চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে (বিইজেড) আরো একটি বিদেশি বিনিয়োগ যুক্ত হয়েছে। ইতালি ও আয়ারল্যান্ডের যৌথ মালিকানাধীন ডেল্টাপোর্ট ফুটওয়্যার লিমিটেড সেখানে আধুনিক জুতা উৎপাদন কারখানা স্থাপনে ২ কোটি ১৬ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে।
মঙ্গলবার (৩০ জুন) ঢাকার বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং ডেল্টাপোর্ট ফুটওয়্যার লিমিটেডের মধ্যে ভূমি ইজারা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তিতে বেপজার পক্ষে নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং ডেল্টাপোর্ট ফুটওয়্যার লিমিটেডের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা জুনায়েদ ইকবাল উমরানি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।
বেপজা জানায়, নতুন কারখানাটি পূর্ণাঙ্গ উৎপাদনে গেলে প্রায় ৪৬৮ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। কারখানায় বছরে প্রায় ৩০ লাখ জোড়া বিভিন্ন ধরনের ইনজেক্টেড, সিমেন্টেড, ক্যাজুয়াল, ফরমাল, লেডিস ও সেফটি জুতা উৎপাদন করা হবে।
প্রতিষ্ঠানটির সম্ভাব্য বার্ষিক রপ্তানি আয় ৩ কোটি ৭৫ লাখ মার্কিন ডলার। উৎপাদিত জুতা ইতালি, যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশ, যুক্তরাষ্ট্র ও কলম্বিয়ার বাজারে রপ্তানি করা হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, বিনিয়োগকারীদের জন্য আরো সহজ, আধুনিক ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বেপজা অবকাঠামো, সেবা ও বিনিয়োগ সুবিধার উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করছে।
তিনি আশা প্রকাশ করেন, নতুন এই বিনিয়োগ দেশের রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
ডেল্টাপোর্ট ফুটওয়্যার লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা জুনায়েদ ইকবাল উমরানি জানান, বাংলাদেশে এটি তাদের তৃতীয় বিনিয়োগ এবং তিনটিই বেপজার আওতাধীন অঞ্চলে। ব্যবসা সম্প্রসারণের জন্য ভারত ও ভিয়েতনামসহ বিভিন্ন দেশ মূল্যায়ন করা হলেও বিনিয়োগবান্ধব পরিবেশ, দক্ষ সেবা, নির্ভরযোগ্য অবকাঠামো এবং ইতিবাচক অভিজ্ঞতার কারণে বাংলাদেশকেই বেছে নেওয়া হয়েছে।
তিনি আরো জানান, ২০১৩ সালে কুমিল্লা ইপিজেডে ইস্টপোর্ট লিমিটেডের মাধ্যমে তাদের প্রথম বিনিয়োগের পর বেপজার সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রতিষ্ঠানটির আস্থা আরো বৃদ্ধি করেছে। সেই ধারাবাহিকতায় নতুন এই বিনিয়োগ বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ডেল্টাপোর্ট ফুটওয়্যারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





