বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের পশ্চিমবঙ্গে শুভেচ্ছা উপহার হিসেবে ৫০০ কেজি আম পাঠানো হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে আমের চালানটি ভারতে পাঠানো হয়। পরে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রতিনিধিদের কাছে আনুষ্ঠানিকভাবে আমগুলো হস্তান্তর করা হয়।
স্থলবন্দর সূত্র জানায়, ১০০টি কার্টনে পাঁচ কেজি করে মোট ৫০০ কেজি হাঁড়িভাঙ্গা ও আম্রপালি জাতের আম পাঠানো হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জন্য ১০০ কেজি বরাদ্দ রাখা হয়েছে। বাকি ৪০০ কেজি পশ্চিমবঙ্গের বিশিষ্ট ব্যক্তি, কূটনীতিক ও উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে বাংলাদেশ সরকারের শুভেচ্ছা উপহার হিসেবে বিতরণ করা হবে। বেনাপোল চেকপোস্টের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক মো. আবু তালহা বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য হাঁড়িভাঙ্গা ও আম্রপালি জাতের আম পাঠানো হয়েছে। তিনি বলেন, ‘বাংলাদেশের এই ম্যাংগো ডিপ্লোমেসি দুই দেশের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো সুদৃঢ় করবে বলে আমরা আশা করছি।’
তিনি বলেন, একই দিনে ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা এবং রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্যও ৬০০ কেজি আম পাঠানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ১২০টি কার্টনে পাঁচ কেজি করে মোট ৬০০ কেজি হাঁড়িভাঙ্গা ও আম্রপালি জাতের আম ভারতে বাংলাদেশ মিশনের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।