• ই-পেপার

জাতীয় পর্যায়ে নৃত্যে প্রথম বেতাগীর নদী

সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সরিষাবাড়ী ( জামালপুর) প্রতিনিধি
সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
সংগৃহীত ছবি

জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে সাঈদ হোসেন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। 

রবিবার (২৮ জুন) রাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চরবালিয়া গ্রামের এ ঘটনা ঘটে। নিহতদের বড় ভাই টুরিস্ট বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার চরবালিয়া গ্রামের সুরুজ্জামানের ছেলে সাঈদ।

রবিবার (২৮ জুন) সন্ধ্যা ৭টার দিকে বসতবাড়ীর পাশে নিজ দোকানের সিরিজ লাইনে টু পিনে সংযোগ দিতে যায়। এসময় লিকেজ তারের সঙ্গে জড়িয়ে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার দায়িত্বরত এসআই চাঁন মিয়া জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক নিহতের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ যান। লাশের সুরতহাল প্রতিবেদনের পর পরিবারের লোকজনের অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়। 

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

খুলনা অফিস
খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
আহত রফিকুল ইসলাম মানিক। ছবি : কালের কণ্ঠ

খুলনা মহানগরীতে দুর্বৃত্তের গুলিতে রফিকুল ইসলাম মানিক (৩৫) নামের এক যুবক আহত হয়েছেন। রবিবার (২৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে নগরীর গল্লামারীর আইডিয়াল নার্সিং হোমের সামনে এ ঘটনা ঘটে।

আহত রফিকুল ইসলাম মানিক নগরীর সোনাডাঙ্গা থানার দারুস সালাম মহল্লার রোস্তম আলীর ছেলে।

পরিবারের সদস্যদের অভিযোগ, বেশ কিছুদিন ধরে অজ্ঞাত ব্যক্তিরা মানিকের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। টাকা না দিলে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল।

মানিকের মা জানান, প্রায় ১৫ দিন আগে ভিডিও কলে তার ছেলেকে প্রাণনাশের হুমকি দিয়ে পাঁচ লাখ টাকা দাবি করা হয়। তিনি বলেন, ‘আমার ছেলে একজন ব্যবসায়ী। কারও সঙ্গে তার কোনো বিরোধ ছিল বলে আমি জানি না। হঠাৎ করেই এ ঘটনা ঘটল।’

স্বজনরা জানান, গুলিবিদ্ধ হওয়ার পর স্থানীয়রা তাকে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। তার অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি জানান, গুলিবিদ্ধ রফিকুল ইসলাম মানিক বিভিন্ন থানার একাধিক মামলার আসামি এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

মায়ানমার-বাংলাদেশ সীমান্তে ভূমিকম্প

অনলাইন ডেস্ক
মায়ানমার-বাংলাদেশ সীমান্তে ভূমিকম্প
ফাইল ছবি

মায়ানমার-বাংলাদেশ সীমান্তে ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার (২৮ জুন) রাত ৯টা ৫৩ মিনিটে ওই ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১।

সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানিয়েছেন, রাত ৯টা ৫৩ মিনিট ১৭ সেকেন্ডে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল মায়ানমার-বাংলাদেশের সীমান্ত এলাকা। এর মাত্রা ছিল ৪ দশমিক ১। ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে এর দূরত্ব ছিল ৩৩৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।

এ ভূমিকম্প শুধু চট্টগ্রাম অঞ্চলে সীমাবদ্ধ ছিল। এতে উল্লেখযোগ্য কোনো ক্ষতির খবর পায়নি অধিদপ্তর।

হালুয়াঘাটে ইয়াবা বিক্রি করতে এসে জনতার হাতে আটক স্বামী-স্ত্রী

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ
হালুয়াঘাটে ইয়াবা বিক্রি করতে এসে জনতার হাতে আটক স্বামী-স্ত্রী
ছবি: কালের কণ্ঠ

ময়মনসিংহের হালুয়াঘাটে ১৪৮ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করছে জনতা। বরিবার (২৮ জুন) রাত ৮টার দিকে বাঘাইতলা বাজারে তাদের আটক করা হয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে এসে আটককৃতদের কাছে থাকা ব্যাগ থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৪৮ পিছ ইয়াবা উদ্বার করে। পরে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।

আটকরা হলেন- উপজেলার জামগড়া গ্রামের মৃত ভজন শেখের ছেলে মো. বাবুল (৫৫) ও তার স্ত্রী একই গ্রামের মো. রশীদ খার মেয়ে জবেদা খাতুন (৫০)।

স্থানীয়রা জানায়, সন্ধ্যা থেকে তারা দুজন বাজারে এলোমেলোভাবে ঘোরাফেরা করছিল। স্থানীয়দের তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তাদের আটক করে ইউএনওকে ফোন করে। এরপর ইউএনও ফয়সাল আহমেদ ঘটনাস্থলে এসে তাদের কাছে থাকা ব্যাগ থেকে পলিথিনে বিশেষভাবে মোড়ানো অবস্থায় ১৪৮ পিস ইয়াবাসহ তাদেরকে থানায় নিয়ে আসে। স্থানীয়দের ধারণা তারা ইয়াবা বিক্রি করতে এখানে এসেছিল এবং কারো জন্য হয়তো অপেক্ষা করছিল।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের কাছ থেকে ১৪৮ পিস ইয়াবা উদ্ধার করি।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় আরো কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। আগামীকাল সোমবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

জাতীয় পর্যায়ে নৃত্যে প্রথম বেতাগীর নদী | কালের কণ্ঠ