• ই-পেপার

থাইরয়েড

থাইরয়েড রোগীর খাওয়াদাওয়া

  • থাইরয়েডের কার্যকারিতা ধরে রাখতে সঠিক পুষ্টি গ্রহণ করা অত্যন্ত জরুরি। তা না হলে দেখা দিতে পারে থাইরয়েডজনিত নানান জটিলতা। থাইরয়েড সুস্থ রাখার খাবার পরিকল্পনা জানাচ্ছেন ডা. শাহজাদা সেলিম

দাঁত

স্বাস্থ্যঝুঁকি এড়াতে লেজার চিকিৎসা

ডা. অনুপম পোদ্দার

স্বাস্থ্যঝুঁকি এড়াতে লেজার চিকিৎসা

অযাচিত ব্যথা, রক্তপাত এবং সংক্রমণের ঝুঁকি কমাতে দাঁত ও মাড়ির চিকিৎসায় এখন ব্যবহৃত হচ্ছে লেজার। এতে ড্রিল বা স্ক্যালপেলের মতো মাড়িতে কাটাকাটির প্রয়োজন হয় না। তাই চিকিৎসা শেষে রোগী দ্রুত সেরে ওঠে। অনেক রোগীর ক্ষেত্রে সেলাই বা অ্যানেসথেসিয়ারও প্রয়োজন হয় না। যেসব রোগীর ক্ষেত্রে সংক্রমণ, রক্তপাত বা ক্ষত থেকে জটিলতা সৃষ্টির আশঙ্কা বেশি, তাদের জন্য লেজারভিত্তিক দন্ত চিকিৎসা হতে পারে চমৎকার সমাধান।

 

কিডনি প্রতিস্থাপন ও

ইমিউনোসাপ্রেসড রোগী

কিডনি বা অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ প্রতিস্থাপনের পর রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ওষুধ গ্রহণ করতে হয়। প্রথাগত দন্ত চিকিৎসায় এই রোগীদের সংক্রমণের ঝুঁকি বেশি। লেজার চিকিৎসায় দাঁত ও মাড়ি জীবাণুমুক্ত থাকে, রক্তপাতও কম হয়। ফলে সংক্রমণের আশঙ্কাও কম। তবে কিডনি রোগীদের অবশ্যই আগে নেফ্রোলজিস্টের পরামর্শ নিতে হবে।

 

ডায়াবেটিক রোগী

ডায়াবেটিক রোগীদের যেমন মাড়ির রোগের ঝুঁকি বেশি, তেমনি দেহের যেকোনো ক্ষত সহজে সারে না। লেজার ব্যবহারে অপ্রয়োজনীয় ক্ষত তৈরি না করেই দাঁত ও মাড়ির ব্যাকটেরিয়া দমন করে প্রদাহ কমানো যায়। ফলে মুখে সংক্রমণ বা অন্যান্য জটিলতার ঝুঁকি অনেকটাই পরিহার করা সম্ভব।

 

রক্ত পাতলা করার

ওষুধ গ্রহীতা

হৃদরোগ অথবা স্ট্রোকের রোগীদের নিয়মিত রক্ত পাতলা করার ওষুধ গ্রহণ করতে হয়। এ ক্ষেত্রে যেকোনো প্রকার অস্ত্রোপচারে অতিরিক্ত রক্তপাতের ঝুঁকি থাকে। লেজার ব্যবহৃত হলে রক্তপাতের ঝুঁকি কমে। কেননা লেজারের উত্তাপে ক্ষতস্থানের রক্তনালিগুলোর মুখ বন্ধ হয়ে যায়, রক্ত ঝরার উপায় থাকে না।

 

গর্ভবতী নারী

গর্ভাবস্থায় হরমোনজনিত কারণে মাড়ির সংবেদনশীলতা বৃদ্ধি পেতে পারে, ফলে সৃষ্টি হয় প্রদাহ। লেজার চিকিৎসার মাধ্যমে প্রায় ব্যথাহীনভাবে মাড়ির চিকিৎসা করা সম্ভব। তবে চিকিৎসার আগে দন্ত চিকিৎসক ও স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

 

সতর্কতা

লেজার প্রযুক্তি অনেক সুবিধা দিলেও এটি সব ধরনের দাঁতের সমস্যার জন্য উপযোগী নয়। রোগীর বয়স, শারীরিক অবস্থা, ব্যবহৃত ওষুধ এবং চিকিৎসার ধরন বিবেচনা করে কোন পদ্ধতি ব্যবহার করা হবে, সেই সিদ্ধান্ত নেবেন দন্ত চিকিৎসক। তাই যেকোনো বিশেষ স্বাস্থ্যগত অবস্থার ক্ষেত্রে চিকিৎসা শুরুর আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

 

লেখক : চিফ কনসালট্যান্ট

পাল্প ডেন্টাল হাসপাতাল

 

চিকিৎসাপদ্ধতি

জীবন বাঁচায় প্লাজমাফেরেসিস

ডা. রুমানা ইয়াসমিন
জীবন বাঁচায় প্লাজমাফেরেসিস
সংগ্রহ করা হচ্ছে ডোনারের প্লাজমা। ছবি : সংগৃহীত

এক ধরনের বিশেষায়িত চিকিৎসাপদ্ধতি প্লাজমাফেরেসিস। এতে ডোনার অথবা রোগীর শরীর থেকে রক্ত নিয়ে সেন্ট্রিফিউগেশনের মাধ্যমে প্লাজমা আলাদা করে বাকি অংশটুকু পুনরায় শরীরে ফিরিয়ে দেওয়া হয়। বেশ কয়েক ধরনের রোগের চিকিৎসায় এই পদ্ধতি ব্যবহৃত হয়। অনেক রোগীর ক্ষেত্রে জীবন রক্ষার একমাত্র উপায় হয়ে ওঠে প্লাজমাফেরেসিস। এই পদ্ধতিতে বিভিন্ন প্লাজমা ডিরাইভেটিভস তৈরি করা যায়। এর মধ্যে আছে অ্যাক্টিভেটেড ফ্যাক্টর VII, ফ্যাক্টর VIII কনসেনট্রেটস, ফ্যাক্টর IX কনসেনট্রেটস, ফ্যাক্টর XIII কনসেনট্রেটস, ইমিউন সিরাম গ্লোবাউলিন, নরমাল সিরাম অ্যালবুমিন, প্লাজমা প্রোটিন ফ্র্যাকসন। ডোনারের আর-এইচ হাইপার ইমিউনাইজেশন থাকলে অ্যান্টি আর-এইচ ইমিউনোগ্লোবিউলিন তৈরিতেও প্লাজমা ব্যবহৃত হয়। কিছু রোগীর চিকিৎসায় প্লাজমা এক্সচেঞ্জেরও প্রয়োজন হতে পারে।

 

চিকিৎসার রকমফের

ক্ষতিকর অ্যান্টিবডি সরানো : অটো-অ্যান্টিবডিজনিত রোগ; যেমন—গুলেইন বারি সিনড্রোম, মায়েসথেনিয়া গ্র্যাভিস, অ্যাকিউট পলিনিউরাইটিস, গুড পাসতোর সিনড্রোম অথবা অটো-ইমিউন হিমোলাইটিক এনিমিয়ার চিকিৎসায় এটি ব্যবহৃত হয়। অ্যালোন্টিবডির উপস্থিতি সরাতেও কার্যকর এই পদ্ধতি। এর মধ্যে রয়েছে এ-বি-ও ইনকম্প্যাটিবল ট্রান্সপ্লান্ট রোগী, গর্ভবতীর দেহের অ্যান্টি আর-এইচ অ্যান্টিবডি সরানো, নিওনেটাল থ্রম্বোসাইটোপেনিয়ার চিকিৎসা।

ইমিউন কমপ্লেক্স সরানো : কিছু রোগের উৎপত্তি হয় দেহের রোগ প্রতিরোধ ক্ষমতায় সমস্যা দেখা দিলে। রক্তে মাত্রাতিরিক্ত পরিমাণ ইমিউন কমপ্লেক্স জমে দেখা দেয় নানা রকম উপসর্গ। এর মধ্যে আছে র‌্যাপিডলি প্রসেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস, পলি-আর্থ্রাইটিস নোডোসা, সিস্টেমিক লুপাস ইরাইথেমাটোসাস এবং ওয়েসনারস গ্র্যানুলোমেটোসিস।

হাইপারভিসকোসিটি সিনড্রোম : কিছু রোগের প্রভাবে প্লাজমা অতিরিক্ত ঘন হয়ে যায়। এই চিকিৎসায়ও প্লাজমাফেরেসিস কার্যকর।

বিষাক্ত পদার্থ সরানো : হেপাটিক ফেইলিউর, রেনাল ফেইলিউর, বারবিচুরেট পয়জনিং, এমানিটা মাশরুম পয়জনিংয়ের মতো সমস্যাগুলোর ক্ষেত্রে রোগীর রক্তে মিশে থাকা বিষ দ্রুত সরাতে হয়।

প্লাজমায় ঘাটতি : অনেক রোগীর প্লাজমায় অত্যন্ত জরুরি কিছু জিনিসের ঘাটতি থাকে। সেসব পদার্থ প্লাজমায় মিশিয়ে আবারও দেহে প্রবেশ করানো হয়। এর মধ্যে আছে থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা ও হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোমের চিকিৎসা।

 

বেশির ভাগ রোগীর ক্ষেত্রে প্লাজমাফেরেসিস নিরাপদ। তবে কিছু রোগীর দেহে এর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। ভয়ের কিছু নেই, প্রতিটি ক্ষেত্রেই রয়েছে উচ্চমানের চিকিৎসা।

 

লেখক : সহযোগী অধ্যাপক

ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ

ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতাল

এন্ডোমেট্রিয়োসিস

নারীদের দীর্ঘমেয়াদি জটিল রোগ

ঋতুস্রাবের সময় তলপেটে ব্যথা অনুভব করেন নারীরা। ব্যথা যদি অসহনীয় যন্ত্রণায় পরিণত হয়, সেটি হতে পারে এন্ডোমেট্রিয়োসিসের লক্ষণ। দীর্ঘমেয়াদি এ রোগ নিয়ে লিখেছেন ডা. শাহীনা বেগম শান্তা

নারীদের দীর্ঘমেয়াদি জটিল রোগ
এন্ডোমেট্রিয়োসিসের ব্যথা কমাতে গরম ছেঁক নেন অনেক নারী। ছবি : সংগৃহীত

অনেক নারীর জন্য ঋতুস্রাবের সময়টি আতঙ্কের কারণ। তলপেটের অসহনীয় ব্যথার যন্ত্রণায় কাটে এই কয়েকটি দিন। ব্যথার কারণে স্কুল, কলেজ কিংবা কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকতে হয় তাঁদের। সঙ্গে বাড়তি উপসর্গ হিসেবে যোগ হয় অতিরিক্ত রক্তক্ষরণ, বমিভাব ও তীব্র ক্লান্তি। ঋতুচক্রের স্বাভাবিক উপসর্গ কেমন সে বিষয়ে সচেতনতার অভাবে অনেকেই এমন উপসর্গকে ভাবেন মাসিকের স্বাভাবিক ব্যথা। সংকোচ, পারিবারিক ও সামাজিক বিধি-নিষেধের ভয়ে নীরবে বছরের পর বছর এই কষ্ট সহ্য করেন কেউ কেউ। তবে অনেকের ক্ষেত্রে তীব্র এই ক্রনিক ব্যথার পেছনে রয়েছে এন্ডোমেট্রিয়োসিস নামের এক জটিল রোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে প্রজননক্ষম বয়সী প্রায় ১৯ কোটি নারী এন্ডোমেট্রিয়োসিসে আক্রান্ত। অর্থাৎ প্রতি ১০ জন নারীর একজন জীবনের কোনো না কোনো পর্যায়ে এই সমস্যার মুখোমুখি হয়েছেন।

 

কেন হয় এই রোগ

এন্ডোমেট্রিয়োসিস নামটি এসেছে জরায়ুর ভেতরের আবরণ বা এন্ডোমেট্রিয়াম থেকে। ঋতুচক্রের স্বাভাবিক নিয়মে মাসিকের সময় এই টিস্যু রক্তের সঙ্গে মিশে শরীর থেকে বের হয়ে যায়। নানা কারণে এন্ডোমেট্রিয়ামের টিস্যু জরায়ুর বাইরে গজাতে পারে। ডিম্বাশয়, ফেলোপিয়ান টিউব এবং পেলভিক ফ্লোরের অন্যান্য অংশে এটি ছড়িয়ে যায়। এ অবস্থাকেই বলা হয় এন্ডোমেট্রিয়োসিস। জরায়ুর বাইরে জন্মালেও এন্ডোমেট্রিয়ামের টিস্যু ঋতুচক্রের হরমোনের প্রভাবে সক্রিয় হয়। মাসিকের সময় বাইরের এসব টিস্যুতে তৈরি হয় প্রদাহ। এ থেকে হয় রক্তক্ষরণ এবং এর ফলে স্কার টিস্যু তৈরি হতে থাকে। স্কার টিস্যু জমে পেলভিক ফ্লোরের অঙ্গ-প্রত্যঙ্গের মধ্যে সংযোগ তৈরি করে, যেটিকে বলা হয় অ্যাডহেসন। ডিম্বাশয় পর্যন্ত এন্ডোমেট্রিয়াল টিস্যু ছড়ালে তৈরি হতে পারে রক্তে ভরা ‘চকোলেট সিস্ট’। এটিও যন্ত্রণাদায়ক ঋতুস্রাবের কারণ। এন্ডোমেট্রিয়াল টিস্যু যদি জরায়ুর পেশির ভেতরে গজায়, সে ক্ষেত্রে দেখা দেয় অ্যাডেনোমায়োসিস।

 

মূল উপসর্গ ব্যথা

ঋতুস্রাব চলাকালে তলপেটে তীব্র ব্যথা অনুভূত হওয়া এন্ডোমেট্রিয়োসিসের মূল উপসর্গ। এন্ডোমেট্রিয়াল টিস্যু বেশি ছড়িয়ে গেলে মাসিকের সময় ছাড়াও ব্যথা অনুভূত হতে পারে। তলপেটে দীর্ঘমেয়াদি ব্যথা, সহবাসের সময় ব্যথা, মলত্যাগ বা প্রস্রাবের সময় অস্বস্তি এবং মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণের মতো সমস্যাও দেখা দিতে পারে। তবে অনেকের ক্ষেত্রে ব্যথার তীব্রতা দিয়ে রোগের বিস্তৃতি বিচার করা যায় না। প্রাথমিক পর্যায়ের এন্ডোমেট্রিয়োসিস থেকেও প্রচণ্ড ব্যথা হতে পারে অনেকের, আবার কারো কারো ক্ষেত্রে এন্ডোমেট্রিয়াল টিস্যু থেকে অ্যাডহেসন হয়ে গেলেও তুলনামূলক কম উপসর্গ দেখা দিতে পারে। সে ক্ষেত্রে ভুক্তভোগীর অজান্তেই দিনের পর দিন রোগ অগ্রসর হতে পারে।

 

দ্রুত নির্ণয় জরুরি

এন্ডোমেট্রিয়োসিসের প্রকোপ সময়ের সঙ্গে বাড়ে। প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে রোগের অগ্রগতি কমানো সম্ভব, তবে একবার এন্ডোমেট্রিয়াল টিস্যু ছড়িয়ে গেলে এর বিস্তার কমানো কঠিন। তাই মাসিকের ব্যথা অস্বাভাবিক মনে হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শারীরিক পরীক্ষার পাশাপাশি তলপেটের আলট্রাসনোগ্রাফি বা এমআরআই করাতে হতে পারে। ডিম্বাশয়ে চকোলেট সিস্ট আছে কি না জানতে ট্রান্সভ্যাজাইনাল আলট্রাসনোগ্রাফিও করাতে হবে।

 

রয়েছে বন্ধ্যত্বের ঝুঁকি

এন্ডোমেট্রিয়োসিসের প্রভাবে প্রজননতন্ত্রে দীর্ঘমেয়াদি প্রদাহের পাশাপাশি ফেলোপিয়ান টিউবের কার্যক্রম ব্যাহত হয়। চকোলেট সিস্ট হয়ে ডিম্বাশয়ের ক্ষতি হতে পারে। পেলভিক ফ্লোর অ্যাডহেসনের প্রভাবে স্বাভাবিক প্রজনন প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। নারীদের বন্ধ্যত্বের অন্যতম কারণ এটি। সঠিক সময়ে এন্ডোমেট্রিয়োসিসের চিকিৎসা করা না হলে স্থায়ী বন্ধ্যত্বেরও ঝুঁকি রয়েছে।

 

চিকিৎসা

এন্ডোমেট্রিয়োসিস পুরোপুরি নির্মূল করা সব সময় সম্ভব নয়। তবে বেশির ভাগ ক্ষেত্রেই এটি নিয়ন্ত্রণে রাখা যায়। এর জন্য প্রয়োজন রোগী ও চিকিৎসকের মধ্যে আস্থার সম্পর্ক। প্রয়োজনভেদে ওষুধ, হরমোন থেরাপি এবং অস্ত্রোপচারের মাধ্যমে এন্ডোমেট্রিয়োসিসের চিকিৎসা করা হয়। ব্যথানাশক ওষুধের মাধ্যমে ব্যথার তীব্রতা কমানো হয়, হরমোনভিত্তিক চিকিৎসা রোগ বিস্তারে বাধা দেয় এবং উপসর্গ কমাতে সাহায্য করে। চিকিৎসার প্রয়োজনে সাময়িকভাবে মাসিক বন্ধও রাখতে হতে পারে। অসহনীয় ব্যথা, ডিম্বাশয়ে বড় আকারের সিস্ট, বন্ধ্যত্ব ও অন্যান্য জটিলতার চিকিৎসায় ল্যাপারোস্কোপিক অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে। অপারেশনের মাধ্যমে সিস্ট অপসারণ, পেলভিক ফ্লোর অ্যাডহেসন কমানো এবং বাড়তি টিস্যু সরিয়ে ফেলা হয়। গর্ভধারণে জটিলতা নিরসনে আইভিএফ প্রয়োজন হতে পারে। চিকিৎসার পাশাপাশি রোগীকে প্রয়োজনীয় মানসিক সহায়তা প্রদানও গুরুত্বপূর্ণ।

 

লেখক : কনসালট্যান্ট

(ইনফার্টিলিটি ও আইভিএফ)

বিআরবি হাসপাতাল লিমিটেড

খুশকি নিয়ন্ত্রণ

খুশকি নিয়ন্ত্রণ