বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে শুভেচ্ছা জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল করেছে নবগঠিত সাভার পৌর ছাত্রদল।
শুক্রবার (১৯ জুন) বিকেলে সাভারের ইয়ামিন চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাভার নিউ মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলে নবগঠিত কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন ওয়ার্ডের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সাভার পৌর ছাত্রদলের সভাপতি আরমান হোসেন বাবু, সাধারণ সম্পাদক মোশারফ হিমেল খান, সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান শোভন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সোহাগসহ অন্যান্য নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্যে সভাপতি আরমান হোসেন বাবু বলেন, ‘সাভার পৌর ছাত্রদল সবসময় শিক্ষার্থী ও তরুণ সমাজের কল্যাণে কাজ করবে। তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাষ্ট্রগঠন ও উন্নয়নের স্বপ্ন বাস্তবায়নে ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।’
তিনি আরো বলেন, ‘নবগঠিত কমিটির প্রতি যে আস্থা রাখা হয়েছে, তার মর্যাদা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করা হবে এবং শিক্ষার্থী ও সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।’
সাধারণ সম্পাদক মোশারফ হিমেল খান বলেন, ‘জনকল্যাণমূলক কাজে ছাত্রদল সবসময় সক্রিয় ভূমিকা রাখতে চায়। তিনি দাবি করেন, সম্প্রতি সাভার বাসস্ট্যান্ড এলাকায় ফুটপাত উচ্ছেদ কার্যক্রমে প্রশাসনকে সহযোগিতা করা হয়েছে এবং ভবিষ্যতেও জনদুর্ভোগ নিরসন ও মানবিক কার্যক্রমে সংগঠনটি ভূমিকা রাখবে।’
তিনি আরো বলেন, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠায় ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করতে সাভার পৌর ছাত্রদল কাজ করে যাবে।
সমাবেশ শেষে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের ধন্যবাদ জানান সংগঠনের নেতারা। একই সঙ্গে সাভার পৌর ছাত্রদলকে আরও শক্তিশালী ও জনমুখী সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।




