কয়েক সপ্তাহের জল্পনাকল্পনার পর মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ জানালেন, তাঁরা ১১ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছেন। এই সংখ্যা ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম পরিচালনাকারী সংস্থাটির মোট কর্মীর ১৩ শতাংশ। এই সিদ্ধান্তকে প্রতিষ্ঠানটির ইতিহাসে সবচেয়ে কঠিন বলে অভিহিত করেছেন মার্ক জাকারবার্গ। বুধবার কর্মীদের কাছে পাঠানো এক চিঠিতে এ কথা জানিয়েছেন জাকারবার্গ। প্রযুক্তিশিল্পে সবচেয়ে বড় ছাঁটাইয়ের দায়বদ্ধতা স্বীকার করে জাকারবার্গ বলেন, ‘এই সিদ্ধান্তের জন্য এবং কিভাবে আমরা এই অবস্থায় এসে পৌঁছেছি, সেসবের জন্য দায়বদ্ধতা স্বীকার করছি। জানি, এটি প্রত্যেকের জন্য কঠিন এবং আমি বিশেষ করে যাঁরা এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁদের জন্য দুঃখিত।’ উল্লেখ্য, বিভিন্ন মাধ্যম থেকে আয় কমেছে জাকারবার্গের। পাশাপাশি মেটাভার্সে প্রচুর বিনিয়োগ করলেও সেটি থেকে এখনো আয় করতে পারছেন না। এসবের পরিপ্রেক্ষিতেই এই গণছাঁটাই বলে মনে করা হচ্ছে। এর আগে টুইটার অধিগ্রহণের পর গণছাঁটাইয়ের পথে হেঁটেছেন ইলন মাস্ক। তিনি জানিয়েছেন, সংস্থার খরচ সাধ্যের মধ্যে রাখতে তাঁকে এই পদক্ষেপ নিতে হয়েছে। সূত্র : ইন্ডিয়া টুডে