• ই-পেপার

রূপপুর পারমাণবিক প্রকল্পে ক্রেন দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

ঝিনাইদহে মাদকসহ গ্রেপ্তার ১

ঝিনাইদহ সংবাদদাতা
ঝিনাইদহে মাদকসহ গ্রেপ্তার ১
সংগৃহীত ছবি

ঝিনাইদহের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ মিজানুর রহমান মিজান (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) গভীর রাতে পৌর এলাকার নদীপাড়ায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটক মিজান কালীগঞ্জ পৌর এলাকার আড়পাড়ার নদীপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৪ জুন) রাত ১১টার দিকে কালিগঞ্জ থানার একটি চৌকস দল আড়পাড়ার নদীপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক কারবারি মিজানুর রহমানকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। ​মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার মিজানকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

কালিগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, ‘কালিগঞ্জকে মাদক মুক্ত করতে আমাদের মাদকবিরোধী অভিযান প্রতিনিয়তই চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে ১০ ইয়াবাসহ মিজানকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’

মেঘালয়সহ কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টি

সিলেটের তিন জেলায় আকস্মিক বন্যার শঙ্কা

স্থায়ী থাকতে পারে তিন-চার দিন

নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটের তিন জেলায় আকস্মিক বন্যার শঙ্কা
ফাইল ছবি।

ভারতের মেঘালয়সহ বিভিন্ন রাজ্যে ভারী বৃষ্টিপাত চলছে। এর প্রভাবে আগামী তিন-চার দিনের মধ্যে সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায়  নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। ফলে এই তিন জেলার বিভিন্ন অংশে আকস্মিক বন্যার প্রবল শঙ্কা দেখা দিয়েছে। 

তবে এ বন্যা তিন-চার দিনের বেশি স্থায়ী হবে না বলে আশাবাদ রয়েছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো), বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ সেন্টার (বিডাব্লিউডিবি) ও ভারতীয় আবহাওয়া সংক্রান্ত ওয়েবসাইটের তথ্য বিশ্লেষণে এমনটি দেখা গেছে। 

আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সিলেটে ২৬.৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়। সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় রেকর্ড করা হয় ৩২ মিলিমিটার বৃষ্টিপাত। 

আবহাওয়া সংক্রান্ত ভারতীয় ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয় প্রদেশে মাঝারি-ভারী থেকে ভারী এবং আগামী তিন-চার দিনের মধ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। 

পানি উন্নয়ন বোর্ড জানায়, দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীগুলোর পানি বেড়েছে। আগামী তিন দিন ধরে পানিবৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এই সময় সিলেট ও সুনামগঞ্জ জেলায় নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িক প্লাবিত হতে পারে। 

এদিকে, সিলেট বিভাগের সারিগোয়াইন ও জাদুকাটা নদীর পানি বেড়েছে। আগামী তিন দিন ধরে পানিবৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এছাড়া বেড়েছে মনু, ধলাই ও খোয়াই নদীর পানি। তবে আগামী তিন দিনে এসব নদীর পানির স্তর একই জায়গায় থাকতে পারে। এসময় খোয়াই নদী হবিগঞ্জ জেলায় সতর্কসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। 

পানি উন্নয়ন বোর্ড সিলেট কার্যালয়ের তথ্য বিশ্লেষণ করে  দেখা গেছে, সিলেটের বেশিরভাগ নদীর পানিই বাড়ছে। সোমবার (১৫ জুন) ভোর ৬টার তুলনায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নদীর পানি বাড়ে। এর মধ্যে কানাইঘাটে সুরমা নদীর পানি ভোর ৬টার তুলনায় দুপুর ১২টায় শূন্য দশমিক ৪ সেন্টিমিটার; সিলেটে সুরমা নদীর পানি ভোর ৬টার তুলনায় বিকেল ৩টায় শূন্য দশমিক ২৯ সেন্টিমিটার, বিয়ানীবাজারের শেওলায় কুশিয়ারা নদীর পানি ভোর ৬টার তুলনায় বিকেল ৩টায় শূন্য দশমিক ১৩ সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জে কুশিয়ারার শূন্য দশমিক ২ সেন্টিমিটার, শেরপুরে কুশিয়ারার শূন্য দশমিক ৫ সেন্টিমিটার, জৈন্তাপুরের সারিঘাটে সারিগোয়াইন নদীর পানি শূন্য দশমিক ১৪ সেন্টিমিটার, জাফলংয়ে পিয়াইন নদীর পানি শূন্য দশমিক ৮ সেন্টিমিটার, গোয়াইনঘাটে সারিগোয়াইন নদীর পানি শূন্য দশমিক ১৮ সেন্টিমিটার এবং কানাইঘাটে লোভাছড়ায় লোভা নদীর পানি শূন্য দশমিক ১৩ সেন্টিমিটার বাড়ে। তবে এখনো সবগুলো পয়েন্টে নদীর পানি বিপৎসীমার অনেক নিচে রয়েছে।

বন্যার শঙ্কার কথা নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ। কালের কণ্ঠকে তিনি বলেন, ‘বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ সেন্টার সোমবার সকালে জানায় আগামী এক সপ্তাহে বাংলাদেশের বৃষ্টিপাতের চেয়ে বড় দুশ্চিন্তা হচ্ছে মেঘালয়ের পার্বত্য অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হবে। এতে আগামী তিন দিন পর  সিলেটের সব নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পার।’ 

তবে বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা থাকলেও আশাবাদ ব্যক্ত করে নির্বাহী প্রকৌশলী বলেন, ‘এখন পর্যন্ত তথ্য অনুযায়ী নদ-নদীতে পানি বাড়লেও তা তিন চার দিনের বেশি স্থায়ী থাকবে না বলে আশা করা যাচ্ছে।’

রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত
সংগৃহীত ছবি

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর আমহাট পরিদর্শন করেছেন। মঙ্গলবার (১৬ জুন) সকাল ৯টায় তিনি উত্তরাঞ্চলের অন্যতম বড় এই আমের হাট পরিদর্শনে যান। এ সময় তিনি বিভিন্ন আড়ত ও দোকান ঘুরে দেখেন এবং আম ব্যবসায়ী ও চাষিদের সঙ্গে কথা বলেন। 

পরিদর্শনের সময় রাষ্ট্রদূতের সঙ্গে মার্কিন দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর এরিক গিলান, পলিটিক্যাল অফিসার চার্লস বেসনার্ডসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাট ঘুরে রাষ্ট্রদূত বিভিন্ন জাতের আম সম্পর্কে খোঁজখবর নেন। তিনি স্থানীয়ভাবে উৎপাদিত কয়েক জাতের আমের স্বাদও গ্রহণ করেন। এ সময় ব্যবসায়ী ও চাষিরা তাকে রাজশাহীর আম উৎপাদন, বাজারজাতকরণ ও রপ্তানির সম্ভাবনা সম্পর্কে জানান।

ব্যবসায়ীরা বলেন, মার্কিন রাষ্ট্রদূতের এ ধরনের সফর রাজশাহীর আমকে আন্তর্জাতিক অঙ্গণে আরো পরিচিত করতে সহায়ক হবে।

স্থানীয় কৃষকেরা বলেন, রাজশাহীর আমের স্বাদ ও গুণগত মান দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও পরিচিত। বিদেশি কূটনীতিকদের এমন আগ্রহ কৃষিপণ্য রপ্তানির সম্ভাবনা বাড়াবে।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিনি বলেন, ‘রাষ্ট্রদূত হিসেবে রাজশাহীতে এটি আমার প্রথম সফর। এর আগে ২০২০ সালে একবার এসেছিলাম। তবে এবার বিশেষভাবে আমের মৌসুমে এসেছি, কারণ আমি রাজশাহীর আমের স্বাদ নিতে চেয়েছিলাম। এখানে আসতে পেরে আমি সত্যিই আনন্দিত।’

তিনি জানান, তিনি যুক্তরাষ্ট্রের একটি কৃষিপ্রধান অঙ্গরাজ্য থেকে এসেছেন। কোনো পণ্য যেখানে উৎপাদিত হয়, সেখানে গিয়ে সেটি দেখা ও স্বাদ নেওয়ার অভিজ্ঞতার তুলনা নেই। সেখানে সবচেয়ে তাজা, বৈচিত্র্যময় ও সেরা পণ্য দেখার সুযোগ পাওয়া যায়।

বাংলাদেশের আম রপ্তানি প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘আমেরিকানরা আম খুব পছন্দ করে। তবে যুক্তরাষ্ট্রে সাধারণত হিমায়িত আম বেশি পাওয়া যায়, যা শেক তৈরিতে ব্যবহার করা হয়। তার মতে, যুক্তরাষ্ট্রে আম পাওয়া গেলেও রাজশাহীর মতো এত তাজা আম পাওয়া কঠিন।’

আম রপ্তানির সম্ভাবনা বাড়াতে বাংলাদেশে কোল্ড চেইন বা হিমাগার ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্ব দেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিনি বলেন, ‘সারা বছর আম সহজলভ্য রাখতে এবং হিমায়িত আম রপ্তানি বাড়াতে উন্নত কোল্ড চেইন ব্যবস্থা দরকার। এতে বাংলাদেশে আম উৎপাদন, সংরক্ষণ ও রপ্তানির সুযোগ আরো বাড়বে।’

শরীয়তপুর

কিশোরীর বিয়ে পড়ানোর দায়ে কাজির কারাদণ্ড

অনলাইন ডেস্ক
কিশোরীর বিয়ে পড়ানোর দায়ে কাজির কারাদণ্ড
সংগৃহীত ছবি

শরীয়তপুরের নড়িয়ায় ১৬ বছর বয়সী এক কিশোরী বাল্যবিয়ে দেওয়ার অভিযোগে মওলানা জাকির হোসেন নামে এক নিকাহ রেজিস্ট্রারকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সোমবার (১৫ জুন) বিকালে উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের নয়ন মাদবর কান্দী এলাকায় ওই কিশোরীর বিয়ের আয়োজন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে নড়িয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকী দাসের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই কিশোরীর সঙ্গে ৩৬ বছর বয়সী এক ব্যক্তির বিয়ের আয়োজনের সত্যতা মিললে তাৎক্ষণিকভাবে বাল্যবিবাহ বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালত।

ঘটনাস্থল থেকে বাল্যবিবাহ সম্পাদনের প্রমাণসহ একটি খসড়া রেজিস্টার খাতা জব্দ করা হয়েছে। এ ঘটনায় বর, তার বাবা-মা এবং স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এদিকে নিকাহ রেজিস্ট্রার মওলানা জাকির হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা ও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাইয়ুম খান জানান বাল্যবিবাহ একটি দণ্ডনীয় অপরাধ। এমন কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে ও দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

রূপপুর পারমাণবিক প্রকল্পে ক্রেন দুর্ঘটনায় নিহত ১, আহত ৩ | কালের কণ্ঠ