• ই-পেপার

করোনার দীর্ঘ উপস্থিতি এবং নতুন স্বাভাবিকতা

  • মঈনউদ্দিন মুনশী

পরিবেশ আদালত আইন কেন সংশোধন প্রয়োজন

ড. বিভূতি ভূষণ মিত্র

পরিবেশ আদালত আইন কেন সংশোধন প্রয়োজন

পরিবেশসংক্রান্ত বিচার ত্বরান্বিত করার জন্য পরিবেশ আদালত আইন, ২০১০ নামের একটি আইন প্রণয়ন করা হয়। এই আইন অনুযায়ী পরিবেশ আইন বলতে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার কর্তৃক সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা নির্ধারিত অন্য কোনো আইন বা এই সব আইনের অধীনে প্রণীত বিধিমালা বোঝাবে। পরিবেশ আদালত বলতে এই আইনের অধীনে গঠিত পরিবেশ আদালতকে বোঝাবে।

এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা প্রতিটি জেলায় এক বা একাধিক পরিবেশ আদালত প্রতিষ্ঠা করতে পারবে। প্রতিটি পরিবেশ আদালত জেলা সদরে উপস্থিত থাকবে। কোনো জেলায় একাধিক পরিবেশ আদালত থাকলে সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে এলাকা নির্ধারণ করে দেবে। এই আইনের বর্ণিত সব অপরাধের জন্য মহাপরিচালক বা তাঁর কাছ থেকে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতে সরাসরি মামলা করতে পারবেন। স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালত অপরাধ সংঘটনে ব্যবহৃত যন্ত্রপাতি বা এর অংশবিশেষ, যানবাহন বা এর সঙ্গে সংশ্লিষ্ট পণ্যসামগ্রী বা বস্তু বাজেয়াপ্ত বা বিলিবন্দোবস্ত করার আদেশ দিতে পারেন। স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতের তলব অনুসারে উপস্থিত কোনো মামলার সাক্ষীকে তাঁর সাক্ষ্যগ্রহণ ব্যতিরেকে ফেরত বা ছাড় দেওয়া হবে না। স্পেশাল ম্যাজিস্ট্রেট অভিযোগ গঠনের তারিখ থেকে ১৮০ দিনের মধ্যে মামলার বিচারকাজ সমাপ্ত করবে। পরিবেশ আইনে অপরাধসংক্রান্ত বিষয় পরিদর্শন করবেন একজন পরিদর্শক। স্পেশাল ম্যাজিস্ট্রেট অনধিক পাঁচ বছরের কারাদণ্ড বা অনধিক পাঁচ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড বা কোনো কিছু বাজেয়াপ্ত বা বিনষ্ট করার আদেশ প্রদান করতে পারেন।

পরিবেশ আদালত আইন কেন সংশোধন প্রয়োজন সম্প্রতি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সেন্টার ফর ল অ্যান্ড পলিসি অ্যাফেয়ার্স এবং পরিবেশ বাঁচাও আন্দোলন একটি ওয়েবিনারের আয়োজন করে। ওয়েবিনারে পরিবেশ বিশেষজ্ঞরা বিদ্যমান পরিবেশ আদালত আইন সংশোধন করার ওপর জোর দেন। তাঁদের মতে, পরিবেশ আইন প্রয়োগে একটি পরিবেশ ফোর্স ইউনিট গঠন প্রয়োজন। পরিবেশদূষণকারী প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত বা বাতিলের ব্যবস্থা রাখা, সরকারি প্রকল্প ও প্রতিষ্ঠানকে ক্ষতিপূরণ এবং জবাবদিহির আওতায় আনতে হবে। এ জন্য প্রয়োজন এই আইনের সংশোধন। তাঁদের মতে, পরিবেশ আদালতে সরাসরি মামলা করার অধিকার না থাকাটা নাগরিক অধিকারের পরিপন্থী।

পরিবেশ আদালত আইনের এসব অবস্থানের কারণেই মামলা হচ্ছে কম। একটি তথ্য মতে, ঢাকার মূল পরিবেশ আদালতে বর্তমানে বিচারাধীন মোট মামলার সংখ্যা আট হাজার ২৩১। এর মধ্যে পরিবেশ সংরক্ষণ আইনের অধীনে মামলা হয়েছে মাত্র ১৩২টি। এর অর্থ ৯৮ শতাংশ মামলাই অন্য মামলা। গত ২৩ বছরে পরিবেশ আদালত প্রতিষ্ঠার পর মামলা হয়েছে মাত্র ৫৯২টি। এর মধ্যে নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা ৪৭৬। এই তথ্য দেখলে মনে হয়, বাংলাদেশে তেমন পরিবেশদূষণই হয় না। মামলা আর হবে কি। কিন্তু বাস্তবতা আরো ভয়ংকর। বায়ুদূষণ বা শব্দদূষণের  পাশাপাশি নদী বা জলাশয় দূষণের অবস্থা ভয়াবহ।  

বাংলাদেশে বায়ুদূষণে প্রতিবছরে মারা যায় ৮০ হাজার মানুষ। এতে বাড়ছে বিষণ্নতা। বায়ুদূষণের কারণে জিডিপির ৪ শতাংশেরও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ছাড়া বাংলাদেশে নভেম্বর থেকে মার্চ মাস সময় পর্যন্ত দূষণের মাত্রা এত বেশি থাকে, যা সারা বছরের প্রায় ৬৫ শতাংশ। বিশ্বব্যাংকের আরো একটি তথ্য মতে, বাংলাদেশে ২০১৯ সালে বায়ুদূষণ জনিত সমস্যায় ৭৮ থেকে ৮৮ হাজার মানুষ মারা গেছে। 

স্টেট অব গ্লোবাল এয়ার কোয়ালিট ফান্ডিং ২০২৩-এর প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত বায়ুর গুণগত মানোন্নয়নের তহবিলপ্রাপ্তিতে তৃতীয় ছিল বাংলাদেশ। প্রতিবেদনে আরো জানানো হয়, ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত বায়ুর মানোন্নয়নে বাংলাদেশ ২.৪ বিলিয়ন ডলার আর্থিক সহায়তা পেয়েছে। কিন্তু বাংলাদেশ বায়ুদূষণ মোকাবেলায় তেমন একটি অগ্রগতি দেখাতে পারেনি।

বাংলাদেশে প্লাস্টিক দ্রব্যাদির বাজার এক বিলিয়ন ডলারের। প্লাস্টিক উৎপাদনকারী প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় চার হাজার। ঢাকায় প্রতিদিন এক কোটি ২০ লাখ পলিব্যাগের বর্জ্য ফেলা হয়। প্লাস্টিকের ব্যবহার দিন দিন বাড়ছেই। বাংলাদেশে ২০০৫ সালে এর বার্ষিক মাথাপিছু ব্যবহার ছিল তিন কেজি। এটি বেড়ে ২০২০ সালে হয়েছে ৯ কেজি। অর্থাৎ ১৫ বছরে বার্ষিক মাথাপিছু প্লাস্টিকের ব্যবহার বেড়েছে তিন গুণ।  বাংলাদেশে প্রতিদিন তিন হাজার টন প্লাস্টিক বর্জ্য উৎপাদিত হয়। বিশ্বব্যাংকের তথ্য মতে, ঢাকায় প্রতিদিন ৬৪৬ টন প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়। ঢাকার মোট প্লাস্টিক বর্জ্যের ৩৭.২ শতাংশ পুনর্ব্যবহার করা হয়। বাংলাদেশে উৎপাদিত প্লাস্টিক বর্জ্যের ৬০ শতাংশ মেশে রাস্তাঘাট আর নদীতে। মন্ত্রণালয়ের তথ্য মতে, আমাদের দেশে প্রতিবছর আট লাখ ২১ হাজার ২৫০ টন প্লাস্টিক বর্জ্য হয়। এর মাত্র ৪০ শতাংশ পুনর্ব্যবহার করা হয়। অর্থাৎ দুই লাখ ২৮ হাজার টন পুনর্ব্যবহার করা হয়, আর বাকি অংশ পরিবেশেই থেকে যায়।

পলিথিনের স্বাস্থ্যগত ঝুঁকি অনেক। চোখ জ্বালা করা, শ্বাসকষ্ট, লিভারের সমস্যা, ক্যান্সার, চর্মরোগ থেকে শুরু করে অনেক ক্ষতিকর রোগের জন্য দায়ী। আমরা বাজারে গেলে পলিথিনে করেই সবকিছু নিয়ে আসি। এমনকি বিভিন্ন খাদ্যদ্রব্যও। অথচ পলিথিনে মোড়ানো এসব খাবারই খাদ্যে বিষক্রিয়ার জন্য দায়ী। মাছ-মাংস পলিথিন ছাড়া আমরা রাখি না। কিন্তু পলিথিনে মাছ-মাংস প্যাকিং করলে অবায়বীয় ব্যাকটেরিয়ার জন্ম হয়। প্লাস্টিকের বর্জ্য মাইক্রো ও ন্যানো কণারূপে মানুষের শরীরে ঢুকে হরমোনজনিত নানা সমস্যা সৃষ্টি করছে। এটি মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের নানা রোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। শুক্রাণু ও ডিম্বাণু উৎপাদন ব্যাহত করছে। ক্যান্সারসহ ত্বকের নানা রকম রোগ সৃষ্টি করছে।

জীবজগতের ৮০ শতাংশের বসবাস বনে। প্রায় ৬০ হাজার প্রজাতির উদ্ভিদের আবাসস্থল এই বন। এ ছাড়া উভচর প্রজাতির ৮০ শতাংশ, পাখি প্রজাতির ৭৫ শতাংশ এবং স্তন্যপায়ী প্রাণী প্রজাতির ৬৮ শতাংশের বসবাস বনে। কিন্তু ধীরে ধীরে উজাড় হয়ে যাচ্ছে এসব বন। এফএও-এর মতে, বিশ্বব্যাপী ২০০০ থেকে ২০১৫ সাল নাগাদ প্রায় ১.৪ শতাংশ বন হারিয়ে গেছে। বাংলাদেশে বেশির ভাগ বন ধ্বংস হচ্ছে দখলের মাধ্যমে। বন বিভাগের তথ্য মতে, সারা দেশে দুই লাখ ৫৭ হাজার ১৫৮ একর বন দখলে চলে গেছে। ২০০১ থেকে ২০১৫ সাল পর্যন্ত গড়ে ২৫ হাজার একর বনভূমি দখল হয়েছে। এসব বন ধ্বংসের কারণে বিলুপ্ত হয়ে যাচ্ছে বন্যপ্রাণী। এ ব্যাপারে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর নেচার কনজারভেশনের ২০১৫ সালের প্রতিবেদন মতে, বাংলাদেশে বিলুপ্ত প্রাণী প্রজাতির সংখ্যা ৩১। এক হাজার ৬০০ প্রাণী প্রজাতির মধ্যে ৩৯০টি হুমকির মধ্যে রয়েছে। আর ৫০টির বেশি প্রজাতি ঝুঁকিতে রয়েছে। আইইউসিএনের ২০০০ ও ২০১৫ সালের প্রতিবেদন তুলনা করলে দেখা যাবে এই বিলুপ্তির হার অত্যধিক। ২০০০ সালে বিলুপ্ত প্রাণী প্রজাতির সংখ্যা ছিল ১৩। অর্থাৎ ১৫ বছরে ১৮টি প্রাণী প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে, যা ভয়াবহ বিলুপ্তির হারকে নির্দেশ করছে।

ভয়াবহ বায়ুদূষণের তিনটি প্রধান কারণের একটি ইটভাটা। বাংলাদেশে যত্রতত্রই ইটভাটা রয়েছে। একটি তথ্য মতে, এর সংখ্যা প্রায় আট হাজার। আর এর অর্ধেকই অবৈধ। অবৈধ ইটভাটা বন্ধে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর  বাংলাদেশ উচ্চ আদালতে বেশ কয়েকটি রিট করেছে। এতে কিছুটা সফলতা এলেও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হয়নি। ইটভাটার কারণে শুধু বায়ুদূষণই হচ্ছে না। ইট তৈরির জন্য মাটির প্রয়োজন পড়ে। ফসলি জমি থেকে মাটি কেটে ইট তৈরি করা হচ্ছে। ফসলি ক্ষেতের মাটির ওপরের অংশেই মূলত সার থাকে। কৃষকরা না বুঝে মুনাফার লোভে মাটি বিক্রি করে দিচ্ছেন। এতে ফসলি জমির ওপর চাপ সৃষ্টি হচ্ছে। এ ছাড়া বাংলাদেশে হাজারেরও বেশি ইটভাটা রয়েছে, যেখানে সনাতন পদ্ধতিতে কাঠ পুড়িয়ে ইট তৈরি করা হয়। এতে অসংখ্য কাঠের প্রয়োজন পড়ে, যা গাছ কেটে তৈরি করা হয়। ইটভাটার জন্য এভাবে অসংখ্য গাছ কাটার কারণে পরিবেশের ওপর চাপ বেড়ে যাচ্ছে।

যে হারে দূষণ বাড়ছে, ক্ষয়ক্ষতি বাড়ছে, মৃত্যু বাড়ছে; সে হারে পরিবেশ মামলা নেই বললেই চলে। এই অবস্থায় বিদ্যমান পরিবেশ আইন সংশোধন জরুরি। বিশেষ করে পরিবেশ মামলা করার অধিকার অবশ্যই প্রত্যেক নাগরিককে দেওয়া উচিত। কেননা পরিবেশ অধিকারও এখন এক ধরনের মানবাধিকার।

লেখক : পরিবেশবিষয়ক লেখক

ইরান যুদ্ধ এবং বৈশ্বিক রাজনৈতিক মানচিত্র

ড. ফরিদুল আলম

ইরান যুদ্ধ এবং বৈশ্বিক রাজনৈতিক মানচিত্র

ইরানকে একটু বেশিই অবমূল্যায়ন করে ফেলেছিল যুক্তরাষ্ট্র। এ ক্ষেত্রে ইসরায়েলের দিকটি বিবেচনায় নিলে বলতে হয়, তারা ইরানের সক্ষমতার বিষয়টি হয়তো আগেই বুঝেছিল, আর এটিও ভালো করে অনুধাবন করতে পেরেছিল যে মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব টিকিয়ে রাখতে এবং কাঙ্ক্ষিত পর্যায়ে বৃদ্ধি করতে হলে সেটি তাদের একক সামরিক শক্তি বা সক্ষমতা দিয়ে সম্ভব নয়। তাই কৌশলে যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে টেনে আনা হয়েছে এবং তার মধ্য দিয়ে একটি সফল যুদ্ধ পরিকল্পনা নিয়ে এগোনোর চেষ্টা করা হয়েছে। এই জায়গাটিতে ইসরায়েলের কূটকৌশলও ঠিকমতো কাজ করল না! এ ক্ষেত্রে অবশ্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ও ব্যক্তিগত বিতর্কিত কর্মকাণ্ডগুলো এড়ানো এবং দুর্নীতির অভিযোগে আদালতের শরণাপন্ন হওয়া থেকে বিরত থাকার একটি কৌশলও সমানভাবে পরিলক্ষিত হয়েছে। এই যুদ্ধের ফলাফল তাঁদের সপক্ষে না এলেও তিনি চেয়েছিলেন যুদ্ধটিকে প্রলম্বিত করে আগামী অক্টোবর মাসে অনুষ্ঠেয় নির্বাচনটিকে জরুরি অবস্থার আলোকে পিছিয়ে দিতে। তাঁর নানা ধরনের কলাকৌশলের ফাঁদে নিশ্চিতভাবে পা দিয়েছিলেন রাজনৈতিকভাবে আনকোরা ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসের অনুমোদনহীন ৪০ দিনের যুদ্ধে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করার ফলে তিনি দেশের অভ্যন্তরেও নানামুখী সংকট তৈরি করেছেন। ফলে এখন রাজনৈতিকভাবে কোণঠাসা তিনি। আগামী নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘিরে ক্ষমতাসীন রিপাবলিকান শিবিরে তাই দেখা দিয়েছে চিন্তার ভাঁজ।

ইরান যুদ্ধ এবং বৈশ্বিক রাজনৈতিক মানচিত্রগত ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে মূলত এই যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের সর্বশেষ উপলব্ধিটিই প্রকাশ পেয়েছে। এই উপলব্ধি হচ্ছে এমন এক বিষয়, যার মধ্য দিয়ে কার্যত এটিই খোলাসা হয়ে গেল যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্ররোচনায় এই যুদ্ধে জড়িয়ে তাদের সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় ভুল কাজটি করেছে। এটি এমনই এক ভুল, যার জন্য দেশটিকে খেসারত দিয়ে যেতে হবে অনেক দিন। এটি তাদের জন্য এমন এক আত্মঘাতী বিষয় হয়ে দাঁড়িয়েছে, যার খেসারত দিতে হতে পারে সামনের দিনগুলোতে মধ্যবর্তী নির্বাচনে এবং নির্বাচনোত্তর সময়ে রিপাবলিকানদের সম্ভাব্য ভরাডুবির মধ্য দিয়ে। এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিসংশনের মতো বিষয়ও সামনে চলে আসতে পারে। দুই পক্ষের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও এরই মধ্যে আবারও একে অপরকে লক্ষ্য করে পাল্টাপাল্টি হামলার মতো ঘটনা ঘটিয়েছে। ডোনাল্ড ট্রাম্পকে এখনো হুংকার দিয়ে বলতে শোনা যায়, ইরানকে নিশ্চিহ্ন করে দেব। ট্রাম্পের এই দম্ভোক্তি এটিই জানান দেয় যে তাঁর হাতে সেই ক্ষমতা থাকলে ইরানের ক্ষেত্রে তিনি এর প্রয়োগ ঘটাতে একমুহূর্ত বিলম্ব করতেন না। এই মুহূর্তে তাঁর অবস্থা এমন হয়েছে, যাঁকে তুলনা করা যায় দন্তবিহীন ব্যাঘ্রের সঙ্গে! 

ইরান ঘিরে সাম্প্রতিক সময়ে বৈশ্বিক রাজনৈতিক মানচিত্রে ক্ষমতার কেন্দ্রিকতার সমীকরণ যে অনেকটাই পাল্টে গেছে, যুক্তরাষ্ট্র কি এটি অনুধাবন করতে পারছে? বিষয়টি আসলে একটু অন্য রকমভাবে বললে ভালো হয়, আসলে এটি ডোনাল্ড ট্রাম্পের অনুমানশক্তিতে ঠিকমতো কাজ করছে বলে মনে হয় না। যদি এমনটিই হতো, তাহলে তিনি এই সময়ে ইরান নিয়ে দম্ভোক্তি কম করতেন। কারণ তিনি দম্ভোক্তি যতটা কম করবেন, ততটাই তাঁর এবং যুক্তরাষ্ট্রের জন্য মঙ্গলজনক হবে। হরমুজ প্রণালিতে ইরানের কথিত হামলার পাল্টা জবাব দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পরিচালিত হামলার ততক্ষণাৎ জবাব দিয়ে ইরান এটিই জানান দিয়েছে যে তারা যুক্তরাষ্ট্রের রক্তচক্ষুকে ভয় করে না, প্রয়োজনে তারা আরো অনেক দিন যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত রয়েছে। আর এখানেই মূল চিন্তার বিষয়টি কাজ করার কথা। হয়তো সেটি মার্কিন উপলব্ধিতে সঠিকভাবে কাজ করছে না। ইরানের সঙ্গে অদৃশ্য সহায়ক শক্তি রয়েছে, বিষয়টি নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। কারা সেই শক্তি, এই বিষয়ে চীন ও রাশিয়ার নাম একবাক্যে বলে দেওয়া গেলেও সাম্প্রতিক সময়ে তুরস্কের বিষয়টিও সামনে এসেছে। ইসরায়েলের পক্ষ থেকে বিস্তৃত একটি ইহুদি রাষ্ট্রের পরিকল্পনা থেকেই ইরানকে নির্মূল করার প্রচেষ্টা যদি সফল হয়, তাহলে ধীরে ধীরে মধ্যপ্রাচ্যের অপরাপর দেশও ইসরায়েলের ভয়াল থাবা থেকে রেহাই পাবে না। এমন বোধোদয় যদি আরো কোনো রাষ্ট্রের পক্ষ থেকে ঘটে থাকে, তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

তবে পরিস্থিতি আর আগের মতো নেই এবং অনেকটাই পরিবর্তন ঘটেছে। ইরান কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সবাইকে এই বার্তাই যেন দিয়েছে যে মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের অপরিহার্যতার আর কোনো অবকাশ নেই। এত দিন ধরে মধ্যপ্রাচ্যের নিরাপত্তার নামে এই অঞ্চলের ১২টি দেশে ঘাঁটি স্থাপন করে যুক্তরাষ্ট্র কার্যত ইসরায়েলকেই শক্তিশালী করতে চেয়েছে। এগুলোকে লক্ষ্য করে ইরানের পক্ষ থেকে মুহুর্মুহু হামলায় যুক্তরাষ্ট্র শুধু নিজেদের ঘাঁটি এবং লোকবলকেই রক্ষা করতে সচেতন থেকেছে। এ বিষয়ে বোধোদয় ঘটতে শুরু করেছে সৌদি আরবসহ অপরাপর দেশের। একইভাবে ইরানের পক্ষ থেকে পূর্ণাঙ্গ শান্তিচুক্তির অন্যতম শর্ত হিসেবে মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো সরিয়ে নেওয়ার দাবি জানানো হয়েছে। 

একদিকে ট্রাম্পের হাঁকডাক, সমঝোতা স্মারকের শর্ত ভেঙে ইরানে আবারও হামলার হুমকি, আবার অন্যদিকে পূর্ণাঙ্গ শান্তিচুক্তির অংশ হিসেবে সুইজারল্যান্ডের জেনেভায় পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় কয়েক দিনের আলোচনায় ইরানের ওপর থেকে পরবর্তী ৬০ দিনের জন্য মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, হরমুজ প্রণালি উন্মুক্ত করে দিতে দুই পক্ষের ঐকমত্য এবং ইরানের জব্দকৃত সম্পদ অবমুক্ত করার বিষয়ে মার্কিন সম্মতি এই যুদ্ধে ইরানকে বিশেষ সুবিধাজনক অবস্থায় আসীন করেছে। লেবাননে ইসরায়েলের হামলা বন্ধেও এক পর্যায়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা ফলপ্রসূ হয়েছে। আপাতদৃষ্টিতে নেতানিয়াহুর হম্বিতম্বিও কমেছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতে অবরুদ্ধ হয়ে থাকা ইরানের ১২ বিলিয়ন ডলারের মধ্যে ছয় বিলিয়ন ডলার অবমুক্তির ঘোষণা দেওয়া হয়েছে। এসব ঘটনা থেকে এটিই দিবালোকের মতো দৃশ্যমান হয়েছে যে যুদ্ধের ফলে ইরানের অপূরণীয় ক্ষতি হলেও এই যুদ্ধের আপাত অবসানের মধ্য দিয়ে তারা যুদ্ধাবস্থার আগের তুলনায় অনেক শক্তিশালী হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে। হরমুজ প্রণালি ঘিরে ইরানের টোল আরোপের বিষয়টি নিয়েও ইরানের অবস্থান শক্ত রয়েছে।

এই যুদ্ধে কোন পক্ষ জয়ী বা কোন পক্ষ পরাজিত হয়েছেএসব প্রশ্নকে অতিক্রম করে সবচেয়ে বেশি যে বিষয়টি আলোচনায় এসেছে তা হলো, মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন একমেরুকেন্দ্রিক বৈশ্বিক রাজনীতি কার্যত বদলে যাচ্ছে এবং নতুন এক রাজনৈতিক মানচিত্রের জন্ম হতে যাচ্ছে। এই শতাব্দীর শুরু থেকেই চীন ও রাশিয়ার ক্রম-উত্থান এবং নতুন বিশ্বব্যবস্থা সৃষ্টিতে তাদের জোটগত অবস্থান, অন্যদিকে মার্কিন নেতৃত্বাধীন জোটব্যবস্থার অবনতিশীল অবস্থা বৈশ্বিক মেরুকরণে এক ধরনের বহুপাক্ষিকতা সৃষ্টি করতে যাচ্ছে। এই বহুপাক্ষিকতার অংশীদার হিসেবে একদিকে যেমন রাশিয়া ও চীনের মতো শক্তিশালী রাষ্ট্র রয়েছে, একই সঙ্গে ভারতকেও শক্তিশালী করা হচ্ছে। অন্যদিকে প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে ব্রিকস ও সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের মতো সংস্থাগুলো বৈশ্বিক রাজনৈতিক ভরকে এশিয়ামুখী করে তুলতে পারে।

সাম্প্রতিক সময়ে চীনের সঙ্গে ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নে অগ্রগতি হয়েছে এবং আলোচনা চলমান। ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি সারা বিশ্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে কিছুটা শিথিলতা তৈরি করেছে অথবা সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে রাষ্ট্রগুলোকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সামরিক জোট ন্যাটো এবং জি-৭-এর মাধ্যমে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার ধারাটি ক্ষুণ্ন হচ্ছে মারাত্মকভাবে। যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তিত হলেও পররাষ্ট্রনীতির মূল জায়গায় পরিবর্তন ঘটে না বলে যে ধারণাটি এত দিন ধরে প্রচলিত ছিল, ট্রাম্পের এই মেয়াদে ইউক্রেন যুদ্ধ থেকে নিজেদের গুটিয়ে নেওয়া এবং ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধে ইউরোপের সহযোগী না হওয়া অন্য রকম বার্তা দিচ্ছে। ইউরোপীয় দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে নিজেদের নিরাপত্তা পরিকল্পনা নবায়নের চেষ্টা এখন পুরোদমে এগিয়ে চলছে। অর্থনৈতিকভাবে চীনের সঙ্গে তাদের দূরত্বও অনেক কমিয়ে আনা হয়েছে। এশিয়ায় ভারত ও চীন একত্র থাকলে বিশ্বব্যবস্থায় নতুন কিছু অর্জন করা সম্ভবচীনের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক এমন মন্তব্য থেকে অনুমান করা যেতে পারে যে পারস্পরিক অভিন্ন অর্থনৈতিক স্বার্থ এবং এ লক্ষ্যে যৌথ উদ্যোগ যুক্তরাষ্ট্রের এত দিনের রাজনৈতিক ক্ষমতা কাঠামোর ভিতকে দুর্বল করে তুলছে।

মূলত ইরান যুদ্ধ বিশ্বের কাছে এই বার্তাই দিয়েছে যে এত দিন ধরে চলমান বৈশ্বিক নিরাপত্তা কাঠামো এবং রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তন আশু করণীয় হয়ে উঠেছে। আধিপত্য বিস্তারের রাজনীতিতে যুক্তরাষ্ট্র এই মুহূর্তে ইসরায়েল ছাড়া আর কোনো সহযোগীকেই পাশে পাচ্ছে না, সেটিও আবার মধ্যপ্রাচ্যকেন্দ্রিক, যা এক ভঙ্গুর অবস্থায় পতিত। বৈশ্বিক রাজনৈতিক মানচিত্রে শিগগিরই পরিবর্তন ঘটছে কি না, সেটিই এখন দেখার পালা।

লেখক : অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

স্বাস্থ্য খাতে বাজেট বেড়েছে, এখন প্রয়োজন সেবার মানোন্নয়ন

সুমিত বণিক

স্বাস্থ্য খাতে বাজেট বেড়েছে, এখন প্রয়োজন সেবার মানোন্নয়ন

বাংলাদেশে স্বাস্থ্য নিয়ে আলোচনা হলেই প্রধানত আমরা শুনি, মানুষের তুলনায় বরাদ্দ খুব কম। কথাগুলো একেবারে মিথ্যা নয়। কিন্তু আজকের বাস্তবতা শুধু এতটুকুতে আটকে নেই। স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়লেই মানুষ ভালো চিকিৎসা পাবেএমন সরল বিশ্বাস এখন আর যথেষ্ট নয়। কারণ সরকারি হাসপাতালের করিডরে দাঁড়িয়ে থাকা রোগী, উপজেলা হাসপাতালে ডাক্তার না পাওয়া মা কিংবা ডায়াবেটিসের ওষুধ কিনতে হিমশিম খাওয়া বৃদ্ধ মানুষতাদের কাছে বাজেটের অঙ্ক নয়, সেবার বাস্তব চেহারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

কালের কণ্ঠে প্রকাশিত স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব শিরোনামের প্রতিবেদনে ২০২৬-২৭ অর্থবছরের স্বাস্থ্য খাতের বড় বরাদ্দের কথা এসেছে। এটি নিঃসন্দেহে ইতিবাচক খবর। স্বাস্থ্যসেবা বিভাগ, চিকিৎসাশিক্ষা ও পরিবার পরিকল্পনাসব মিলিয়ে সরকার এবার স্বাস্থ্যকে বেশি গুরুত্ব দিতে চায়এমন একটি বার্তা এতে আছে। একজন জনস্বাস্থ্যকর্মী হিসেবে আমি এই বার্তাকে স্বাগত জানাই। কারণ স্বাস্থ্য খাতে বিনিয়োগ মানে শুধু হাসপাতাল বানানো নয়, এটি মানুষের কর্মক্ষমতা, পরিবারের আর্থিক নিরাপত্তা এবং দেশের ভবিষ্যৎ উৎপাদনশীলতার বিনিয়োগ। তবে প্রশ্ন হলো, এই টাকা কোথায় যাবে, কিভাবে খরচ হবে, আর সাধারণ মানুষ তার কতটা সুফল পাবে? কালের কণ্ঠের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট শিরোনামের আলোচনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় যে সমস্যা শুধু টাকার অভাব নয়, বড় সমস্যা হলো বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহার, অব্যবস্থাপনা এবং জবাবদিহির ঘাটতি। সেখানে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে, সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে অতিরিক্ত খরচ ছাড়াই বিদ্যমান সম্পদ দিয়ে সেবার পরিমাণ অনেক বাড়ানো সম্ভব। এই কথাটি খুব গুরুত্বপূর্ণ। কারণ অনেক জায়গায় ভবন আছে, কিন্তু ডাক্তার নেই; যন্ত্র আছে, কিন্তু চালানোর লোক নেই; বরাদ্দ আছে, কিন্তু সময়মতো ওষুধ নেই।

আরো গভীর ছবি পাওয়া যায় কালের কণ্ঠের ২০ সমস্যায় অচল স্বাস্থ্য খাত শিরোনামের প্রতিবেদনে। স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের আলোচনায় দুর্নীতি, সক্ষমতার ঘাটতি, ব্যবস্থাপনার দুর্বলতা, নিম্নমানের চিকিৎসাশিক্ষা, উপকরণের অভাব, ওষুধ ও সেবার অযৌক্তিক উচ্চমূল্য, পদশূন্যতা, বদলি-পদোন্নতি-প্রশিক্ষণের জটিলতা, ল্যাবের দুর্বলতা এবং দালালচক্রের হস্তক্ষেপের মতো সমস্যাগুলো উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি স্বাস্থ্য খাতে অনুমোদিত দুই লাখের বেশি পদের মধ্যে বড় একটি অংশ শূন্য। গ্রামীণ এলাকায় কোনো কোনো ক্ষেত্রে শূন্যতার হার আরো বেশি। এই অবস্থায় শুধু বড় বাজেট ঘোষণা করলে হবে না, মাঠ পর্যায়ে জনবল না দিলে মানুষ সেই বাজেটের সুফল পাবে না।

বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার বড় অন্যায় হলো, যার টাকা আছে, সে তুলনামূলক ভালো চিকিৎসা পায়; আর গরিব মানুষ অনেক সময় চিকিৎসা না নিয়েই বাড়ি ফিরে যায়। শহরের বড় হাসপাতালে ভিড়, গ্রামে সেবা সংকট, নগর বস্তিতে স্বাস্থ্যসেবার অনিশ্চয়তাএসব আমাদের উন্নয়নের গল্পকে প্রশ্নবিদ্ধ করে। স্বাস্থ্য শুধু রোগ সারানোর বিষয় নয়, এটি ন্যায্যতার প্রশ্ন। একজন রিকশাচালক, গার্মেন্টস শ্রমিক, কৃষক, গৃহকর্মী কিংবা চরাঞ্চলের মাতাঁদের স্বাস্থ্য অধিকারও সমান গুরুত্বপূর্ণ।

কালের কণ্ঠের ইতিবাচক ধারায় স্বাস্থ্য খাত : বাজেটে নতুন সম্ভাবনা শিরোনামটি তাই আশার জায়গা তৈরি করে। কিন্তু এই আশা বাস্তব হবে তখনই, যখন বাজেটকে কাগজ থেকে হাসপাতালের বিছানায়, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে, ওষুধের তাক এবং রোগীর হাসিতে নামিয়ে আনা যাবে। আমাদের দরকার এমন স্বাস্থ্যনীতি, যেখানে প্রতিটি উপজেলা হাসপাতালে ন্যূনতম চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান ও জরুরি সেবা নিশ্চিত থাকবে। প্রতিটি সরকারি হাসপাতালে ওষুধের ডিজিটাল হিসাব থাকবে। কোন যন্ত্র নষ্ট, কত দিন ধরে নষ্ট, কে দায়ীএসব তথ্য জনগণের জানার সুযোগ থাকতে হবে।

আরেকটি বড় কাজ হলো প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা জোরদার করা। হৃদরোগ, ডায়াবেটিস, ক্যান্সার, মানসিক স্বাস্থ্য সমস্যাএসব এখন ঘরে ঘরে ঢুকে পড়েছে। অথচ আমাদের স্বাস্থ্যব্যবস্থা এখনো অনেকটাই রোগ হওয়ার পর চিকিৎসার দিকে বেশি ঝুঁকে আছে। স্কুলে স্বাস্থ্যশিক্ষা, এলাকায় রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা, মানসিক স্বাস্থ্য কাউন্সেলিং, পুষ্টিসচেতনতা এবং তামাক নিয়ন্ত্রণএসবকে বাজেটের কেন্দ্রীয় অংশ করতে হবে।

সব শেষে স্বাস্থ্য খাতে সংস্কার মানে শুধু মন্ত্রণালয়ের কাজ নয়। স্থানীয় জনপ্রতিনিধি, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, গণমাধ্যম, গবেষক এবং সাধারণ মানুষসবাইকে যুক্ত করতে হবে। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি শুধু কাগজে থাকলে হবে না; সেখানে রোগীর প্রতিনিধি, নারী প্রতিনিধি ও স্থানীয় নাগরিক সমাজের অংশগ্রহণ দরকার। ভালো সেবার পুরস্কার এবং দুর্নীতি বা অবহেলার শাস্তিদুটিই দৃশ্যমান হতে হবে।

স্বাস্থ্য বাজেটের বড় অঙ্ক আমাদের আশাবাদী করে, কিন্তু চোখ বন্ধ করে উচ্ছ্বাস করার সময় এখনো আসেনি, বরং এখনই সবচেয়ে বেশি সতর্ক হওয়ার সময়। কারণ প্রতিটি টাকা যদি সঠিক জায়গায় না যায়, তাহলে বাজেট বড় হলেও মানুষের কষ্ট ছোট হবে না। বাংলাদেশকে সত্যিকার অর্থে মানবিক রাষ্ট্র বানাতে হলে স্বাস্থ্যকে দয়া নয়, অধিকার হিসেবে দেখতে হবে। বাজেটের সাফল্য শেষ পর্যন্ত সংসদের কাগজে নয়, মাপা হবে গ্রামের হাসপাতালে শিশুর চিকিৎসা, মায়ের নিরাপদ প্রসব, বৃদ্ধের ওষুধ পাওয়া এবং দরিদ্র রোগীর সম্মানজনক সেবায়।

তবু হতাশ হওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশের স্বাস্থ্য খাত অনেক সীমাবদ্ধতার মধ্যেও বড় বড় সাফল্য দেখিয়েছেটিকাদান কর্মসূচি, মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু কমানো, কমিউনিটি ক্লিনিকের বিস্তার, দুর্যোগের সময় স্বাস্থ্যকর্মীদের ভূমিকাএসব আমাদের আশা দেখায়। তাই আজকের প্রয়োজন হলো সেই অভিজ্ঞতাকে ভিত্তি করে নতুনভাবে এগিয়ে যাওয়া। সরকার যদি স্বাস্থ্য বাজেটকে শুধু বরাদ্দের অঙ্ক হিসেবে না দেখে মানুষের জীবনমান উন্নয়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করে, তাহলে এই খাত সত্যি বদলে যেতে পারে।

এ জন্য সরকারের প্রথম কাজ হওয়া উচিত মাঠ পর্যায়ের সেবা শক্তিশালী করা। উপজেলা হাসপাতাল, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকে ডাক্তার, নার্স, টেকনিশিয়ান, ওষুধ ও পরীক্ষা-নিরীক্ষার মৌলিক সুবিধা নিশ্চিত করতে হবে। বড় শহরের হাসপাতালে চাপ কমাতে হলে গ্রামের মানুষকে গ্রামেই ভালো প্রাথমিক চিকিৎসা দিতে হবে। একই সঙ্গে যে পদগুলো দীর্ঘদিন শূন্য পড়ে আছে, সেগুলো দ্রুত পূরণ করা জরুরি। শুধু ভবন বানালেই স্বাস্থ্যসেবা হয় না, মানুষের পাশে দাঁড়ানোর মতো প্রশিক্ষিত জনবলই স্বাস্থ্যব্যবস্থার আসল প্রাণ।

দ্বিতীয়ত, স্বাস্থ্য খাতে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে হবে। কোন হাসপাতালে কত টাকা বরাদ্দ হলো, কত ওষুধ কেনা হলো, কোন যন্ত্র নষ্ট হয়ে পড়ে আছে, কতজন রোগী সেবা পেলএসব তথ্য নিয়মিতভাবে প্রকাশ করা উচিত। এতে জনগণের আস্থা বাড়বে, অপচয় কমবে এবং দায়িত্বপ্রাপ্তদের কাজের মানও উন্নত হবে। সরকারি হাসপাতালের সেবা যদি সহজ, দ্রুত ও সম্মানজনক হয়, তাহলে সাধারণ মানুষ বেসরকারি খাতে অতিরিক্ত খরচ করতে বাধ্য হবে না।

তৃতীয়ত, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে জাতীয় অগ্রাধিকার করতে হবে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ক্যান্সার, মানসিক স্বাস্থ্য সমস্যা এবং পুষ্টিহীনতাএসব রোগ ধীরে ধীরে পরিবারকে আর্থিকভাবে দুর্বল করে দিচ্ছে। তাই স্কুল, কর্মস্থল, গ্রাম ও শহরের মহল্লাভিত্তিক স্বাস্থ্যসচেতনতা, নিয়মিত স্ক্রিনিং এবং সহজ পরামর্শসেবা চালু করা সময়ের দাবি। রোগ হওয়ার পর ব্যয়বহুল চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধ সব সময় সস্তা, মানবিক এবং কার্যকর।

সব শেষে বলা যায়, স্বাস্থ্য খাতের সংস্কার কোনো এক দিনের কাজ নয়, এটি একটি ধারাবাহিক জাতীয় অঙ্গীকার। সরকার, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, গণমাধ্যম, নাগরিক সমাজ এবং সাধারণ মানুষসবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা চাই এমন বাংলাদেশ, যেখানে গরিব মানুষ চিকিৎসা খরচের জন্য হাসপাতালে যেতে ভয় পাবে না; যেখানে গ্রামের মা নিরাপদ প্রসবের নিশ্চয়তা পাবে; যেখানে বৃদ্ধ মানুষ নিয়মিত ওষুধ পাবে; যেখানে প্রতিটি নাগরিক সম্মানের সঙ্গে স্বাস্থ্যসেবা পাবে। সরকারের হাতে এখন সুযোগ আছে বড় বাজেটকে বড় পরিবর্তনে রূপ দেওয়ার। সঠিক পরিকল্পনা, সুষ্ঠু বাস্তবায়ন এবং মানুষের প্রতি দায়বদ্ধতা থাকলে বাংলাদেশের স্বাস্থ্য খাত আগামী দিনে আরো ন্যায়ভিত্তিক, শক্তিশালী ও মানবিক হয়ে উঠবেএই আশাই আমাদের এগিয়ে রাখুক।

 

লেখক : জনস্বাস্থ্য কর্মী ও প্রশিক্ষক

বিনিয়োগ : ভিয়েতনাম মডেল থেকে শিক্ষা নিতে পারে বাংলাদেশ

মাসুদ রুমী

বিনিয়োগ : ভিয়েতনাম মডেল থেকে শিক্ষা নিতে পারে বাংলাদেশ

বৈশ্বিক অর্থনীতিতে যে কয়েকটি দেশ নিজেদের ভাগ্য পরিবর্তনের গল্প রূপকথার মতো লিখেছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার উদীয়মান শক্তি ভিয়েতনাম তাদের অন্যতম। ব্যবসাবান্ধব শুল্কনীতি, দক্ষ মানবসম্পদ এবং রাজনৈতিক স্থিতিশীলতার সমন্বয়ে দেশটি গ্লোবাল ম্যানুফ্যাকচারিংয়ের নতুন পাওয়ারহাউসে পরিণত হয়েছে। কয়েক দশকে তৈরি পোশাক ও জুতা শিল্পের গণ্ডি পেরিয়ে ভিয়েতনাম এখন বিশ্বমানের টেক জায়ান্টদেরও প্রথম পছন্দের গন্তব্য। চীনের বিকল্প খুঁজতে থাকা স্যামসাং, অ্যাপল ও ফক্সকনের মতো কম্পানিগুলোর জন্য ভিয়েতনাম লালগালিচা বিছিয়ে দিয়েছে।

একের পর এক মুক্ত বাণিজ্য চুক্তি এবং ট্যাক্স হলিডের মতো আকর্ষণীয় প্রণোদনার মাধ্যমে দেশটি শত শত কোটি ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ করেছে। এই বিনিয়োগের জোয়ারে স্থানীয় অবকাঠামো চাঙ্গা হয়েছে, লাখ লাখ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং একসময়ের যুদ্ধবিধ্বস্ত ভিয়েতনাম এশিয়ার সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির অন্যতম উদাহরণে পরিণত হয়েছে।

১৯৮৬ সালের দোই মোই বা অর্থনৈতিক সংস্কার নীতির মাধ্যমে চরম দারিদ্র্যপীড়িত দেশটি এখন উচ্চ প্রযুক্তির ম্যানুফ্যাকচারিং ও চিপশিল্পের অন্যতম বৈশ্বিক কেন্দ্র হয়ে উঠেছে। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধ ও ভূ-রাজনৈতিক টানাপোড়েনকে কৌশলগতভাবে কাজে লাগিয়ে ভিয়েতনাম বিলিয়ন বিলিয়ন ডলারের এফডিআই নিজেদের ঘরে তুলেছে, তা এককথায় বিস্ময়কর। এই সাফল্য শুধু অর্থনৈতিক নয়, বরং সুদূরপ্রসারী রাজনৈতিক ও কৌশলগত দূরদর্শিতার ফসল।

বিনিয়োগ : ভিয়েতনাম মডেল থেকে শিক্ষা নিতে পারে বাংলাদেশঅন্যদিকে প্রায় সমসাময়িক সময়ে অর্থনৈতিক যাত্রা শুরু করা এবং সস্তা শ্রমের বিশাল জনমিতিক লভ্যাংশ (পপুলেশন ডিভিডেন্ড) থাকা সত্ত্বেও বাংলাদেশ আজও প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আকর্ষণে স্থবিরতার মধ্য দিয়ে যাচ্ছে। ভিয়েতনামের অর্থনৈতিক উল্লম্ফন এবং বাংলাদেশের এই দীর্ঘস্থায়ী অনগ্রসরতা দুই দেশের নীতিমালার পার্থক্যকেই স্পষ্ট করে।

ভিয়েতনামের কৌশল : ভিয়েতনামের এই অভাবনীয় বিনিয়োগ সাফল্যের পেছনে রয়েছে তাদের অত্যন্ত বাস্তবমুখী ও চতুর ভূ-রাজনৈতিক অর্থনৈতিক কৌশল, যা বিশ্ব অর্থনীতিতে চীন প্লাস ওয়ান মডেল নামে পরিচিত। কোনো কম্পানি তাদের পণ্য উৎপাদনের জন্য শুধু চীনের ওপর নির্ভর না করে বিকল্প হিসেবে অন্য অন্তত একটি দেশে কারখানা স্থাপন বা বিনিয়োগ করাকে চীন প্লাস ওয়ান মডেল বলে। গত এক দশকে বিশ্বের বড় বড় বহুজাতিক জায়ান্ট চীনের ওপর তাদের উৎপাদন ও সরবরাহ শৃঙ্খলের সম্পূর্ণ নির্ভরতা কমাতে বিকল্প গন্তব্য হয়ে ওঠে ভিয়েতনাম।

চীন ও ভিয়েতনামের মধ্যে ঐতিহাসিক বৈরিতা ও সীমান্ত বিতর্ক থাকলেও ভিয়েতনামের কমিউনিস্ট নেতৃত্ব রাজনৈতিক আদর্শ দিয়ে কখনো তাদের অর্থনৈতিক স্বার্থকে প্রভাবিত হতে দেয়নি। তারা অত্যন্ত সুকৌশলে বেইজিংয়ের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করেছে, আবার একই সঙ্গে ওয়াশিংটন এবং ব্রাসেলসের সঙ্গেও নিজেদের বাণিজ্যের পরিধি বাড়িয়েছে। চীনের সরবরাহ শৃঙ্খল, কাঁচামাল বা যন্ত্রাংশ খুব সহজেই সড়ক ও রেলপথের মাধ্যমে ভিয়েতনামে চলে আসে। বাংলাদেশ এই সুবিধা নেওয়ার মতো বিশাল ভূ-রাজনৈতিক সুযোগ সামনে পেয়েও শুধু কৌশলগত দূরদর্শিতা এবং সময়োপযোগী অবকাঠামোগত প্রস্তুতির অভাবে তা কাজে লাগাতে পারেনি।

ভিয়েতনামে চীনা পুঁজির মহীরুহ : ভিয়েতনামের মোট বিদেশি বিনিয়োগের দিকে তাকালে দেখা যাবে, সেখানে চীনা পুঁজির প্রভাব দিন দিন কতটা বাড়ছে। ২০২৫ সালে চীন ও হংকং থেকে ভিয়েতনামে বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় প্রায় ৮.১৪ বিলিয়ন ডলার। ২০২৬ সালের প্রথম চার মাসে চীন ছিল ভিয়েতনামে তৃতীয় বৃহত্তম বিনিয়োগকারী। আরো বিস্ময়কর হলো, ২০২৫ সালে ভিয়েতনামের মোট এফডিআইয়ের অর্ধেকেরও বেশি প্রায় ৫৬.৫ শতাংশ এসেছে প্রসেসিং ও ম্যানুফ্যাকচারিং খাতে। ভিয়েতনামে চীনা বিনিয়োগের গুণগত মানেও এসেছে এক আমূল পরিবর্তন। সেখানে স্যামসাং, অ্যাপল ও ফক্সকনের মতো বৈশ্বিক প্রযুক্তি জায়ান্টরা ভিয়েতনামে তাদের বিশাল উৎপাদন লাইন গড়ে তুলেছে। অথচ স্যামসাং বাংলাদেশেও আসতে চেয়েছিল, কিন্তু জমিসংক্রান্ত জটিলতা ও আমলাতান্ত্রিক হয়রানির কারণে আমরা ধরে রাখতে পারিনি।

আমলাতান্ত্রিক ও আইনি সংস্কারের বিপ্লব : বিনিয়োগকারীরা শুধু একটি দেশের সস্তা শ্রমের দিকে তাকান না, তাঁরা দেখেন সেখানে ব্যবসা শুরু করার এবং তা টিকিয়ে রাখার প্রক্রিয়া কতটা সহজ ও গতিশীল। ভিয়েতনাম শুধু প্রাকৃতিক বা ভৌগোলিক সুবিধার ওপর ভরসা করে বসে থাকেনি। তারা বছরের পর বছর ধরে একের পর এক আমূল প্রশাসনিক, প্রাতিষ্ঠানিক ও আইনি সংস্কার করেছে। বিশেষ করে তাদের নতুন অর্থনৈতিক ইশতেহার এবং বিশেষ রেজল্যুশনের মাধ্যমে তাদের বিনিয়োগনীতিকে বৈশ্বিক মানদণ্ডে সবচেয়ে আধুনিক করে তোলা হয়েছে।

ভিয়েতনামে বিনিয়োগের লাইসেন্স পাওয়ার সময়সীমা অতীতে যেখানে ৩০ থেকে ৪৫ দিন ছিল, তা প্রাতিষ্ঠানিক ডিজিটাইজেশনের মাধ্যমে নামিয়ে আনা হয়েছে মাত্র সাত থেকে ১৫ দিনে। আরো বিস্ময়কর বিষয় হলো, উচ্চ প্রযুক্তি, সেমিকন্ডাক্টর বা কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের মতো কৌশলগত খাতের জন্য তারা চালু করেছে সবুজ ঋণ, যা দ্রুত পাওয়ার নিশ্চয়তা দেয় দেশটি। এই ব্যবস্থার অধীনে কোনো বড় বৈশ্বিক প্রতিষ্ঠান আবেদন করলে মাত্র ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে কিছু প্রাথমিক লাইসেন্স ও অনুমোদন স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয়ে যায়।

একই সঙ্গে ভিয়েতনাম সরকার সম্প্রতি মাত্র এক মাসের ব্যবধানে ১১টি বিশেষ রেজল্যুশনের মাধ্যমে ৫৬টি শর্তযুক্ত ব্যাবসায়িক খাত সম্পূর্ণ বিলুপ্ত করেছে এবং প্রায় এক হাজার ৭৫৪টি ব্যাবসায়িক শর্ত বা নিয়ম-কানুন শিথিল করেছে। এর ফলে বেসরকারি খাত এবং বিদেশি বিনিয়োগকারীদের আইনি নিয়ম মানার পেছনে অপ্রয়োজনীয় ব্যয় এক ধাক্কায় প্রায় ৫৪.৬ শতাংশ কমে গেছে।

উচ্চ প্রযুক্তির এবং পরিবেশবান্ধব শিল্পের জন্য ভিয়েতনামের করকাঠামো অত্যন্ত আকর্ষণীয়। তারা এ ধরনের শিল্পের ক্ষেত্রে চার বছর সম্পূর্ণ কর মওকুফ এবং পরবর্তী ৯ বছর অর্ধেক কর দেওয়ার নীতি অত্যন্ত কঠোরভাবে ও দীর্ঘ মেয়াদে বজায় রেখেছে। করের এই হার বা নীতি হুট করে কোনো বাজেটে পরিবর্তন করা হয় না, যা বিনিয়োগকারীদের ১০ বা ১৫ বছরের দীর্ঘমেয়াদি ব্যাবসায়িক পরিকল্পনা সাজাতে দারুণভাবে সাহায্য করে।

মানবসম্পদ খাতের রূপান্তর : ভিয়েতনামের রূপান্তরের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো তাদের শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন। তারা বুঝতে পেরেছে, সস্তা ও অদক্ষ শ্রমিকের ওপর ভরসা করে থাকলে তারা চিরকাল নিম্নমধ্যম আয়ের দেশ হয়েই থাকবে। তাই তারা তৈরি পোশাকের মতো কম মূল্য সংযোজনকারী খাত থেকে বেরিয়ে উচ্চ প্রযুক্তির সেমিকন্ডাক্টর শিল্পের দিকে ধাবিত হয়েছে। ২০৩০ সালের মধ্যে ৫০ হাজার থকে এক লাখ চিপ প্রকৌশলী তৈরির একটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে দেশটির সরকার এক বিলিয়ন ডলারের বেশি বিশেষ তহবিল বরাদ্দ করেছে। বর্তমানে ভিয়েতনামের ৩৫টিরও বেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরাসরি সেমিকন্ডাক্টর ও চিপ ডিজাইন নিয়ে কাজ করছে।

লজিস্টিকস ও অবকাঠামোর মানদণ্ড : ভিয়েতনামে তিনটি সচল মেগাপোর্টসহ (হাই ফং, ক্যাট লাই, কাই মেপ) মোট ৩৪টি বন্দর ও ৩২০টি টার্মিনাল রয়েছে। এগুলো সরাসরি বিশ্বের বৃহত্তম কনটেইনার মাদার ভেসেল বা জাহাজ নোঙর করতে পারে। অন্যদিকে বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামে গভীরতার (ড্রাফট) সীমাবদ্ধতার কারণে বড় মাদার ভেসেলগুলো সরাসরি ভিড়তে পারে না। মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরটি চালু হলে এই সংকট অনেকটাই কেটে যাবে।

বিশ্বব্যাংকের লজিস্টিকস পারফরম্যান্স ইনডেক্সে (এলপিআই) ভিয়েতনামের অবস্থান বেশ ওপরের দিকে (র‌্যাংক ৪১)। তাদের সমন্বিত মাল্টিমোডাল যোগাযোগ ব্যবস্থার কারণে পণ্য পরিবহনের সময় ও খরচ অনেক কম। কিন্তু বিশ্বব্যাংকের লজিস্টিকস সূচকে বাংলাদেশের অবস্থান ১০০-এর কাছাকাছি। আমলাতান্ত্রিক জটিলতা ও ধীরগতির কাস্টমস ক্লিয়ারেন্সের কারণে পণ্য খালাসে সময় বেশি লাগে।

বাংলাদেশ বনাম ভিয়েতনাম : একটি দেশের অর্থনৈতিক গভীরতা বোঝা যায় তার বাণিজ্য ও বিনিয়োগের চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে। বাংলাদেশ ও চীনের মধ্যে বার্ষিক মোট দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ যেখানে প্রায় ২৪ বিলিয়ন ডলার, সেখানে ভিয়েতনাম ও চীনের মধ্যে বার্ষিক মোট দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ২৫৬.৪ বিলিয়ন ডলার। আমদানির ক্ষেত্রে দেখা যায়, বাংলাদেশ চীন থেকে প্রতিবছর প্রায় ২২.৮ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে, যার মধ্যে রয়েছে তুলা, সুতা, সিনথেটিক ফ্যাব্রিকস এবং ভারী যন্ত্রপাতি। কিন্তু চীনে রপ্তানি করতে পারে মাত্র ১.১৬ বিলিয়ন ডলার। ফলে চীনের সঙ্গে বাংলাদেশের বার্ষিক বাণিজ্য ঘাটতি প্রকট, যার পরিমাণ ২১.৬৪ বিলিয়ন ডলার।

অন্যদিকে ভিয়েতনাম চীন থেকে বিশাল অঙ্কের পণ্য আমদানি করলেও চীনে বার্ষিক প্রায় ৯৪ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে। ভিয়েতনাম চীন থেকে পার্টস আমদানি করে নিজেদের কারখানায় হাই-টেক পণ্য তৈরি করে সেগুলো আবার বিশ্ববাজারে বিক্রি করছে।

বিনিয়োগের ক্ষেত্রে চিত্রটি আরো বেশি বৈসাদৃশ্যপূর্ণ। ২০২৫ সালে বাংলাদেশের নিট এফডিআই ছিল মাত্র ১.৭৭ বিলিয়ন ডলার। ২০২৬ সালের প্রথম ছয় মাসে তা দাঁড়িয়েছে মাত্র এক বিলিয়ন ডলারে। অথচ ২০২৫ সালে ভিয়েতনামে মোট নিবন্ধিত এফডিআই ছিল ৩৮.৪২ বিলিয়ন ডলার, যা ২০২৬ সালের প্রথম চার মাসেই ১৮.২৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে। ভিয়েতনামের এফডিআই স্টক ২০২৪ সালে ছিল ২৪৯.১৪ বিলিয়ন ডলার, যা বাংলাদেশের চেয়ে ১৩ গুণের বেশি। বাংলাদেশের মাথাপিছু এফডিআই মাত্র ৯ ডলার, যেখানে ভিয়েতনামে তা ১৭৫ ডলার।

আরো উদ্বেগের বিষয় হলো, বাংলাদেশে যে সামান্য এফডিআই আসে, তার গুণগত মান অত্যন্ত দুর্বল। বাংলাদেশে মূলত তৈরি পোশাক বা টেলিকম খাতে আগে থেকে ব্যবসা করা বিদ্যমান বিদেশি কম্পানিগুলোর অর্জিত মুনাফা পুনর্বিনিয়োগ করাকেই মোট এফডিআই হিসেবে দেখানো হচ্ছে।

আমাদের গলদ যেখানে : বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং সস্তা শ্রমের সুবিধা থাকা সত্ত্বেও কেন আমরা এফডিআই আকর্ষণে ব্যর্থ, তার আসল সমস্যাগুলো কাঠামোগত।

প্রথমত, অবকাঠামো ও জ্বালানি। ভিয়েতনাম যেখানে বিনিয়োগকারীদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করেছে, সেখানে বাংলাদেশের বাস্তব চিত্র হলো গ্যাস-বিদ্যুতের তীব্র সংকট। এতে বিশ্ববাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা কমছে। 

দ্বিতীয়ত, আমলাতন্ত্র। ভিয়েতনামে মাত্র সাত থেকে ১৫ দিনে লাইসেন্স দেওয়া হয়, অথচ বাংলাদেশে একটি লাইসেন্স পেতে মাসের পর মাস সময় লেগে যায়।

তৃতীয়ত, নীতিমালার ধারাবাহিকতার অভাব। ভিয়েতনামে ১০ থেকে ১৫ বছরের জন্য করনীতি অপরিবর্তিত থাকে, কিন্তু বাংলাদেশে প্রায় প্রতিবছর বাজেটে করের হার হুট করে বদলে যায়।

চতুর্থত, ডলার সংকট। বাংলাদেশে ডলার সংকটের সময় বিদেশি বিনিয়োগকারীদের অর্জিত মুনাফা সহজে নিজেদের দেশে নিতে ভোগান্তি পোহাতে হয়েছে।

পঞ্চমত, দক্ষ মানবসম্পদের অভাব। আমাদের গ্র্যাজুয়েটরা তাত্ত্বিক বিদ্যায় আটকে আছেন, অথচ ভিয়েতনামের শ্রম উৎপাদনশীলতা বাংলাদেশের চেয়ে প্রায় ৪০ শতাংশ বেশি।

বাংলাদেশের দীর্ঘদিনের এই বিনিয়োগ খরা দূর করার ক্ষেত্রে আশার আলো সঞ্চার করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর। গত ২৬ জুনে বেইজিংয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে চীনের ১২টি শীর্ষস্থানীয় মেগাকম্পানি বাংলাদেশে রেকর্ড ৯.২১ বিলিয়ন ডলার মূল্যের বিনিয়োগের প্রস্তাব পেশ করেছে। চীনের সঙ্গে ১৭টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে এবং মোংলা ও চট্টগ্রামে চীনা বিনিয়োগের জন্য বিশেষ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এখন প্রয়োজন এই বিপুল বিনিয়োগের প্রস্তাবকে আমলাতান্ত্রিক লালফিতার দৌরাত্ম্যমুক্ত রেখে দ্রুত বাস্তবে রূপদান করা। ভিয়েতনামের সাফল্য থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ যদি তার নীতিগত ধারাবাহিকতা, অবকাঠামোগত নিশ্চয়তা, আমলাতান্ত্রিক গতিশীলতা এবং মানবসম্পদ উন্নয়ন নিশ্চিত করতে পারে, তবেই শুধু এই বিপুল সম্ভাবনাকে সার্থক করা সম্ভব হবে। অন্যথায় রূপকথার গল্পগুলো শুধু ভিয়েতনামেরই থাকবে, আমরা শুধু দূর থেকে দীর্ঘশ্বাস ফেলব।

লেখক : সাংবাদিক ও বিশ্লেষক

কালের কণ্ঠের উপসম্পাদক

করোনার দীর্ঘ উপস্থিতি এবং নতুন স্বাভাবিকতা | কালের কণ্ঠ