছে। যুবসমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। সবাইকে সচেতন হতে হবে এবং মাদকসংক্রান্ত তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তা করতে হবে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, লালপুর উপজেলাকে মাদকমুক্ত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রমও জোরদার করা হবে।

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড
ছবি: কালের কণ্ঠ

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং বিভিন্ন ভোগ্যপণ্য মজুদ ও বাজারজাতের অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (৫ জুলাই) বিকেলে মাদারীপুর সদর উপজেলার শকুনি এলাকায় এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার লাবনী।

দণ্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার শকুনি এলাকার হাবিবুল্লাহ এবং একই এলাকার শামিম হাওলাদার।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শকুনি এলাকায় অবস্থিত জেএস মার্কেটিং ফিডিং নামের একটি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে নিম্নমানের ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য অবৈধভাবে মজুদ ও বাজারজাত করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় বিপুল পরিমাণ ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে হাবিবুল্লাহ ও শামিম হাওলাদারকে আটক করা হয়।

জব্দ পণ্যের মধ্যে ছিল ভোজ্যতেল, ডাল, চিনি, সাবানের গুঁড়া, ডিশ ওয়াশিং বার, পোলাওয়ের চালসহ বিভিন্ন ধরনের নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও ভোগ্যপণ্য। পরে ভ্রাম্যমাণ আদালত জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এসব পণ্য ধ্বংসের নির্দেশ দেন।

এসময় প্রতিষ্ঠানের মালিক জুয়েলকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি অবৈধভাবে ব্যবহৃত পণ্যের গুদামটি সিলগালা বা বন্ধ রাখার নির্দেশও দেন আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার লাবনী বলেন, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য উৎপাদন, মজুদ এবং বাজারজাতকারীদের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

প্রেমিকার বিয়ের আসরে বিষপান যুবকের, অতঃপর...

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রেমিকার বিয়ের আসরে বিষপান যুবকের, অতঃপর...

ঠাকুরগাঁওয়ে প্রেমিকার বিয়ের অনুষ্ঠানে গিয়ে বিষপান করেছেন মাসুদ রানা নামের এক যুবক। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (৫ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে পৌর শহরের মুজিবনগর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই যুবকের সঙ্গে তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি পারিবারিকভাবে অন্যত্র তরুণীর বিয়ে ঠিক হলে বিষয়টি মেনে নিতে পারেননি প্রেমিক। বিয়ের দিন প্রেমিকার বাড়িতে গিয়ে হঠাৎ বিষপান করলে সেখানে উপস্থিত স্বজনদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, মোবাইল ফোনে খবর পেয়ে ঘটনায় পুলিশের একটি পাঠানো হয়। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিয়ের আসরে একজনের বিষপানের ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাতামুহুরীর তীরে ৫ কোটি টাকায় বসছে সিসি ব্লক | কালের কণ্ঠ