টুইটার অধিগ্রহণের চুক্তি শেষ পর্যন্ত আলোর মুখ না-ও দেখতে পারে। স্প্যাম ও ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা জানাতে না পারলে টুইটার কিনবেন না বলে জানিয়েছেন ইলন মাস্ক। সোমবার নিজের আইনজীবীর মাধ্যমে টুইটারে পাঠানো এক চিঠিতে এ কথা জানান তিনি। মাস্ক আরো জানান, চুক্তির শর্ত অনুযায়ী টুইটার তথ্য দিতে বাধ্য। ইচ্ছাকৃতভাবে তারা তথ্য দিচ্ছে না এবং তাঁর তথ্য জানার অধিকারে ব্যাঘাত ঘটাচ্ছে। টুইটার ব্যবহারকারী সম্পর্কে নিজস্ব পর্যবেক্ষণ চালাতে স্প্যাম ও ভুয়া অ্যাকাউন্টের হিসাবসংক্রান্ত তথ্য প্রয়োজন বলে জানিয়েছেন মাস্ক। এদিকে টুইটার কেনার চুক্তি থেকে মাস্ক যত সরে যাচ্ছেন তত কমছে টুইটারের শেয়ারদর। মাস্কের এমন হুমকির পর প্রতিটি শেয়ারের দাম ৫.৫ শতাংশ কমে দাঁড়ায় ৩৭. ৯৫ ডলার। গত ২৫ এপ্রিল চার হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কিনে নেওয়ার ঘোষণা দেন ইলন মাস্ক। টুইটার কেনার পুরো প্রক্রিয়া শেষ হওয়ার আগেই গত মাসে চুক্তি স্থগিত করেন মাস্ক। তিনি বলেন, মোট টুইটার অ্যাকাউন্টের অন্তত ২০ শতাংশই ভুয়া। আসলে সংখ্যা কত তা জেনেই টুইটার কিনতে চেয়েছিলেন তিনি। উল্লেখ্য, টুইটার না কিনলে কম্পানিটিকে ক্ষতিপূরণ হিসেবে ১০০ কোটি ডলার দিতে হবে ইলন মাস্ককে। সূত্র : বিবিসি