• ই-পেপার

সৈয়দপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

পাবনায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর

পাবনা প্রতিনিধি
পাবনায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর
সংগৃহীত ছবি

পাবনার আটঘরিয়ায় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় সিয়াম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলার একদন্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম ওই এলাকার কদিমবগদী গ্রামের রাজু আহমেদের ছেলে। সে স্থানীয় নবদিগন্ত কিন্ডার গার্টেনে শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে সিয়াম রাস্তা পার হচ্ছিল। সে সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা নাজমুল হক জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
প্রতীকী ছবি

ময়মনসিংহে একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে তিসা সরকার (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে নগরের কাচিঝুঁলি এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃত তিসার বাড়ি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মধ্য বাজার এলাকায়। তার বাবার নাম উত্তর সরকার ও মায়ের নাম মনি সরকার। দুই বছর আগে তিসা ময়মনসিংহের আলমগীর মুনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজে উচ্চমাধ্যমিকে ভর্তি হন। এরপর থেকে তিনি ময়মনসিংহ নগরের কাচিঝুঁলি মসজিদ রোড এলাকার একটি বহুতল ভবনে ছাত্রী মেসে বসবাস করতেন। 

ময়মনসিংহ কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শিবিরুল ইসলাম বলেন, আমাদের ধারণা, তিসা সরকার আত্মহত্যা করেছেন। তারপরও মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা শোকে কাতর থাকায় এ বিষয়ে বেশি কথা বলার সুযোগ হয়নি।


 

পাবনায় আ. লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনায় আ. লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
ছবি : কালের কণ্ঠ

পাবনার চাটমোহরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে উপজেলার মূলগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে রেলবাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিকেলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চাটমোহর-টেবুনিয়া সড়ক ও রেলওয়ে স্টেশন এলাকা প্রদক্ষিণ করে রেলবাজার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বিএনপি নেতারা বলেন, শান্ত চাটমোহরকে অশান্ত ও অস্থিতিশীল করার চেষ্টা করছেন কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। যাদের নেত্রী ভারতে পালিয়ে আছে তারা কি করে রাজনীতি করার সাহস দেখায়? আগামীতে চাটমোহরের কোথাও যদি আওয়ামী লীগ উঁকি দেওয়ার চেষ্টা করে তাদের দাঁতভাঙা জবাব দেবে বিএনপি। আওয়ামী লীগ মিছিল করলে তাদের কঠোর হাতে দমন করা হবে। বিএনপি আপনাদেরকে শান্তিতে রেখেছে, আপনারা শান্তিতে আছেন, শান্তিতে থাকেন। গুপ্ত মিছিল করে অশান্তি সৃষ্টি করতে চাইলে আপনাদেরও শান্তিতে থাকতে দেওয়া হবে না।

মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম লিখন বিশ্বাসের সভাপতিত্বে এবং উপজেলা কৃষকদলের আহ্বায়ক লিটন বিশ্বাসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ মাহমুদুল আলম মাহমুদ, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস আলো, উপজেলা শ্রমিকদলের সভাপতি মুন্তাজ আলী, উপজেলা বিএনপির সাবেক সহ-প্রচার সম্পাদক খোকন প্রধান, মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস রেজা, ছাইকোলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব এবং মূলগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রনিসহ প্রমুখ।

প্রসঙ্গত, বুধবার (১ জুলাই) বিকেলে চাটমোহর উপজেলার মূলগ্রাম এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের খবর ছড়িয়ে পড়ে। পরে সেখানে গিয়ে কাউকে না পেয়ে এর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় মূলগ্রাম ইউনিয়ন বিএনপি।

পটিয়ায় একই দিনে ২ নারীর রহস্যজনক মৃত্যু

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
পটিয়ায় একই দিনে ২ নারীর রহস্যজনক মৃত্যু
ছবি : কালের কণ্ঠ

চট্টগ্রামের পটিয়ায় একই দিনে দুই নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। একজনকে কবরস্থান থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়। অন্যজনের মরদেহ পাওয়া যায় তার শ্বশুরবাড়িতে। দুই ঘটনারই কারণ জানতে তদন্ত করছে পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ল্যাংগার দোকানসংলগ্ন কবরস্থান থেকে অচেতন অবস্থায় সুমী আক্তার (২১) নামের এক তরুণীকে উদ্ধার করা হয়। তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।

নিহত সুমী কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের বাসিন্দা এবং মো. আব্দুল্লাহর স্ত্রী। প্রায় তিন মাস আগে তার বিয়ে হয়েছিল।

সুমীর চাচাতো ভাই মো. শওকত জানান, বিয়ের পর থেকে সুমী মানসিক সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তিনি বাবার বাড়ি থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যান। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারেন, তাকে পটিয়ার একটি কবরস্থান থেকে উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানান, সুমীর পাশ থেকে একটি বিষের বোতল পাওয়া গেছে। তবে পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, প্রাথমিক পরীক্ষায় বিষপানের কোনো সুস্পষ্ট আলামত পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন প্রয়োজন।

অন্যদিকে একই দিন উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ছবির মার্কেট এলাকার নিজ বাড়িতে সোনিয়া আক্তার (৩০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি মো. নুর ইসলামের স্ত্রী।

পুলিশ জানায়, সোনিয়ার মৃত্যুর ঘটনাটিও অস্বাভাবিক মৃত্যু হিসেবে তদন্ত করা হচ্ছে। মৃত্যুর পেছনে কোনো অপরাধ, পারিবারিক বিরোধ বা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, দুই ঘটনায় পৃথকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সুমীর মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনসহ অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

সৈয়দপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ | কালের কণ্ঠ