• ই-পেপার

মুক্তিযুদ্ধের সময়ের ৬৫০ রাউন্ড গুলি উদ্ধার!

সাভারে রাস্তা পারাপারের সময় গাড়ি চাপায় ব্যবসায়ী নিহত

সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভারে রাস্তা পারাপারের সময় গাড়ি চাপায় ব্যবসায়ী নিহত
প্রতীকী ছবি

সাভারে রাস্তা পারাপারের সময় গাড়ি চাপায় হুমায়ুন কবির  নামে এক বেল্ট ব্যবসায়ী মারা গেছে। 

শুক্রবার (২৬জুন) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের পুরাতন ফুটওভার ব্রিজ এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত হুমায়ুন কবির(৪৬) জামালপুর জেলার ইসলামপুর থানার মৃত মোজাফফরের ছেলে। তিনি সাভার পৌর এলাকার মজিদপুরের চুঙ্গিরপারে ভাড়া থেকে মহাসড়কের আরিচাগামী লেনের ফুটওভার ব্রিজের নিচে বেল্টের ব্যবসা করতেন।

সাভার হাইওয়ে থানার সার্জেন্ট ফিরোজ নয়া জানান, নিহতের মরদেহটি তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সাভারের সচেতন মহল ফুটপাতের এসব অনাকাঙ্খিত মৃত্যুরোধ করতে মহাসড়কের ফুটপাত দখলমুক্ত রাখা, রাস্তা পারাপারে ক্ষেত্রে পথচারিদের ফুটওভার ব্রিজ ব্যবহার করা এবং ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ ও সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি বলে মনে করছেন।

লক্ষ্মীপুরে মা ও তিন মেয়ের জানাজায় মানুষের ঢল

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে মা ও তিন মেয়ের জানাজায় মানুষের ঢল
ছবি : কালের কণ্ঠ

লক্ষ্মীপুরের রায়পুরে ভাড়া বাসায় হত্যাকাণ্ডের শিকার মা ও তাঁর তিন মেয়ের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে রায়পুর পৌরসভার ধানহাটা নদীরপাড় সড়কে জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।

জানাজা শেষে নিহত শাহিনুর বেগম (৩৮), তাঁর বড় মেয়ে সায়মা আক্তার (২১), মেজো মেয়ে নাফিসা আক্তার ইকরা (১৭) এবং ছোট মেয়ে ফাতেমা আক্তার শিফার মরদেহ দাফনের জন্য স্বজনরা কুমিল্লার হোমনা উপজেলার লটিয়া গ্রামে নিয়ে যান।

জানাজায় রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া, রায়পুর পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ফয়সাল, পৌর জামায়াতের আমির ফজলুল করিম, নায়েবে আমির কামাল উদ্দিন, রায়পুর বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া নিহত শাহিনুর বেগমের ছেলে জুনাইদ ইসলাম সিফাত, তাঁর নানা দাদন মিয়া, মামা ছানা উল্লাহ ও চাচা জামাল হোসেনও জানাজায় উপস্থিত ছিলেন। তাঁরা ঘটনাটি জানার পর বৃহস্পতিবার রাতে রায়পুরে আসেন।

এ সময় রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, ‘এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে এবং তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। গুরুত্বের সঙ্গে তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৫ জুন) সকালে রায়পুর পৌর শহরের নদীরপাড় এলাকার একটি ভাড়া বাসায় ঢুকে এক যুবক মা ও তাঁর তিন মেয়েকে কুপিয়ে হত্যা করেন। পরে স্থানীয় জনতার গণপিটুনিতে অভিযুক্ত অন্তর মজুমদারও (২৮) নিহত হন।

ডুরার নতুন সভাপতি শাহজাহান, সম্পাদক জহিরুল

নিজস্ব প্রতিবেদক
ডুরার নতুন সভাপতি শাহজাহান, সম্পাদক জহিরুল
সভাপতি শাহজাহান মোল্লা (বাঁয়ে) ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম (ডানে)। ছবি : কালের কণ্ঠ

সেবা খাতে কর্মরত সাংবাদিকদের সংগঠন ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ডুরা) সভাপতি পদে দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার শাহজাহান মোল্লা এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার জহিরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৬ জুন) দুপুরে রাজধানীর সেগুনবাগিচার একটি হোটেলে বার্ষিক সাধারণ সভায় সদস্যদের ভোটগ্রহণ শেষে এই কমিটি ঘোষণা করা হয়।

সভায় প্রধান অতিথি ও প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। পরে তিনি নতুন কমিটি ঘোষণা করেন।

কমিটিতে সহ-সভাপতি পদে নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার জিলানী মিলটন, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার একলাছ হক, সাংগঠনিক সম্পাদক বাংলা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার আতিক হাসান শুভ, অর্থ সম্পাদক পদে দৈনিক আমার দেশের স্টাফ রিপোর্টার জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক ঢাকা স্ট্রিমের স্টাফ রিপোর্টার তৌফিক হাসান, প্রচার-প্রকাশনা সম্পাদক হিসেবে বাংলানিউজ ২৪ ডটকমের স্টাফ করেসপন্ডেন্ট মিরাজ মাহবুব ইফতি, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। 

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হলেন ভোরের কাগজ সিনিয়র রিপোর্টার মো. রুহুল আমীন, বিজনেস মিররের বিশেষ প্রতিনিধি বারেক কায়সার, ইনডিপেনডেন্ট টিভির বিশেষ প্রতিনিধি হাসিফ মাহমুদ শাহ্, জাগো নিউজের সিনিয়র রিপোর্টার মুসা আহমেদ, ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার নিলয় মামুন ও ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার আবির হাকিম।

প্রসঙ্গত, নতুন এই কমিটি ২০২৭ সালের জুন পর্যন্ত দায়িত্ব পালন করবে।

গাজীপুরে সদর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের দাবি

অনলাইন ডেস্ক
গাজীপুরে সদর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের দাবি

গাজীপুর সদর উপজেলায় ৫০ শয্যার একটি সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনসহ সব নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বিকালে উপজেলার হোতাপাড়া বাসস্ট্যান্ডে সচেতন নাগরিক সমাজের আয়োজিত মানববন্ধনে স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাসহ শিক্ষক-শিক্ষার্থী এবং সাধারণ মানুষ অংশ নেয়।

তারা বলেন, ২০১৩ সালে গাজীপুর সিটি করপোরেশন ঘোষণার পরে নতুন করে ভাওয়ালগড়, পিরুজালী, মির্জাপুর ও বাড়িয়া ইউনিয়ন নিয়ে গাজীপুর সদর উপজেলা পরিষদ গঠিত হয়। আয়তনের দিক থেকে ছোট হলেও শিল্পায়নের কারণে এই উপজেলায় বাড়তি লোকের বসবাস রয়েছে। উপজেলা গঠনের পরও এই এলাকার মানুষ নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। কারণ নেই কোনো সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স। চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রায় ২৫ থেকে ৩০ কিলোমিটার দূরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালই একমাত্র ভরসা।

তারা আরো বলেন, গাজীপুর সদর উপজেলার প্রশাসনিক সকল কার্যক্রম চলছে সিটি করপোরেশনের পুরনো অফিস থেকে। যেখানে সরকারি সুযোগ সুবিধা পেতে ভোগান্তি পোহাতে হয়। আমরা এই ভোগান্তির অবসান চাই। আমরা নিজ উপজেলায় প্রসাশনিক ভবনসহ ৫০ শয্যার একটি স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের জোর দাবি জানাচ্ছি।

এ সময় বক্তব্য দেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জয়নাল আবেদীন রিজভী, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এমদাদুল হক মুসুল্লি, আহ্বায়ক সদস্য বাতেন বিএসসি, জেলা যুবদলের ১ নং যুগ্ম  আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সদস্য জাহাঙ্গীর সিকদার, কাওছার আহমেদ মোল্লা, উপজেলা যুবদল নেতা শরিফুল বাশার স্বজল, জেলা ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) সোহাগ হোসেন, উপজেলা শ্রমিকদলের সভাপতি সাইফুল ইসলাম খোকনসহ অনেকেই।

মুক্তিযুদ্ধের সময়ের ৬৫০ রাউন্ড গুলি উদ্ধার! | কালের কণ্ঠ