কোনো ডকুমেন্ট স্ক্যান করতে চাইলে পিসির সঙ্গে স্ক্যানার মেশিন সংযুক্ত করতে হয়। তবে এর বিকল্প হিসেবে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের যেকোনো মডেলের স্মার্টফোন দিয়েই সহজে এ কাজ করা যায়। এ জন্য মোবাইলে ‘ক্যামস্ক্যানার’ অ্যাপ এবং মোটামুটি মানের ক্যামেরা থাকতে হবে। অ্যাপটির মাধ্যমে মোবাইল ক্যামেরা দিয়ে তোলা ছবিটি স্ক্যান কপিতে রূপান্তরিত হয়ে যাবে। অ্যাপটির সাহায্যে স্ক্যান করা ডকুমেন্টের সঙ্গে মোবাইলে তোলা ছবির প্রধান পার্থক্য হচ্ছে ছবিটির মান স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি হয়। অর্থাৎ অ্যাপটি দিয়ে স্ক্যান করা ইমেজের টেক্সট ও গ্রাফিকসের রেজল্যুশনের মান অনেক বেড়ে যাবে। শুধু তা-ই নয়, মোবাইলে থাকা হাজারো ডকুমেন্ট থেকে ‘ওসিআর’ সিস্টেমের মাধ্যমে পিডিএফ ফাইল থেকে সার্চ করা কিওয়ার্ডের ফলাফলও দেখাতে পারবে এটি। এই অ্যাপের সাহয্যে ডকুমেন্টের ছোট্ট পরিচিতিসহ যুক্ত করা যাবে ওয়াটার মার্ক, করা যাবে নাম সম্পাদনাও। স্ক্যান করা ফাইলগুলো লক করে রাখা যাবে পাসওয়ার্ড দিয়ে। ক্যামস্ক্যানারের সাইটে অ্যাকাউন্ট খোলা থাকলে আপনার ফাইলগুলো ক্লাউড স্টোরেজে সংরক্ষিত রাখতে পারবেন। পরে এসব ফাইল স্মার্টফোন, ট্যাবলেট ও কম্পিউটার থেকে ব্যবহার করা যাবে। ক্লাউড সার্ভিস যেমন বক্স ডট কম, গুগল ড্রাইভ ও ড্রপ বক্সেও কাজ করবে এটি। ১২ মেগাবাইটের বিনা মূল্যের অ্যাপটি ডাউনলোড করা যাবে এখান থেকে https://www.camscanner.com/