• ই-পেপার

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১

ঢাবিতে নীল দলের কার্যক্রম নিষিদ্ধ ও শাস্তির দাবিতে উপাচার্যকে স্মারকলিপি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাবিতে নীল দলের কার্যক্রম নিষিদ্ধ ও শাস্তির দাবিতে উপাচার্যকে স্মারকলিপি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন ‘নীল দল’-এর কার্যক্রম নিষিদ্ধ এবং সংগঠনটির চিহ্নিত শিক্ষকদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ‘ফ্যাসিবাদবিরোধী শিক্ষকমণ্ডলী’। সোমবার (২৭ জুলাই) তারা এই স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে নীল দলের বিরুদ্ধে গত দেড় দশকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের তল্পিবাহক হয়ে বিশ্ববিদ্যালয়ের স্বাধীন ও গণতান্ত্রিক পরিবেশ ক্ষুণ্ন করা, জুলাই গণ-অভ্যুত্থানে নগ্নভাবে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেওয়া এবং ভিন্নমতের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীদের ওপর নিপীড়নের অভিযোগ আনা হয়েছে।

জুলাই অভ্যুত্থান চলাকালে নীল দলের বিতর্কিত ভূমিকার কথা উল্লেখ করে স্মারকলিপিতে বলা হয়, ১৬ জুলাই আবু সাঈদসহ শত শত শিক্ষার্থী নিহতের পর ১ আগস্ট সংবাদ সম্মেলন করে নীল দলের শিক্ষকরা শিক্ষার্থীদের ‘রাষ্ট্রদ্রোহী মহলের ষড়যন্ত্রের ক্রীড়নক’ আখ্যা দিয়ে ছাত্রহত্যার পক্ষে অবস্থান নেন। পাশাপাশি সরকারের পদত্যাগ দাবি করায় সাদা দলের শিক্ষকদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার হুমকিও দিয়েছিলেন তারা। এ ছাড়া ৩ আগস্ট মানববন্ধন করে নীল দল শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করে আন্দোলনকারী শিক্ষার্থীদেরই নাশকতার জন্য দায়ী করে।

এক দফা দাবি ঘোষণার পর ৩ আগস্ট রাতে নীল দলের শিক্ষকরা গণভবনে গিয়ে তৎকালীন স্বৈরাচারী প্রধানমন্ত্রীকে প্রত্যক্ষভাবে সমর্থন দেন এবং কয়েকজন শিক্ষক আন্দোলনকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দেওয়ার সুপারিশ করেন বলে স্মারকলিপিতে অভিযোগ করা হয়। আন্দোলনকারীদের নির্যাতন করার উদ্দেশ্যে ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ ও সন্ত্রাসী ছাত্রলীগকে সরবরাহের অভিযোগও আনা হয় তাদের বিরুদ্ধে।

স্মারকলিপিতে আরো বলা হয়, ১৫ জুলাই শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের সশস্ত্র হামলার সময় প্রশাসন ও নীল দলের শিক্ষকরা কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো সন্ত্রাসীদের সহায়তা করেছেন। ১৭ জুলাই তড়িঘড়ি করে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের বিপদের মুখে ঠেলে দেওয়া হয়। তৎকালীন উপাচার্য মাকসুদ কামাল শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার বদলে তাদের বহিষ্কারের কথা বলেন। এ বিষয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে তার কথোপকথনের একটি অডিও রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে বলেও স্মারকলিপিতে জানানো হয়।

গত ১৭ বছরের কর্মকাণ্ড প্রসঙ্গে ফ্যাসিবাদবিরোধী শিক্ষকরা অভিযোগ করেন, নীল দলের শিক্ষকরা ভিন্নমতের ছাত্র সংগঠনের নেতাকর্মীদের তথ্য সন্ত্রাসীদের কাছে সরবরাহ করেছেন এবং সিনেট অধিবেশনে অমানবিক ‘গেস্টরুম’ ও ‘গণরুম’ সংস্কৃতিকে নির্লজ্জভাবে অস্বীকার করেছেন। এসব সংস্কৃতির প্রতিবাদ করা সাদা দলের শিক্ষকদের যৌক্তিক বক্তব্য তারা আক্রমণাত্মকভাবে এক্সপাঞ্জ করার মতো নজিরবিহীন ঘটনা ঘটিয়েছেন।

এ ছাড়া ভিন্নমতের শিক্ষকদের তারা পদে পদে হেনস্তা ও পদোন্নতি থেকে বঞ্চিত করেছেন। এসব কারণ উল্লেখ করে অবিলম্বে নীল দলের সকল কার্যক্রম নিষিদ্ধ ও জড়িত শিক্ষকদের দ্রুত শাস্তির জোর দাবি জানানো হয়।

ববির নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির

ববি প্রতিনিধি
ববির নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির
সহযোগী অধ্যাপক ড. আবদুল আলিম বছির। সংগৃহীত ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুল আলিম বছির।

সোমবার (২৭ জুলাই) বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) ড. মোছা. সানজিদা সুলতানা ও জিনিয়া খান ঝিনুক স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ড. আবদুল আলিম বছির নিজ বিভাগের দায়িত্ব পালনের পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করবেন। বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী তিনি এ দায়িত্বের জন্য নির্ধারিত ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করবেন। তাঁর যোগদানের তারিখ থেকেই এ আদেশ কার্যকর হবে।

একই আদেশে পূর্ববর্তী ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হুমায়ুন কবীরকে অতিরিক্ত দায়িত্ব সফলভাবে পালন করায় ধন্যবাদ জানিয়ে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে কর্মরত থেকে গত ২৯ এপ্রিল থেকে ২৭ জুলাই ২০২৬ (পূর্বাহ্ণ) পর্যন্ত ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব পালন করেন।

অফিস আদেশ অনুযায়ী, নির্ধারিত তারিখে বিদায়ী ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দায়িত্ব হস্তান্তর করবেন এবং নবনিযুক্ত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

উন্নয়নের মূল শক্তি জ্ঞান ও মেধা : তথ্যমন্ত্রী

ববি প্রতিনিধি
উন্নয়নের মূল শক্তি জ্ঞান ও মেধা : তথ্যমন্ত্রী
ছবি : কালের কণ্ঠ

প্রাকৃতিক সম্পদ নয়, উন্নয়নের মূল শক্তি হলো জ্ঞান ও মেধা বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ‘সম্পদ থাকলেও জ্ঞানের অভাবে তা বোঝায় পরিণত হতে পারে। মানুষই একমাত্র প্রাণী, যে তার জ্ঞান ও বুদ্ধিমত্তার প্রয়োগে পৃথিবীকে বদলে দিয়েছে। তাই টেকসই উন্নয়নের জন্য জ্ঞানচর্চার কোনো বিকল্প নেই।’

সোমবার (২৭ জুলাই) বিকেল ৪টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কীর্তনখোলা অডিটরিয়ামে আয়োজিত ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ১০৯ জন কৃতী শিক্ষার্থীর হাতে একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড-২০২৬’ তুলে দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।

শিক্ষার্থীদের উদ্দেশে জহির উদ্দিন স্বপন বলেন, ‘আজ যারা অ্যাওয়ার্ড পেয়েছো, তোমাদের অর্জনে আমরা গর্বিত। বর্তমান বিশ্ব শুধু সম্পদের ওপর নির্ভরশীল নয়; জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে থাকা দেশগুলোই বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। তাই জ্ঞানচর্চায় আরো মনোযোগী হতে হবে। আজকের মেধাবীরাই আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলবে।’

বিশেষ অতিথির বক্তব্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ বলেন, শিক্ষার্থীদের এই অর্জন কঠোর পরিশ্রমের ফল। সঠিক দিকনির্দেশনা ও পরিকল্পনা পেলে এসব মেধাবী শিক্ষার্থী দেশ-বিদেশে সাফল্যের মাধ্যমে দেশের জন্য গৌরব বয়ে আনবে।

জীববিজ্ঞান অনুষদের ডিন ও ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড-২০২৬’-এর আহ্বায়ক ড. হাফিজ আশরাফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন।

অনুষ্ঠানে অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশিকুর রহমান এবং কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইতি খান মিতু।

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক ও সহকারী প্রক্টর ড. গাজী মো. সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন ড. ধীমান কুমার রায়, প্রকৌশল অনুষদের ডিন ড. রাহাত হোসাইন ফয়সাল, কলা ও মানবিক অনুষদের ডিন ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. ইসরাত জাহান, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন মো. হারুন-অর-রশিদ, আইন অনুষদের ডিন ড. সরদার কায়সার আহমেদ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

কুবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক আমজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক বেলাল

কুবি প্রতিনিধি
কুবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক আমজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক বেলাল
অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার ও অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন (বাঁ দিক থেকে)। সংগৃহীত ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার ও কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন।

সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ (সংশোধিত-২০১৩)-এর ১১(ক)(১) ধারা অনুযায়ী উপ-উপাচার্য এবং ১২(১) ধারা অনুযায়ী কোষাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ—যেটি আগে হবে, ততদিন তারা দায়িত্ব পালন করবেন।

নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার কুমিল্লার হোমনা উপজেলার আলীপুর গ্রামের বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর এবং চীনের উহান ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে ট্যুরিজম মার্কেটিং বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার ৩০টির বেশি গবেষণা প্রবন্ধ দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে। এ ছাড়া তিনি সিন্ডিকেট সদস্য, বিভাগীয় প্রধান, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন, একাডেমিক কাউন্সিলের সদস্য, অর্থ কমিটির সদস্য, ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক, শিক্ষক সমিতির আহ্বায়ক এবং উচ্চশিক্ষা সেলের তত্ত্বাবধায়কসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে নবনিযুক্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা গ্রামের বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর এবং চীনের শিয়ামেন ইউনিভার্সিটি থেকে ২০১১ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বিষয়ে উচ্চতর পেশাগত যোগ্যতাও রয়েছে তার। ২০১১ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন। তার ৪১টির বেশি গবেষণা প্রবন্ধ দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি বিভাগীয় প্রধান, ডিন, অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য, অর্থ কমিটির সদস্য, প্রোগ্রাম ডিরেক্টর, কারিকুলাম চেয়ারম্যান এবং গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালকসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।

প্রজ্ঞাপন জারির পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপাচার্য, নবনিযুক্ত উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনের শুরুতেই নবনিযুক্ত দুই কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকেই উপাচার্য, কোষাধ্যক্ষ এবং আমি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। নানা প্রতিকূলতা সত্ত্বেও আমরা নিষ্ঠার সঙ্গে আমাদের দায়িত্ব পালন করেছি। আমাদের লক্ষ্য ‘স্টুডেন্ট ফার্স্ট’ নীতিকে বাস্তবায়ন করা। তাই শিক্ষার্থীদের কল্যাণ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং সার্বিক মানোন্নয়নে যা যা প্রয়োজন, তা করতে আমরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব। শুধু বক্তব্যে নয়, কার্যকর উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করছি।’

উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত, আমার ‘স্টুডেন্ট ফার্স্ট’ নীতিকে ওনারা স্বাগত জানিয়েছেন। আমাদের কোষাধ্যক্ষ একজন মেধাবী শিক্ষক এবং বর্তমানে ডিনের দায়িত্বও পালন করছেন। আশা করি তিনি সঠিকভাবে দায়িত্ব পালন করবেন। আমি আজকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক শৃঙ্খলা ফেরানো এবং মানোন্নয়নের দায়িত্ব উপ-উপাচার্যকে প্রদান করছি। আশাকরি তিনি আমাদের বিশ্ববিদ্যালয়কে একটি মডেল বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে সহযোগিতা করবেন। আমি নবনিযুক্ত উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষকে আবারও অভিনন্দন জানাই। আশাকরি তারা সফলভাবে তাদের দায়িত্ব পালন করবেন।’

সর্বশেষ সংবাদ
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১ | কালের কণ্ঠ