নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে নুরুউদ্দিন হাওলাদার নামের এক ঠিকাদারকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (১৭ মে) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার মেঘনা নিউটাউন আবাসিক এলাকায় ঠিকাদার নুরুউদ্দিনকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
নিহত নুরুউদ্দিন ভোলা জেলার মালেরহাট গ্রামের সেলিম হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, প্রায় দুই বছর আগে গঙ্গানগর এলাকার আব্দুর রবের বাড়ির নির্মাণকাজের ঠিকাদারি করেন নুরুউদ্দিন। কাজ শেষ হলেও পাওনা টাকা পরিশোধ না করে ভবনের মালিক আব্দুর রব ও তার দুই ছেলে হৃদয় ও শুভ তাকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে।
এরই মাঝে গত বৃহস্পতিবার বিকেলে আব্দুর রব ও তার দুই ছেলে মোটরসাইকেলে করে নুরুউদ্দিনের বাড়ির সামনে এসে ভবনের বাকি কাজ সম্পন্ন করার জন্য চাপ দেয়। এ সময় নুরুউদ্দিন পাওনা টাকা পরিশোধের দাবি জানালে উভয়ের মধ্যে তর্কাতর্কি শুরু হয়।
এক পর্যায়ে হৃদয় তার কাছে থাকা সুইচ গিয়ার দিয়ে নুরুউদ্দিনকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে অভিযুক্তরা মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় নুরুউদ্দিনকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনদিন পর রবিবার তার মৃত্যু হয়।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, নিহতের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। ঘটনার পর অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তার ও ঘটনার সুষ্ঠু তদন্তে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।






