সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে কার্যকম নিষিদ্ধ এক আওয়ামী লীগ কর্মীসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মুলাদী থানার উপপরিদর্শক মনির হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার মামলা দায়ের করেছেন। ওই মামলায় আওয়ামী লীগ কর্মী রাসেদুল ইসলাম সেতু ভুঁইয়াকে প্রধান আসামি করা হয়। বাকি ১৪ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
এর আগে রাশেদকে বুধবার রাতে মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের রামারপুল বাজার থেকে গ্রেপ্তার করে। এরপরে তাকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নিয়ে যায় কিছু লোক। পুলিশ ওই দিন গভীর রাতে হ্যান্ডকাপ ফেরত পেলেও তাকে আটক করতে পারেনি। পরে আজ বৃহস্পতিবার সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে রাশেদসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়।
মুলাদী থানার ওসি মো. খন্দকার সোহেল রানা আসামি ছিনতাইয়ের সত্যতা স্বীকার করেছেন। তবে তিনি দাবি করেন, ঘটনার পরপরই পুলিশ হ্যান্ডকাপ ফেরত পেয়েছে।
তিনি জানান, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছিলো। সেতু ভুইয়া ওই মামলার এজাহারভুক্ত ৫ নাম্বার আসামী। তাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে এসআই মনির হোসেন বৃহস্পতিবার তাকে প্রধান আসামি করে ১৫ জনের নামে মামলা করেছেন। ওই মামলায় আসামি সেতুসহ অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।




