• ই-পেপার

১২৬১ কন্টেইনার নিয়ে বন্দর ছাড়ল বাংলাদেশি পতাকাবাহী সারেরা

নাটোরে পরিত্যক্ত পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

নাটোর প্রতিনিধি
নাটোরে পরিত্যক্ত পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

নাটোরের বড়াইগ্রামে বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুরে ডুবে নুর মোহাম্মদ ও আরাফাত নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার পূর্ণকলস গ্রামে এই ঘটনা ঘটে। 

মৃত নুর মোহাম্মদ (১০) ওই গ্রামের রাজু আহমেদের ছেলে এবং আরাফাত (১১) একই গ্রামের মিন্টুর ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে শিশু দুটিকে বাড়ির আশপাশে কোথাও দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। দীর্ঘক্ষণ পর স্বজনরা বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুরের পানিতে তাদের মরদেহ ভেসে থাকতে দেখে। এ সময় স্থানীয় বাসিন্দাদের সহায়তায় মরদেহ দুটি উদ্ধার করা হয়।

৬ নং গোপালপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুস সামাদ মণ্ডল বলেন, বাড়ির পাশের একটি পুকুরে পড়ে শিশু দুটির মৃত্যু হয়েছে। সম্ভবত গোসল করতে বা খেলার ছলে পানিতে নেমে তারা গভীর পানিতে তলিয়ে যায়।

তিনি আরো জানান, এ বিষয়ে বড়াইগ্রাম থানা-পুলিশ ও উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।

ভালুকা

ইউএনও অফিস ঘেরাও কৃষকদের

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ইউএনও অফিস ঘেরাও কৃষকদের
সংগৃহীত ছবি

ময়মনসিংহের ভালুকায় এক্সপেরিয়েন্স টেক্সটাইল মিল এবং আরএস অ্যাগ্রোর দূষিত বর্জ্য মিশ্রিত পানি নিষ্কাশনের ড্রেনেজ লাইন স্থায়ীভাবে বন্ধ এবং কৃষকদের ক্ষতিপূরণের টাকা পরিশোধের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুর ১২টার দিকে উপজেলার ভরাডোবা এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকরা এ কর্মসূচি পালন করেন।
 
অবস্থানকারীদের অভিযোগ, এক্সপেরিয়েন্স টেক্সটাইল মিল ও আরএস অ্যাগ্রোর অবৈধ ড্রেনেজ লাইনের মাধ্যমে শিল্পবর্জ্য নির্গমনের কারণে কৃষিজমি, মাছের খামার ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব ঘটনার প্রতিবাদ ও প্রতিকার দাবিতে তারা দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করে এলেও কোনো সুফল পাচ্ছে না। অবস্থানকারীরা ওই সময় মিলের দূষিত বর্জ্য মিশ্রিত পানি নিষ্কাশনের ড্রেনেজ লাইন দ্রুত কংক্রিট ঢালাইয়ের মাধ্যমে স্থায়ীভাবে সিলগালা করার পাশাপাশি ইতোপূর্বে তদন্ত কমিটির সুপারিশকৃত ক্ষতিগ্রস্ত কৃষক ও ভুক্তভোগীদের ক্ষতিপূণের টাকা আসন্ন পবিত্র ঈদুল আজহার পূর্বেই পরিশোধের দাবি জানান।

কর্মসূচিতে অংশ নেওয়া আল মামুন সরকার জানান, দূষিত বর্জ্য মিশ্রিত পানির কারণে ২৮ কাঠা বোরো জমিতে তিনি বছরের পর বছর ধরে ২৮ ছটাক ধানও পাচ্ছেন না। জমিতে ধানের চারা রোপণ করার পর দূষিত বর্জ্য মিশ্রিত পানির কারণে তা পচে যায়।

কর্মসূচিতে ইউপি সদস্য শাহাদাত হোসাইন মানিক, ইঞ্জিনিয়ার রুহুল আমিন, আল মামুন সরকার, নুরুল ইসলাম ফকির, শামছুদ্দিন মণ্ডল, নুরুজ্জামান কবির, মোহাইমিনুল ইসলাম তালুকদার, আবুল বাশার ও মনির তালুকদার প্রমুখ বক্তব্য দেন।

চাঁপাইনবাবগঞ্জ

ছাত্রীর বাড়িতে মিলল গৃহশিক্ষকের বস্তাবন্দি মরদেহ, আটক ৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
ছাত্রীর বাড়িতে মিলল গৃহশিক্ষকের বস্তাবন্দি মরদেহ, আটক ৩
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের একদিন পর ছাত্রীর বাড়ি থেকে এক গৃহশিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা রুবেল, তার স্ত্রী সুমি খাতুন (৩০) ও দীপক নামের এক স্বর্ণকারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) ভোরে শহরের ৯ নম্বর ওয়ার্ডের চৌকা মহল্লার বাসিন্দা রুবেল হোসেনের (৩৫) বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত ব্যক্তির নাম মরিয়ম বেগম (৫৭)। তিনি একই ওয়ার্ডের নামোশংকরবাটি উজ্জ্বলপাড়ার মোসাদ্দেক হোসেন কালামের স্ত্রী। 

আরো পড়ুন
নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, মরিয়ম প্রতিদিন রুবেলের মেয়ে, পঞ্চম শ্রেণির ছাত্রী মিথিলাকে পড়াতে তার বাড়ি যেত। গত সোমবার (১৮ মে) সকালে মিথিলাকে পড়াতে যাওয়ার পর থেকে তিনি নিখোঁজ হন। 

পুলিশ আরো জানায়, মিথিলার মা সুমির বিরুদ্ধে এর আগে একাধিক নারীকে জুস খাইয়ে অজ্ঞান করে সোনা-দানা হাতিয়ে নেওয়ার মামলা ও অভিযোগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সোনার লোভেই সুমি তার স্বামীকে সঙ্গে নিয়ে মরিয়মকে খুন করে থাকতে পারে।

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। দ্রুত এই হত্যার জট খুলবে বলে আশা করা হচ্ছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হোসাইন বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সিআইডি ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। 

নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মাদকসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জুয়েল (৪৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে উপজেলার শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন বন্দর থানার ওসি গোলাম মোক্তার আশরাফ উদ্দিন। নিহত জুয়েল শান্তিনগর এলাকার তাজুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, ঘটনার পর জুয়েলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৮ মে) রাতে শান্তিনগর এলাকায় উপজেলা পুলিশের একটি অভিযানের সময় কয়েকজন যুবকের সঙ্গে জুয়েলের বাগ্‌বিতণ্ডা হয়। এর জেরে মঙ্গলবার সকালে প্রতিপক্ষের লোকজন জুয়েলের অফিসে হামলা ও ভাঙচুর চালায়। একপর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন কালের কণ্ঠকে বলেন, ‘মাদকসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জুয়েল নামের এক যুবককে হত্যা করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘মাদকসংক্রান্ত বিষয় নিয়ে গতকাল রাতে সৈকত, ফাহিমসহ আরো কয়েকজন মাদকসেবীদের সঙ্গে ভুক্তভোগী জুয়েলের বাগ্‌বিতণ্ডা হয়। এর জের ধরেই একা পেয়ে তার নদীর পাড়ের অফিসে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে।’