বড় ম্যাচের আগে অস্ট্রেলিয়ানদের 'কথার যুদ্ধ' শুরুর অভ্যাসটা সবার জানা। বাংলাদেশ ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর অকল্যান্ডে গিয়ে নিউজিল্যান্ডের দিকে একের পর এক 'তীর' ছুড়ছেন অস্ট্রেলিয়ানরা। অবধারিতভাবে সে তীরের লক্ষ্য কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। সমালোচনা নয়, তাঁর সামর্থ্য আর সেই সামর্থ্য ম্লান করে দেওয়ার নানা ফর্মুলা বাতলে চলেছেন ডেভিড ওয়ার্নার-শেন ওয়াটসনরা। তবে এ আলোচনার স্রোতে গা ভাসাতে রাজি নন মাইক হ্যাসন। শনিবারের ম্যাচকে ঘিরে উত্তেজনার লাগাম টেনে ধরাতেই বেশি মনোযোগী তিনি। বাচালতার কারণে ওয়ার্নারের নিজের দেশেও দুর্নাম রয়েছে। নিউজিল্যান্ডে এসেও থেমে নেই তিনি। প্রথম দিনের প্র্যাকটিসে এসেই বলেছিলেন, মাথাটা একটু গরম করে দিলেই নাকি উইকেট দিয়ে চলে আসবেন ম্যাককালাম। আর ফর্মের তুঙ্গে থাকা এ ব্যাটসম্যান আউট মানেই কিউইদের মাটিতে নেমে আসা। কাল অস্ট্রেলিয়ার অলরাউন্ডার শেন ওয়াটসন যোগ করেছেন, 'ব্রেন্ডন খুবই আক্রমণাত্মক ব্যাটসম্যান। কোনো সন্দেহ নেই শনিবারের ম্যাচেও সে ঝুঁকি নেবে।' ব্যাটসম্যান ঝুঁকি নেওয়া মানেই বোলারের উইকেট প্রাপ্তির সম্ভাবনা। তাই বুঝতে অসুবিধা হয় না প্রশংসার আড়ালে ব্রেন্ডন ম্যাককালামের দুর্বলতা নাড়াচাড়া করে তাঁকে চাপে ফেলতে চাচ্ছেন ওয়ার্নার-ওয়াটসনরা। শুক্রবার শ্রীলঙ্কাকে উড়িয়ে দেওয়ার পর গতকালই প্রথম অনুশীলনে নেমেছে নিউজিল্যান্ড। তাই সংবাদকর্মীদের প্রথম প্রশ্নটাই ছিল অস্ট্রেলীয়দের ম্যাককালাম-সংক্রান্ত মন্তব্যগুলোর কী প্রতিক্রিয়া হচ্ছে কিউই দলে, সে ব্যাপারে। কিন্তু নিউজিল্যান্ডের প্রকৃতির মতোই যে শান্ত মাইক হ্যাসন! কোথায় কথার লড়াইয়ে সমানে পাল্লা দেবেন তা না, উল্টো উত্তেজনার পারদ নামিয়ে আনতেই ব্যস্ত কিউই কোচ, 'কাউকে চাপে ফেলতে চাইলে সেটি স্কিল দিয়েই করতে হবে। তাকে এমন একটা পরিস্থিতির সামনে দাঁড় করিয়ে দিতে হবে, যেন সে ভুল করে। আমরাও একই চেষ্টা করব।' নিউজিল্যান্ড কোচের এমন কেতাবি উত্তরে তাৎক্ষণিক উত্তেজনা প্রশমিত হয়েছে উৎসুক সংবাদকর্মীদের! তবে 'ঝাঁজালো' কোনো একটি উত্তরের জন্য উন্মুখ মিডিয়াকে একেবারে নিরাশও করেননি হ্যাসন, 'দেখুন, আমরাও কিন্তু প্রতিপক্ষ সম্পর্কে খোঁজখবর রাখি। জানি সে (ওয়ার্নার) মন্দ ব্যাটসম্যান নয়। ওদের দলে ভালো খেলোয়াড় আরো আছে। তাই আড়ালে আমাদের প্রস্তুতিটাও খারাপ হয়নি।' ৪০ হাজার দর্শক ধারণক্ষমতার ইডেন পার্কের সব আসনই বিক্রি হয়ে গেছে বহু আগে। ম্যাচটাকে সবাই ধরেই নিয়েছে 'এ' গ্রুপের সম্ভাব্য সেরা নির্ধারণের ম্যাচ। তার ওপর প্রতিবেশী এ দুই দলের ওয়ানডেতে দেখা হয়নি বছর পাঁচেক হলো। সব মিলিয়ে ট্রান্স-তাসমান লড়াইকে ঘিরে অভাবিত একটা 'হাইপ' তৈরি হয়েছে। সেদিকেও নজর রাখতে হচ্ছে হ্যাসনকে, 'ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটাকে ঘিরেও আকর্ষণ ছিল। শ্রীলঙ্কার বিপক্ষেও চাপটা আমরা ভালোই সামাল দিয়েছি। সেভাবেই চেষ্টা করছি শনিবারের ম্যাচেও যেন নিজেদের কাজগুলো ঠিকঠাক করতে পারি।' এপি