• ই-পেপার

মেডিক্যাল ছাত্রের হাতেই বদলে গেল মালয়েশিয়া

বরিশাল বিশ্ববিদ্যালয়ে গবেষণায় হাতেখড়ি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে গবেষণায় হাতেখড়ি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টারের আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো রিসার্চ মেথডোলজি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। ১৬ জুন বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হল ও জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এই আয়োজন করা হয়। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগের ১০০ জন থিসিস শিক্ষার্থী এবং বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টারের পরিচালক মোহসিনা হোসাইন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে গবেষণার মান উন্নয়নের লক্ষ্যে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। গবেষণা পদ্ধতি, গবেষণা প্রস্তাব প্রণয়ন, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ, গবেষণাপত্র লেখার কৌশল, প্রকাশনা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বিষয়ে কর্মশালায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন। প্রধান অতিথির বক্তব্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ বলেন, গবেষণার ক্ষেত্র ও পদ্ধতি প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। গবেষণার প্রতি আগ্রহের পাশাপাশি গবেষণার নৈতিকতা, বিজ্ঞানভিত্তিক চিন্তা-ভাবনা এবং তথ্য বিশ্লেষণের দক্ষতা অর্জন করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন বলেন, এ ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম বলেন, বর্তমানে গবেষণায় এআই ব্যবহারের সুযোগ ও সীমাবদ্ধতা নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইকোনমিকস অ্যান্ড সোশিওলজি বিভাগের অধ্যাপক ড. বদিউজ্জামান বলেন, স্কুল-কলেজ পাঠ্যবইয়ের মাধ্যমে শেখায়, আর বিশ্ববিদ্যালয় গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি করে।

ব্র্যাক ইউনিভার্সিটিতে সিএসই রিসার্চ ডে ২০২৬

ব্র্যাক ইউনিভার্সিটিতে সিএসই রিসার্চ ডে ২০২৬

ব্র্যাক ইউনিভার্সিটিতে সিএসই রিসার্চ ডে ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গবেষণা, প্রযুক্তি এবং কম্পিউটিংয়ের বাস্তব প্রয়োগ নিয়ে দিনব্যাপী আলোচনা হয়। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এই আয়োজনে অংশ নেন শিক্ষার্থী, শিক্ষক, গবেষক ও ইন্ডাস্ট্রি এক্সপার্টরা। আলোচনার বিষয়বস্তু ছিলআর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, বায়ো-ইনফরমেটিকস, ইউজেবল সিকিউরিটি, প্রাইভেসি, কম্পিউটার ভিশন, ইমেজ প্রসেসিং, রোবটিকস, ব্লকচেইন, কোয়ান্টাম কম্পিউটিং, হিউম্যান-কম্পিউটার ইন্টার‌্যাকশন এবং আইসিটি ফর ডেভেলপমেন্ট। দিনের শুরুতে ইন্টার ডিসিপ্লিনারি গবেষণা নিয়ে প্যানেল আলোচনা হয়। কম্পিউটার সায়েন্সের টুলস ও পদ্ধতি কিভাবে জনস্বাস্থ্য, বায়োটেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এবং অন্যান্য ক্ষেত্রে কাজে লাগানো যায়, এ বিষয়ে আলোচনা করেন বক্তারা। প্রজেক্ট, ইন্টার্নশিপ এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়েও ছিল আলাদা সেশন। দিনের শেষ সেশনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও মেশিন লার্নিং নিয়ে আলোচনা হয়। ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড শিক্ষার্থীদের হাতে বেস্ট থিসিস অ্যাওয়ার্ড ২০২৫ তুলে দেন। তিনি বলেন, এমন গবেষণা করা দরকার, যা সমাজে পরিবর্তনে ইতিবাচক অবদান রাখে। বিভিন্ন সেশনে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষক ও ইন্ডাস্ট্রি পেশাজীবীরা। উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন ড. সাদিয়া হামিদ কাজী। আরো উপস্থিত ছিলেন ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথের প্রফেসর এবং সেন্ট্রাল রিসার্চ অ্যান্ড ইনোভেশন অফিসের ডিরেক্টর ড. মলয় কান্তি মৃধা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশিউর‌্যান্স সেলের ডেপুটি ডিরেক্টর ড. স্বাক্ষর শতাব্দ, প্রফেসর ড. তাইয়েবুল হক, প্রফেসর ড. ফরিদা চৌধুরী, প্রফেসর ড. মো. সাদেক ফেরদৌস, অ্যাসোসিয়েট প্রফেসর মুহাম্মদ ইকবাল হোসাইন ও অ্যাসোসিয়েট প্রফেসর ড. ফারিগ ইউসুফ সাদেক।

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর ও শ্রমবাজার চালুর সম্ভাবনা নিয়ে এনএসইউতে ওয়েবিনার

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর ও শ্রমবাজার চালুর সম্ভাবনা নিয়ে এনএসইউতে ওয়েবিনার

২২ জুন ২০২৬ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বন্ধ শ্রমবাজার খুলবে কি? শীর্ষক একটি লাইভ ওয়েবিনারের আয়োজন করে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্সের (এসআইপিজি) সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজ (সিএমএস)। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর এবং বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর সম্ভাবনাকে কেন্দ্র করে এই ওয়েবিনার অনুষ্ঠিত হয়। সেশনটি সঞ্চালনা করেন এনএসইউর সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজের সমন্বয়ক সহযোগী অধ্যাপক সেলিম রেজা। মালয়েশিয়াভিত্তিক বাংলাদেশি অভিবাসী কর্মী আশরাফুল আলম মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরেন। মালয়েশিয়ার ইউনিভার্সিটি সুলতান জয়নাল আবিদিনের সিনিয়র লেকচারার ড. মো. মাহবুবুল হক বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু নিয়ে এখন পর্যন্ত কোনো চুক্তির আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি। এনএসইউর সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজের সহযোগী অধ্যাপক ও সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন শিকদার বলেন, আলোচনা শুধু শ্রম অভিবাসনে সীমাবদ্ধ না রেখে নতুন অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র খুঁজে বের করা জরুরি। এনএসইউর সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজের সিনিয়র লেকচারার ও সদস্য এস এন আজাদ বলেন, শুধু সফর দিয়ে দীর্ঘদিনের শ্রমবাজার সংকটের সমাধান হবে না; এর জন্য সুনির্দিষ্ট নীতিগত পদক্ষেপ প্রয়োজন। এনএসইউর এসআইপিজির সিনিয়র রিসার্চ ফেলো রাষ্ট্রদূত সুফিউর রহমান বলেন, ভবিষ্যতে কর্মী পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশকে মালয়েশিয়ার পরিবর্তনশীল শ্রমবাজারের চাহিদা অনুযায়ী উচ্চতর দক্ষতাসম্পন্ন কর্মী তৈরিতে মনোযোগ দিতে হবে। ওয়েবিনারে শিক্ষাবিদ, অভিবাসন গবেষক, সাংবাদিক, শিক্ষার্থী ও সাধারণ অংশগ্রহণকারীরা যুক্ত ছিলেন।

 

ক্যাম্পাস সংবাদ

শিশুর বিকাশে শিক্ষকদের প্রশিক্ষণ প্রয়োজন : ববি হাজ্জাজ

শিশুর বিকাশে শিক্ষকদের প্রশিক্ষণ প্রয়োজন : ববি হাজ্জাজ

শিশুর প্রাথমিক বিকাশ নিশ্চিত করতে পাঠ্যক্রম ও শিক্ষক উন্নয়নে দীর্ঘমেয়াদি বিনিয়োগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, প্রাথমিক শৈশব বিকাশে পাঠ্যক্রম সংস্কারকেই অগ্রাধিকার দিতে হবে। ২২ জুন ২০২৬ ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) আয়োজিত ন্যাশনাল ডায়ালগ অন আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট : পলিসি অ্যান্ড প্র্যাকটিস শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইইউবির স্কুল অব ফার্মেসি অ্যান্ড পাবলিক হেলথের (এসপিপিএইচ) অধীন পাবলিক হেলথ বিভাগ এই সেমিনারের আয়োজন করে। ববি হাজ্জাজ বলেন, প্রাক-প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ে শিশুদের শেখার প্রক্রিয়ায় মুখস্থনির্ভরতা ও পরীক্ষার ফলাফলের চেয়ে চিন্তাশক্তি, কৌতূহল, যোগাযোগ দক্ষতা ও সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। এই লক্ষ্যে শিক্ষক প্রশিক্ষণ জোরদার ও শিক্ষা পদ্ধতি আধুনিকায়নে সরকার কাজ করছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইউবির উপাচার্য ড. ম. তামিম। বিশেষ অতিথি ছিলেন আইইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেইন, ট্রাস্টি জাভেদ হোসেন এবং ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশনের (নেপ) মহাপরিচালক ফরিদ আহ্মদ। সভাপতির বক্তব্যে উপাচার্য ম. তামিম বলেন, শিশুর প্রাথমিক বিকাশ ও উন্নয়নে বাংলাদেশ সরকার এবং বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা ও অংশীজনদের সঙ্গে একযোগে কাজ করতে আইইউবি অত্যন্ত আগ্রহী।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইসিডি নেটওয়ার্কের (বিইএন) ভাইস চেয়ার মাহমুদা আখতার। স্কুল অব ফার্মেসি অ্যান্ড পাবলিক হেলথের ডিন ডা. কামরান উল বাসেত শিক্ষক উন্নয়ন ও প্রশিক্ষণ নিয়ে আরেকটি প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন আইইউবির উপ-উপাচার্য অধ্যাপক ড. ড্যানিয়েল ডব্লিউ লুন্ড। অনুষ্ঠান সঞ্চালনা করেন পাবলিক হেলথ বিভাগের সিনিয়র লেকচারার ড. তানভীর আহমেদ। উদ্বোধনী বক্তব্য দেন একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. বিলকিস বানু।