• ই-পেপার

অ্যাম্বুলেন্স ভাড়া বাড়ল ৩০ শতাংশ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া ও ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মূলগ্রাম ইউনিয়নের নেয়ামতপুর গ্রামে সোমবার সকালে কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন নেয়ামতপুর গ্রামের জমির হোসেনের ছেলে নুরু মিয়া ও মর্জু মিয়ার ছেলে সানাউল্লাহ। জানা যায়, গ্রামের মতি সরকারের স্ত্রীর দাফনের জন্য কবর খুঁড়তে গিয়ে স্টেইনলেস স্টিলের (এসএস) একটি শিল্ডের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে আসেন। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এদিকে ফরিদপুরের ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিয়াস কাজী নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ভাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ভারইডাঙ্গা মহল্লায় সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত পিয়াস ওই মহল্লার জাহাঙ্গীর কাজীর ছোট ছেলে। বাড়ির নির্মীয়মাণ ভবনে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিয়াস কাজীর মৃত্যু হয়।

 

বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ

সরকারি সুবিধা এবং বিভিন্ন রকমের কার্ড দেওয়ার কথা বলে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়া সেই বিএনপি নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি হুমায়ন কবির। গতকাল সোমবার বিকেলে নিজ দলীয় কার্যালয়ে হুমায়ন কবির সংবাদ সম্মেলন করে বিএনপি নেতা সোহেল রানার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান। জানা যায়, সোহেল ২০২৪ সালের ৫ আগস্টের পর  ভাঙ্গুড়া বাজার, ভেড়ামারা ও পারভাঙ্গুড়া গ্রামের অর্ধশতাধিক মানুষকে ভিজিডি কার্ড, পানির পাম্প, সরকারি প্রকল্পের ঘরসহ বিভিন্ন সরকারি সুবিধা দেওয়ার কথা বলে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নেন। হুমায়ন কবির বলেন, দলের পদে থাকা একজন নেতার এমন অনৈতিক কর্মকাণ্ডের কারণে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। তাই অভিযুক্ত নেতাকে দল থেকে বহিষ্কার করা প্রয়োজন।

রংপুর মেডিক্যালে ইন্টার্নদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুর মেডিক্যালে ইন্টার্নদের কর্মবিরতি

রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা মাসিক ভাতা বৃদ্ধি, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণসহ ছয় দফা দাবিতে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। গতকাল সোমবার সকালে হাসপাতালের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় এবং চিকিৎসাসেবায় কিছুটা চাপ দেখা দেয়। ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, তাঁরা প্রতিদিন ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করে রোগীদের চিকিৎসাসেবা দিলেও বর্তমান বাজারমূল্য ও জীবনযাত্রার ব্যয়ের তুলনায় তাঁদের ভাতা অত্যন্ত অপ্রতুল। এতে অনেক ইন্টার্ন চিকিৎসককে আর্থিক সংকটে পড়তে হচ্ছে বলে দাবি করেন তাঁরা। ইন্টার্ন ডক্টরস সোসাইটি রংপুর মেডিক্যাল কলেজের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের সভাপতি ডা. সাদমান মীর মিরাজ, সাধারণ সম্পাদক নাঈম শাহরিয়ার এবং কোষাধ্যক্ষ আবু বক্করসহ অন্য নেতারা।

 

 

বাবাকে ভুল বুঝিয়ে জমি লিখে নিলেন ছেলে ফেরত চাওয়ায় মারধর

ভোলা প্রতিনিধি
বাবাকে ভুল বুঝিয়ে জমি লিখে নিলেন ছেলে ফেরত চাওয়ায় মারধর

ভোলার বোরহানউদ্দিনে বাবার অসুস্থতার সুযোগে ভুল বুঝিয়ে জমি লিখে নিয়েছেন ছেলে। বিষয়টি টের পেয়ে জমি ফেরত পেতে আদালতে মামলা করলে উল্টো মা-বাবার ওপর হামলা চালিয়েছেন ছেলে জামাল হোসেন। গত শুক্রবার উপজেলার দেউলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা গেছে, ছেলে জামাল হোসেন আদালত আমার হাতের তালুতে বলে দম্ভোক্তি করেন। এ সময় ১২ থেকে ১৫ জন বহিরাগত লোকজন নিয়ে বাড়ির সীমানাপ্রাচীর ভেঙে ঘরে ঢুকে মালপত্র লুটসহ মা-বাবার ওপর হামলা করেন তিনি। এ ঘটনায় বাবা আনোয়ার হোসেন ছেলের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।