রাজধানীর যাত্রাবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর মারধরে রিফাত (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় যাত্রাবাড়ীর রায়েরবাগ খানবাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রিফাত পটুয়াখালীর দশমিনা উপজেলার চানপুর গ্রামের হাসেম মৃধার ছেলে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে রায়েরবাগ খানবাড়ি মোড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি স্থানীয় একটি কারখানায় কাজ করতেন।
নিহতের বাবা হাসেম মৃধা জানান, সন্ধ্যায় বাসার সামনে রাস্তায় বসে ছিলেন রিফাত। এ সময় প্রতিবেশী শাকিল এসে তাকে উদ্দেশ্য করে বলেন, ‘এখানে বসে কী করছিস, গাঁজা খাবি নাকি?’ জবাবে রিফাত বলেন, ‘আমি গাঁজা খাই না, তোরা খাস।’ এ কথা বলার পর শাকিল তাকে গালাগাল ও মারধর করেন। প্রথম দফায় বিষয়টি মীমাংসা করা হলেও পরে শাকিল আবার এসে রিফাতকে কিল-ঘুষি ও লাথি মারলে তিনি অচেতন হয়ে পড়েন।
তিনি আরো জানান, পরে তিনি ও তার আরেক ছেলে রিয়াজ রিফাতকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিক্যালে নেওয়া হলে রাত সোয়া ৯টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের অভিযোগ, অভিযুক্ত শাকিল অটোরিকশাচালক এবং মাদক সেবন করতেন। ঘটনার পর তিনি ও তার পরিবারের সদস্যরা বাসায় তালা দিয়ে পালিয়ে গেছেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।




