• ই-পেপার

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন আজ, ঘোষণা হতে পারে রায়ের তারিখ

শহীদ ওয়াসিম হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি আজ

অনলাইন ডেস্ক
শহীদ ওয়াসিম হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি আজ
জুলাই বিপ্লবে চট্টগ্রামে নিহত ছাত্রদল নেতা ওয়াসিম। ছবি : সংগৃহীত

জুলাই বিপ্লবে চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম আকরামসহ ছয়জনকে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ বৃহস্পতিবার। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে এই শুনানি অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই শুনানি পরিচালনা করবে রাষ্ট্রপক্ষ (প্রসিকিউশন)। প্যানেলের অন্য সদস্যরা হলেন—বিচারক মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নুর মোহাম্মদ শাহরিয়ার কবির শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।

মামলায় মোট ২২ জন আসামির মধ্যে বর্তমানে ৫ জন কারাগারে রয়েছেন। তারা হলেন—চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, দেবাশীষ পাল দেবু এবং মো. ফিরোজ। শুনানির জন্য আজ তাদের কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হবে।

এ মামলায় পলাতক রয়েছেন সাবেক মন্ত্রী হাছান মাহমুদ ও মহিবুল হাসান চৌধুরী নওফেল ছাড়াও আরো ১৫ জন আসামি। তারা হলেন—চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন ও রেজাউল করিম চৌধুরী, মহিউদ্দিন বাচ্চু, হেলাল আকবর, নুরুল আজিম রনি, শৈবাল দাশ সুমন, আবু ছালেক, এসবারুল হক, এইচএম মিঠু, নূর মোস্তফা টিনু, জমির উদ্দিন, ইমরান হাসান মাহমুদ, জাকারিয়া দস্তগীর, মহিউদ্দিন ফরহাদ ও সুমন দে।

পলাতক ১৭ আসামিকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য গত ৩ মে দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছিল। তারা হাজির না হওয়ায় গত ১৩ মে তাদের পলাতক বিবেচনা করে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগের আদেশ দেয় আদালত। একই সঙ্গে অভিযোগ গঠনের শুনানির জন্য আজকের দিন (৪ জুন) ধার্য করা হয়।

গত ৫ এপ্রিল প্রসিকিউশন এই মামলায় ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগপত্র) দাখিল করে। পরবর্তীতে ৭ এপ্রিল ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো আমলে নেয়। ২২ জন আসামির বিরুদ্ধে মূলত তিনটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগ, ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত এবং মো. ফারুক হত্যা। দ্বিতীয় অভিযোগ, ২০২৪ সালের ১৮ জুলাই তানভীর সিদ্দিকী, মো. সাইমন ও হৃদয় চন্দ্রকে হত্যা। তৃতীয় অভিযোগ, একই সময়কালে শতাধিক মানুষকে গুরুতর ও নৃশংসভাবে আহত করা।

বৈধতা চ্যালেঞ্জ রিট খারিজ, বাধা নেই ৭ জুন বিসিবির নির্বাচনে

নিজস্ব প্রতিবেদক
বৈধতা চ্যালেঞ্জ রিট খারিজ, বাধা নেই ৭ জুন বিসিবির নির্বাচনে
সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করা রিট উত্থাপিত হয়নি উল্লেখ করে তা খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট আজ বুধবার এই আদেশ দেন। ফলে আগামী ৭ জুন বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন হতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন বিসিবির আইনজীবী মাহিন এম রহমান।

এর আগে গত ৬ মে সাধারণ পরিষদ গঠন এবং পরিচালনা পর্ষদ নির্বাচনে বিসিবির সাধারণ পরিষদে ‘কাউন্সিলর’-এর নাম মনোনয়নের জন্য বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থার সভাপতিকে (জেলা প্রশাসক) চিঠি দেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা। এ চিঠি প্রত্যাহার ও নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে গত ১৮ মে রিটটি করেন আরমানুল ইসলাম নয়নসহ ৬ জন আবেদনকারী। তারা বিসিবির সাধারণ পরিষদে ২০২৫-২৯ মেয়াদের জন্য যথাযথভাবে কাউন্সিলর হিসেবে মনোনীত বা নিযুক্ত হয়েছেন বলে রিটে উল্লেখ করা হয়।

গত মঙ্গলবার শুনানির পর গতকালও রিটে শুনানি হয়। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ অনীক রুশদ হক। আর বিসিবির পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মাহিন এম রহমান।

পরে আইনজীবী মাহিন এম রহমান সাংবাদিকদের বলেন, ‘উভয় পক্ষের শুনানি শেষে রিট আবেদনটি খারিজ করা হয়েছে। ফলে উক্ত রিট পিটিশনের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর চলমান কার্যক্রম এবং ২০২৬ সালের বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন সংক্রান্ত কার্যক্রম পরিচালনায় কোনো আইনগত বাধা বা প্রতিবন্ধকতা নেই।’

ফ্ল্যাটে বৃদ্ধার মরদেহ উদ্ধার, চার সন্তানকে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক
ফ্ল্যাটে বৃদ্ধার মরদেহ উদ্ধার, চার সন্তানকে আইনি নোটিশ
প্রতীকী ছবি

রাজধানীর মিরপুরের একটি ফ্ল্যাট থেকে নূরজাহান বেগম (৭৫) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধারের ঘটনায় তার চার সন্তানকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। দীর্ঘ সময় নিঃসঙ্গ অবস্থায় থাকার পর তার মৃত্যু হয় বলে জানা গেছে। আগামী সাত দিনের মধ্যে এই মৃত্যুর বিষয়ে সন্তানদের কারণ দর্শাতে বলা হয়েছে।

বুধবার (৩ জুন) সুপ্রিম কোর্ট ও নিম্ন আদালতের আইনজীবীদের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি এই নোটিশ পাঠান। নোটিশে ওই বৃদ্ধার চিকিৎসা ও সার্বিক দেখভালে সন্তানদের ভূমিকা কী ছিল, তা লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

আইনি নোটিশ পাওয়া চার সন্তান হলেন খুলনা সমুদ্রবন্দরের যুগ্ম সচিব ড. এ কে এম আনিসুর রহমান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক অধ্যাপক ড. এ কে এম আশিকুর রহমান, কানাডা প্রবাসী কে এম আতিকুর রহমান এবং স্কুলশিক্ষিকা ফাতিমা নাসরিন সুলতানা।

নোটিশে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মাধ্যমে জানা গেছে, মিরপুর-৬ নম্বরের একটি ফ্ল্যাটে দীর্ঘ সময় নিঃসঙ্গ অবস্থায় থাকার পর নূরজাহান বেগম মৃত্যুবরণ করেন। মৃত্যুর প্রায় সাত দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়। একাধিক প্রতিষ্ঠিত সন্তান জীবিত থাকা সত্ত্বেও এই বৃদ্ধা প্রয়োজনীয় দেখভাল ও মানবিক সান্নিধ্য থেকে বঞ্চিত ছিলেন, যা ‘পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩’ এবং সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারের চরম লঙ্ঘন। একজন মায়ের মৃত্যুর পরও দীর্ঘ সময় তার মরদেহ এভাবে পড়ে থাকা সভ্য সমাজের জন্য অত্যন্ত লজ্জাজনক।

নোটিশে আরো উল্লেখ করা হয়, আগামী সাত দিনের মধ্যে ওই বৃদ্ধার চিকিৎসা, পরিচর্যা ও সার্বিক তত্ত্বাবধানে কী ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং মৃত্যুর পূর্বে সন্তানদের ভূমিকা কী ছিল, সে বিষয়ে সন্তোষজনক কারণ দর্শাতে হবে। অন্যথায় প্রবীণ নাগরিকের অধিকার সুরক্ষায় মানবাধিকার কমিশন, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও উচ্চ আদালতসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আত্মপক্ষ সমর্থন শুনানি শেষ

সোহেল বললেন, ‘আমার সঙ্গে ডলার ছিল, তাকে আপনারা ধরেন’

নিজস্ব প্রতিবেদক
সোহেল বললেন, ‘আমার সঙ্গে ডলার ছিল, তাকে আপনারা ধরেন’

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থন শুনানি শেষ হয়েছে।

বুধবার (৩ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে আসামিদের উপস্থিতিতে এসংক্রান্ত শুনানি হয়।

শুনানি শেষে আগামীকাল বৃহস্পতিবার যুক্তিতর্কের জন্য দিন ধার্য করেন আদালত। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী পঙ্কজ পিটার গোমেজ এ তথ্য নিশ্চিত করেন।

আদালতে শুনানি শেষে বিচারক জানতে চান—আসামি সোহেল রানার কাছে কোনো কথা আছে কি না। এ সময় আসামি আদালতে আবারও ‘ডলার’ নামক একজনকে আটক করতে বলেন।

ডলারের পরিচয় সম্পর্কে শুনানি শেষে এই মামলার রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু বলেন, ‘ডলারের নামটি আসামি সোহেল রানা তার জবানবন্দিতে বলেননি, চার্জশিটেও নেই। ডলার একটি দেশের মুদ্রার নাম, এটি কোনো ব্যক্তি কি না, সেটা যাচাই করতে হবে আগে।’

আইনজীবী আরো বলেন, ‘আসামি সোহেল রানা আজ আদালতে তার দোষ স্বীকার করে মাফ চেয়েছেন। আদালত যুক্তিতর্কের জন্য আগামীকাল দিন ধার্য করেছেন।’

অপরদিকে, রাষ্ট্র নিযুক্ত আসামিপক্ষের আইনজীবী শুনানি শেষে সাংবাদিকদের বলেন, ‘সোহেল রানা আদালতে যা বলেছেন, তাতে দোষ স্বীকারই করে নিয়েছেন।’

আত্মপক্ষ সমর্থন শুনানিতে আদালতে সোহেল রানার কাছে বিচারক জানতে চান, আপনার কিছু বলার আছে কি না। সোহেল বলেন, ‘জি স্যার, আমি নির্দোষ। আমার সঙ্গে যে ছিল ডলার, তাকে আপনারা ধরেন। আমি দোষ করিনাই তা না, আমিও দোষ করেছি। আমারে মাফ করে দিয়েন, আমার একটা ছোটো ছাওয়াল আছে, আমার বউটা একদম নির্দোষ।’

পরে তার স্ত্রী স্বপ্না আক্তারের কোনো কথা আছে জানতে চাওয়া হয়। তিনি বলেন, ‘আমি কিছু করিনাই, আমি নির্দোষ।’

এদিন সকালে সোহেল রানাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার এবং স্বপ্নাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার আদালতে আনা হয়। তাদের মহানগর হাজতখানায় রাখা হয়। পরে ১০টা ৪৭ মিনিটে সোহেল রানাকে ও তার স্ত্রী স্বপ্নাকে ১০টা ৫৭ মিনিটে হাজতখানা থেকে আদালতে তোলা হয়।