ফরিদপুরের সদরপুরে সরকারি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৫ জুন) বিকালের দিকে উপজেলার আকোটেরচর ইউনিয়নের আকোট বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান চালায় সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার অকোটেরচর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সরকারি খালে দীর্ঘদিন ধরে একটি চক্র ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে খালের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়াসহ পরিবেশ ও স্থানীয় কৃষিজমির ওপর বিরূপ প্রভাব পড়ছিল। অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করেন সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া। ভ্রাম্যমাণ আদালত এসময় অবৈধ বালু উত্তোলনের সরঞ্জামও জব্দ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নদী ও খালের প্রাকৃতিক প্রবাহ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।








