• ই-পেপার

নারী সংস্কার কমিশনের সুপারিশ বাতিলের আহ্বান জামায়াত আমিরের

একই পরিবারের চারজনকে কুপিয়ে হত্যা, জামায়াতের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
একই পরিবারের চারজনকে কুপিয়ে হত্যা, জামায়াতের শোক প্রকাশ

লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের ধানহাটা সংলগ্ন এলাকায় একই পরিবারের চারজনকে কুপিয়ে হত্যার ঘটনায় শোক প্রকাশ করেছে জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (২৫ জুন) এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই শোক প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘আজ ২৫ জুন সকালে লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের ধানহাটা সংলগ্ন এলাকায় সংঘটিত মর্মান্তিক ও হৃদয়বিদারক হত্যাকাণ্ডের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত ও ব্যথিত। একটি ভাড়া বাসায় প্রবেশ করে মা শাহীনুর বেগম এবং তার তিন নিষ্পাপ কন্যা—ছায়মা আক্তার, ইকরা বেগম ও সিপা আক্তারকে যেভাবে নির্মম, পাশবিক ও রক্তাক্ত কায়দায় হত্যা করা হয়েছে, তা মানবতার বিবেককে নাড়া দিয়েছে এবং সমগ্র জাতিকে স্তম্ভিত করেছে।’

তিনি বলেন, ‘একজন মায়ের সঙ্গে তার তিন কন্যার নিথর দেহ পড়ে থাকার দৃশ্য বিবেকবান মানুষের হৃদয়কে বিদীর্ণ করেছে। এই নির্মম হত্যাকাণ্ডের মাধ্যমে পুরো একটি পরিবার এক মুহূর্তেই নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। এমন নৃশংস ও বর্বর হত্যাকাণ্ড সভ্য সমাজে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই বিভীষিকাময় ঘটনায় পুরো রায়পুরবাসী শোকাহত, আর দেশের মানুষ গভীর বেদনা ও ক্ষোভে মুহ্যমান। নিষ্পাপ নারী ও শিশুদের ওপর এমন বর্বরোচিত হামলা মানবিক মূল্যবোধের ওপর এক জঘন্য আঘাত।’

তিনি আরো বলেন, ‘আমি নিহত শাহীনুর বেগম ও তার তিন কন্যার রুহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাআলা যেন তাদের শহীদের মর্যাদা দান করেন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করেন। একই সঙ্গে তাদের শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন ও স্বজনহারাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের এই অসহনীয় শোক, বেদনা ও অপূরণীয় ক্ষতি ধৈর্যের সঙ্গে বহন করার তাওফিক দান করেন।’

গোলাম পরওয়ার বলেন, ‘আমি এই ভয়াবহ ও বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য দ্রুত উদঘাটন করে দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সাধারণ মানুষের জান-মাল ও নিরাপত্তা নিশ্চিতকরণে আরো কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।’

তিনি আরো বলেন, ‘অন্যদিকে একই দিনে আরেক মর্মান্তিক দুর্ঘটনায় দুপুর দেড়টার দিকে দিনাজপুরের পার্বতীপুরে আরো তিনজন প্রাণ হারিয়েছেন। নদীতে গোসল করতে নেমে একই পরিবারের দুই বোন ও তাদের ভাবির আকস্মিক মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক। এ ঘটনায় নিহত দুলালী খাতুন, সুরভী খাতুন এবং সুমাইয়া আক্তারের (আকলিমা বেগম) রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানাচ্ছি।’

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক সই

নিজস্ব প্রতিবেদক
বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক সই

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) সই হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) চীনের স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই (Diaoyutai) অতিথি ভবনে এ সমঝোতা স্মারক সই হয়।

বিএনপির পক্ষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) হুমায়ুন কবির এবং চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং সমঝোতা স্মারকে সই করেন।

এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এবং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এটি দুই দলের মধ্যে প্রথমবারের মতো সই হওয়া কোনো সমঝোতা স্মারক।

জ্ঞানার্জনের পাশাপাশি নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানতে হবে : প্রিন্স

নিজস্ব প্রতিবেদক
জ্ঞানার্জনের পাশাপাশি নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানতে হবে : প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না, নিজেদের সংস্কৃতি  ও ঐতিহ্য সম্পর্কেও জানতে, ভালোবাসতে ও চর্চা করতে হবে।

তিনি বলেন, যে জাতি তার সংস্কৃতিকে ধারণ করে, সে জাতি কখনো পথ হারায় না। নতুন প্রজন্ম যদি নিজের শেকড়কে ভুলে যায়, তাহলে সে জাতির অগ্রগতি কখনোই পরিপূর্ণ হতে পারে না।  

আজ বৃহস্পতিবার ময়মনসিংহ আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কলেজ পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রোকনুজ্জামান সরকার, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশতাক আহমেদ বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে শিক্ষিত, মানবিক, সংস্কৃতিবান, ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন জাতি গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন বিএনপির এই যুগ্ম মহাসচিব।

তিনি বলেন, মানুষের কল্যাণে সামান্য হলেও অবদান রাখার মানসিকতা গড়ে তুলতে হবে। সমাজের অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে হবে। মানবিকতা, সহমর্মিতা ও দায়িত্ববোধ একজন শিক্ষিত মানুষের সবচেয়ে বড় পরিচয়।

প্রিন্স বলেন, শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য নয়; শিক্ষা মানুষকে আলোকিত করে, মানবিক করে এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে। বর্তমান বিশ্ব জ্ঞান, প্রযুক্তি ও দক্ষতার বিশ্ব। তাই শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে হবে।

তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস, কুসংস্কার ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে সুস্থ সংস্কৃতি, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের বিকশিত করতে হবে। তোমরাই আগামী দিনের বাংলাদেশ। তোমাদের হাত ধরেই গড়ে উঠবে একটি আধুনিক, সমৃদ্ধ ও মানবিক রাষ্ট্র।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-চীনের সম্পর্ক আরো জোরদার হবে : রিজভী

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ-চীনের সম্পর্ক আরো জোরদার হবে : রিজভী
সংগৃহীত ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা রুহুল কবীর রিজভী বলেছেন, চীনের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরো জোরদার হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের চলমান চীন সফর এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বৃহস্পতিবার (২৫ জুন) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, চীনের শিল্প অবকাঠামো ও সেবা খাতে বড় ধরনের বিনিয়োগ রয়েছে এবং দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ১৮ বিলিয়ন ডলার। এ কারণে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরো শক্তিশালী হবে।

তিনি বলেন, চীনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তা বিশ্বনেতাদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। বিশেষ করে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তার বক্তব্য এবং এ ক্ষেত্রে বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করেছেন বিশ্বনেতারা। নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুতের ওপর কর-সুবিধা প্রদান জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বড় অবদান।

২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় ২০ শতাংশ সৌরবিদ্যুৎ থেকে পাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

রিজভী বলেন, চীন অন্য দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে না। তার মতে অতীতে একমুখী পররাষ্ট্রনীতির পরিবর্তে এখন বহুমুখী পররাষ্ট্রনীতির প্রতিফলন দেখা যাচ্ছে। জিয়াউর রহমান যে বহুমুখী পররাষ্ট্রনীতির সূচনা করেছিলেন, তারেক রহমান সে ধারাই অনুসরণ করছেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রেখে স্বাধীন পররাষ্ট্রনীতি বাস্তবায়নের যে নীতি গ্রহণ করা হয়েছে, বর্তমান কূটনৈতিক কার্যক্রমে তারই প্রতিফলন দেখা যাচ্ছে। তিনি মনে করেন, এই সফর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং চীনের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করবে।

সংবাদ সম্মেলনে দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক বিষয় নিয়েও কথা বলেন রিজভী। তিনি বলেন, এমন পদক্ষেপ গ্রহণ করতে হবে যাতে সাধারণ, গরিব ও নিম্ন আয়ের মানুষের ভরণপোষণ নিশ্চিত হয়।

মুদির দোকানকে ভ্যাটের আওতায় আনার বিষয়ে আপত্তি জানিয়ে রিজভী বলেন, ছোট ছোট মুদির দোকানের আয় খুবই সীমিত। তাই তাদের ভ্যাটের আওতায় আনা উচিত হবে না। তবে যারা কর দেওয়ার সক্ষমতা রাখেন কিন্তু বিভিন্ন কারণে করের বাইরে থেকে যাচ্ছেন, তাদের করের আওতায় আনার পক্ষে মত দেন তিনি।

রিজভী বলেন, জনগণের সুখ-দুঃখ ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই সরকার পরিচালিত হবে। নানা ষড়যন্ত্র ও চক্রান্তের পরও বিএনপিকে ধ্বংস করা যায়নি এবং দলের জনপ্রিয়তায়ও ধস নামানো সম্ভব হয়নি।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, কলকাতায় অবিভক্ত বাংলার শেষ প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জাতীয় নেতা হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দীর নামে একটি সড়ক ছিল। সেই নাম পরিবর্তন করা হয়েছে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে আওয়ামী লীগের কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি উল্লেখ করে রিজভী বলেন, উপমহাদেশের একজন খ্যাতিমান নেতার নামে থাকা একটি সড়কের নাম পরিবর্তন করা রুচিবিরোধী কাজ। 

তিনি বলেন, বাংলাদেশে ভারতের বিভিন্ন নেতার নামে প্রতিষ্ঠানের নাম এখনো বহাল রয়েছে এবং বাংলাদেশ এ ক্ষেত্রে শিষ্টাচারের পরিচয় দিয়েছে।

নারী সংস্কার কমিশনের সুপারিশ বাতিলের আহ্বান জামায়াত আমিরের | কালের কণ্ঠ