রেশমীর মনটা আজ খুব খুশি! জিটিভির প্রতিযোগিতামূলক অনুষ্ঠান 'আজকের অনন্যা'য় অংশ নিয়ে সেরা হয়েছেন। বুদ্ধির খেলায় হারিয়েছেন অন্য তিন শিল্পী-মিমি, জুলি ও পুতুলকে। চারটি পুরস্কারও পেয়েছেন। আর তাই বেশ ফুরফুরে মেজাজে 'পাওয়ার ভয়েস' প্রতিযোগিতা থেকে আসা এই গায়িকা, 'ছোটবেলা থেকেই আমার বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়ার অভ্যাস। জীবনে অনেকবারই প্রথম হয়েছি। প্রথম হওয়ার মধ্যে অন্য রকম একটা আনন্দ আছে। এটা মানুষকে ভালো কাজ করতে স্পিড জোগায়।' 'আজকের অন্যন্যা'য় প্রথম হওয়ার চেয়েও আরেকটি বিষয় বেশি আনন্দ দিয়েছে খুলনায় জন্ম নেওয়া এই মেয়েকে। সেখানে উপস্থিত সবাই তাঁর প্রথম মিউজিক ভিডিও 'নিন্দুক'-এর প্রশংসা করেছে। সম্প্রতি ভিডিওটির প্রচার শুরু হয়েছে। মীর মাসুমের সুর-সংগীতে গানটি লিখেছেন ইফতেখার সুজন। ভিডিওটি বানিয়েছেন ইয়ামিন এলান। প্রথম মিউজিক ভিডিওর মতো প্রথম একক অ্যালবামের জন্যও শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক মন্তব্য পাচ্ছেন। অ্যালবামটির নাম 'রেশমী ও মাটি'। প্রকাশ করেছে অ্যাম্বার রেকর্ডস। এতে 'মাটি' গানটির 'রক' ও 'অ্যাকুস্টিক' ভার্সনসহ ৯টি গান রয়েছে। বাকিগুলোর শিরোনাম 'খোদা', 'সত্য বচন', 'সাংরাই', 'জলখেলা', 'পোড়া মন', 'মন্দ ভালো', 'মুশকিলে কানাই', 'উল্টো পথে'। শেষেরটিতে রেশমী দ্বৈত কণ্ঠ দিয়েছেন ওস্তাদ শফি মণ্ডলের সঙ্গে। 'প্রায় ১৫ বছর ধরে আমি গান করছি। স্বপ্ন ছিল নিজের একটি একক অ্যালবাম বের করার। এবার সেটা করতে পেরে শান্তি লাগছে। এ জন্য ধন্যবাদ দিতে চাই মীর মাসুম ভাইকে। তিনি সব গানের সুর ও সংগীত করেছেন। নিজে দায়িত্ব নিয়ে অ্যালবামটি বের করে দিয়েছেন'-বলছিলেন রেশমী। অ্যালবামের নাম 'রেশমী ও মাটি' কেন? বলেন, 'আমি মাটির গান করতে পছন্দ করি। এই অ্যালবামের বেশির ভাগ গানও মাটির। সঙ্গে নিজের নামটাকে জুড়ে দিয়েছি, ব্যস।' গানগুলোর জন্য ভালো রেসপন্স পাচ্ছেন বলেও দাবি তাঁর। কিছুদিনের মধ্যে অ্যালবামের 'মাটি' ও 'জলখেলা' গানের মিউজিক ভিডিও প্রকাশ করবেন। কাজ করতে গিয়ে অ্যালবামটির নামে একটি ব্যান্ডও গড়ে ফেলেছেন। কিভাবে? শোনা যাক রেশমীর কণ্ঠেই-'আমার কণ্ঠ আর মাসুম ভাইয়ের সুর-সংগীত হলেও অ্যালবামটিতে আরো কয়েকজন আমাদের সঙ্গে বাজিয়েছেন। কাজ করতে গিয়ে মাসুম ভাই বললেন, এই নামে একটি ব্যান্ড হলে মন্দ হয় না। প্রস্তাবটি মনঃপূত হয় বাকিদেরও।' গত ঈদ থেকে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছে ব্যান্ডটি। এটির লাইনআপে রেশমী (ভোকাল) ছাড়াও রয়েছেন মীর মাসুম (কি-বোর্ড), বিকাশ রায় (ড্রামস), জাকির রানা (বেজ), সজীব চৌধুরী (লিড) ও মাখন (অ্যাকুস্টিক)। কয়েক দিন আগে ডিজে রাহাতের ফিচারিংয়ে তাঁর নতুন মিক্সড অ্যালবামে গেয়েছেন রেশমী। এখন গানটির মিউজিক ভিডিওর কাজ চলছে। কিছুদিনের মধ্যেই বিভিন্ন টিভি চ্যানেল এবং অনলাইনে ভিডিওটি প্রকাশ করা হবে। অডিওর পাশাপাশি প্লেব্যাক নিয়েও অনেক স্বপ্ন রেশমীর। ইফতেখার চৌধুরীর 'অ্যাকশন জেমমিন' ছবির টাইটেল গানটি দিয়ে এই মাধ্যমে অভিষেক তাঁর।