করোনাভাইরাস মোকাবেলার সম্ভাব্য প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী পরিকল্পনা তৈরির লক্ষ্যে অনলাইনে হয়ে গেল ‘করোনাথন-১৯’ শীর্ষক আন্তর্জাতিক হ্যাকাথন। সোমবার ফেসবুক লাইভের মাধ্যমে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম কায়কোবাদ। প্রতিযোগিতায় জুনিয়র ক্যাটাগরির হেলথকেয়ার বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থী সানি জুবায়ের। রানার-আপ হয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের শিক্ষার্থী ইশরাত জাহান। সিনিয়র ক্যাটাগরির হেলথকেয়ার বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী তানভির। রানার-আপ হয়েছে ইরানের শিক্ষার্থীদের দল ‘ভাইরাস হান্টার’। দলের সদস্যরা হলেন আহমেদ রামাজানি, আজাদেহ ও মোহাম্মদী। ফুড অ্যান্ড নিউট্রিশন বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ‘স্মার্ট অ্যাকুয়াপনিস সিস্টেম’।