বিচার বিভাগের বিচারিক কার্যক্রমে ই-সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের জুডিশিয়াল স্ট্রেংদেনিং প্রজেক্ট (জাস্ট) যৌথভাবে এ উদ্যোগ বাস্তবায়ন করবে। রবিবার এ বিষয়ে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ও জাস্ট প্রজেক্টের জাতীয় প্রকল্প পরিচালক সৈয়দ আমিনুল ইসলাম। সমঝোতা স্মারক অনুযায়ী বিচারব্যবস্থার জন্য একটি প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্ম তৈরি করবে এটুআই। এর আওতায় মামলার ডাটাবেইস এবং রায়ের কপিও ডিজিটালাইজ করা হবে। এ ছাড়া প্রযুক্তিগত সহায়তা ও প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রেও পরামর্শ দেওয়া হবে। উল্লেখ্য, মোবাইল কোর্ট আধুনিকায়ন ও প্রযুক্তিনির্ভর করতে মোবাইল কোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম (এমসিএমএস) উন্নয়নে কাজ করছে এটুআই। ইতিমধ্যে চট্টগ্রাম, রংপুর, মুন্সীগঞ্জ ও সিরাজগঞ্জে এ পদ্ধতি পরীক্ষামূলকভাবে চালু রয়েছে। এ বছরের মধ্যে মোট ১০টি জেলায় এ পদ্ধতি বাস্তবায়ন করা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ জহিরুল হক এবং ইউএনডিপি বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর নিক বেরেসফোর্ড।