মুন্সিগঞ্জের শ্রীনগরে হাঁসের পা ভাঙাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা শ্রীনগর থানায় অভিযোগ দিয়েছেন। সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, সুনামগঞ্জের ধর্মপাশা থানার বাসিন্দা সুর্বনা (২০) তার স্বামী রহমান, বর্তমানে শ্রীনগর উপজেলার হরপাড়া এলাকায় মিঠু শেখের বাড়িতে ভাড়া থাকেন। সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে একটি হাঁসের পা ভাঙার ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীদের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।
ভুক্তভোগীদের দাবি, ঘটনার প্রতিবাদ করায় স্থানীয় আবু কালাম ও সামসু মোল্লাহ তাদের আল মক্কা জামে মসজিদের পশ্চিমে হামলা চালান। এ সময় ঘরে থাকা তিন নারী আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
আহতরা জানান, বিনা উসকানিতে তাদের ওপর হামলা চালানো হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
অভিযুক্ত আবু কালাম বলেন, বিবাদীরা শামসুকে অকথ্য ভাষায় গালিগালাজ করছিলেন। আমি তাদের থামানোর চেষ্টা করি এবং হাঁসের বিষয়টি নিজেদের মধ্যে বসে শান্তিপূর্ণভাবে সমাধান করার পরামর্শ দিই। কিন্তু তারা সবাই আমাকে ঘিরে ধরে। পরে আমি সেখান থেকে চলে আসি। অথচ ঘটনাটিতে আমাকে এক নম্বর আসামি করা হয়েছে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিল্টন দত্ত বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






