• ই-পেপার

শিবগঞ্জে ৩ ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

আবুধাবিতে অগ্নিকাণ্ডে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
আবুধাবিতে অগ্নিকাণ্ডে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু
দিদারুল ইসলাম চৌধুরী

চট্টগ্রামের রাউজান উপজেলার দক্ষিণ–পূর্ব রাউজানের বাসিন্দা দিদারুল ইসলাম চৌধুরী (৬০) আবুধাবির একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হয়েছেন। তিনি স্থানীয়ভাবে ‘বাইট্টা দিদার’ নামে পরিচিত ছিলেন। দিদারুল ইসলাম মরহুম সুলতান আহমদ সওদাগরের কনিষ্ঠ সন্তান এবং দীর্ঘ এক যুগ ধরে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তার মরদেহ সেখানকার পুলিশ উদ্ধার করে।

স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৭ জুন সকালে আবুধাবির আল মোল্লা সিটির একটি চারতলা আবাসিক ভবনে আগুন লাগে। অগ্নিকাণ্ডের সময় ভবনের অন্যান্য বাসিন্দারা দ্রুত বের হয়ে আসতে সক্ষম হলেও দিদারুল ইসলাম আর বের হতে পারেননি। ওই সময় তিনি ভবনের একটি টয়লেটে ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।

আগুন নিয়ন্ত্রণে আনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভবনটি সিলগালা করে দেয়। পরে দিদারুল ইসলামকে খুঁজে না পেয়ে তাঁর স্বজন ও সহকর্মীরা মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। ফোনে রিং হলেও তিনি সাড়া দেননি। এতে তাঁর অবস্থান নিয়ে উদ্বেগ তৈরি হয়।

পরদিন ১৮ জুন বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে ভবনের একটি টয়লেট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে আবুধাবি পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

নিহতের স্বজন শাহ আলম ও সাইফুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেন, আগুনের তাপ কিংবা ধোঁয়ার কারণে শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আবুধাবি প্রবাসী স্বজন আবু জাফর বলেন, ‘দিদার ভাইয়ের মরদেহ দেশে আনার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে। পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন।’

দিদারুল ইসলামের মৃত্যুতে তার পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
 

ভাতিজির বিয়েতে বরকে মিষ্টি মুখ করাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে চাচার মৃত্যু

নড়াইল সংবাদদাতা
ভাতিজির বিয়েতে বরকে মিষ্টি মুখ করাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে চাচার মৃত্যু
ছবি: কালের কণ্ঠ

নড়াইলে ভাতিজির বিয়ের অনুষ্ঠানের গেটে বরকে মিষ্টি মুখ করাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে নকুল মল্লিক (৫২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) রাত ৮টার দিকে সদর উপজেলার মুশুড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।  

নকুল মল্লিক একই গ্রামের সতীশ চন্দ্র মল্লিকের ছেলে। 

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে নকুল মল্লিকের ভাতিজির বিয়ের অনুষ্ঠান চলছিল। একই উপজেলার ধোপাখোলা এলাকা থেকে বরযাত্রীরা রাত আনুমানিক ৮টার দিকে বিয়ে বাড়ির গেটে পৌঁছায়। এসময় জামাইকে বরণ করতে অন্যদের সঙ্গে গেটে যান নকুল মল্লিক। জামাইকে মিষ্টি মুখ করাতে গিয়ে অসাবধানতাবশত গেটের সাজসজ্জায় ব্যবহৃত বিদ্যুতের তারে স্পর্শ লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
মাধবপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রতীকী ছবি

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় জাহির হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। 

শুক্রবার (১৯ জুন) দুপুরে উপজেলার হরিতলা এলাকার বাদশা গেট সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহির হোসেন (৩৫) ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের বাসিন্দা ফিরোজ মিয়ার ছেলে।

প্রত্যাক্ষদর্শি সূত্রে জানা যায়, জাহির হোসেন মোটরসাইকেল যোগে মাধবপুর হয়ে নিজ গন্তব্যে যাচ্ছিলেন। পথে হরিতলা এলাকার বাদশা গেট সংলগ্ন স্থানে পৌঁছালে একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ লাশ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে।

ক্রিকেটার নাঈমকে নির্যাতন : তদন্ত প্রতিবেদন জমার সময় বাড়ল ৪ দিন

অনলাইন ডেস্ক
ক্রিকেটার নাঈমকে নির্যাতন : তদন্ত প্রতিবেদন জমার সময় বাড়ল ৪ দিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে নির্যাতনের ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন নির্দিষ্ট সময়ে জমা পড়েনি। প্রতিবেদন জমা দিতে আরো ৪ দিন সময় দেওয়া হয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী কমিটিকে ২২ জুন প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

এর আগে ১৩ জুন তিন সদস্যের তদন্ত কমিটিকে পাঁচ কার্যদিবস, অর্থাৎ ১৮ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছিলেন সিএমপি কমিশনার।

শুক্রবার (১৯ জুন) কমিটির প্রধান সিএমপির উপকমিশনার (পশ্চিম) আলমগীর হোসেন বলেন, ক্রিকেটারকে মারধরের ঘটনায় গঠিত তদন্ত কমিটি সংশ্লিষ্ট ২৯ জনের সঙ্গে কথা বলেছে। তদন্ত প্রায় শেষ পর্যায়ে। যে তথ্যের ওপর ভিত্তি করে নাঈম হাসানকে তল্লাশি ও আটক করা হয়েছিল, সেই তথ্যটি কোন সংস্থা বা উৎস থেকে এসেছে, তা খুব গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। এ জন্য বাড়তি সময় চাওয়া হয়েছে। জড়িতদের সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।

গত ১২ জুন রাতের ফ্লাইটে ঢাকা থেকে চট্টগ্রাম বিমানবন্দরে নামেন নাঈম হাসান। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় বাসার উদ্দেশে রওনা হন। এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় লালখান বাজার এলাকায় পুলিশ অটোরিকশা থামিয়ে চালকের কাছ থেকে গাড়ির কাগজপত্র নেয়।

গাড়ি থেকে নামিয়ে নাঈম হাসানকে লাঠি ও পাইপ দিয়ে মারধর করেন খুলশী থানার এসআই শফিকুল ইসলাম ও পুলিশের সোর্স সোহেল। এক পর্যায়ে নাঈমকে থানায় নিয়ে যায় পুলিশ। সেখানেও তাঁকে হেনস্তা করা হয়। পরে বিসিবি কর্মকর্তাদের হস্তক্ষেপে থানা থেকে ছাড়া পান নাঈম। এ ঘটনায় এসআই শফিকুল ইসলাম ও কনস্টেবল রাসেল চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়। পরদিন রাতে খুলশী থানার ওসি আরিফুর রহমানকে প্রত্যাহার করা হয়। এ ছাড়া গ্রেপ্তার করা হয় পুলিশের সোর্স সোহেল হোসেন সরকারকে। তাঁকে ২০২৪ সালের ৫ আগস্ট দামপাড়া পুলিশ লাইন্সে হামলা এবং অস্ত্র ও গোলাবারুদ লুটের ঘটনায় পুলিশের করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গত শনিবার ওই মামলায় তাঁকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

ঘটনার পর নাঈম হাসানের চট্টগ্রাম নগরের চান্দগাঁও ফরিদারপাড়া এলাকায় গিয়ে তাঁকে মারধরের ঘটনায় দুঃখ প্রকাশ করেন সিএমপি কমিশনার শওকত আলী।

শিবগঞ্জে ৩ ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা | কালের কণ্ঠ