শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতিকালে পাঁচজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলার কাপাসিয়া এলাকায় নকলা-নালিতাবাড়ী মহাসড়কে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটকরা হলেন—উপজেলার গেরামারা গ্রামের আবুল কাশেমের ছেলে ও ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজান মিয়া (৩৩), যোগানিয়া ভাটি গাংপাড় গ্রামের জাবেদ আলীর ছেলে ও ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি রুহুল আমিন (৫০), বাজার ছিটপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে ও ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম (৩৬), উজান গাংপাড় এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে আব্দুল কাদির (৪০) এবং গোবিন্দনগর গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে ও উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আতাউর রহমান সুমন (৪২)।
পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ব্যানারে মিছিল বের করার প্রস্তুতির খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এ সময় মিছিলে অংশ নিতে জড়ো হওয়া পাঁচজনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, ‘এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’
এদিকে সন্ধ্যায় নালিতাবাড়ী উপজেলা বিএনপির নেতা ও নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমানের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যক্রমের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।




