মুন্সীগঞ্জে কিশোরীকে প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করে টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগে তিন প্রতারককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের কার্যলয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মেনহাজুল আলম। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নগরপাড়া গ্রামের শাহীনের ছেলে ফেরদৌস আলম হামিম, মুন্সীগঞ্জ সদরের চরকেওয়ার গজারকান্দি এলাকার ফারুখ সরকার লিটনের ছেলে হোসেন শাওন তাজ সরকার বাবু ও মুন্সীগঞ্জ শহরের মালপাড়া এলাকার মৃত গবিন্দ মুখার্জির ছেলে সুধাংশ মুখার্জি। পুলিশ সুপার জানান, এক কিশোরীর সঙ্গে হামিমের ইনস্টাগ্রামের মাধ্যমে পরিচয় হয়। পরবর্তী সময়ে তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। সেই সুযোগে হামিম ও তাঁর সহযোগীরা কিশোরীকে ব্ল্যাকমেইল করে টাকা ও স্বর্ণ হাতিয়ে নেন। পরে অভিযোগ পেয়ে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে।

