• ই-পেপার

পিজিআর সদর দপ্তরে রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ারকে তাঁর বর্তমান পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। গত শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এই কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তবে তাঁকে প্রত্যাহারের পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।

 

 

টেকসই নগরায়ণে এসটিপি বাস্তবায়নে জোর

নিজস্ব প্রতিবেদক
টেকসই নগরায়ণে এসটিপি বাস্তবায়নে জোর

নগর উন্নয়নে আধুনিক পয়োনিষ্কাশন ব্যবস্থা, কার্যকর পয়োবর্জ্য ব্যবস্থাপনা এবং স্যুয়ারেজ ট্রিটমেন্ট (এসটিপি) বাস্তবায়নের মাধ্যমে পরিবেশসম্মত ও টেকসই নগরায়ণ নিশ্চিতের লক্ষ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) একটি গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশনের আয়োজন করেছে। গতকাল রাজউক ভবনের সভাকক্ষে এই আয়োজনে সরকারি কর্মকর্তা, প্রকৌশলী, নগর পরিকল্পনাবিদ, আবাসন খাতের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। এ ছাড়া ঢাকা ওয়াসার প্রধান প্রকৌশলী, রিহ্যাবের সভাপতি, গুলশান, বনানী, নিকেতন ও বারিধারা সোসাইটির প্রতিনিধিসহ রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

রাজউক চেয়ারম্যান বলেন, দ্রুত নগরায়ণের ফলে পরিবেশসম্মত পয়োনিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ। এ কারণে ইমারত নির্মাণ বিধিমালা-২০২৫ অনুযায়ী ভবনে এসটিপি স্থাপন অত্যাবশ্যক এবং এর কার্যকর কোনো বিকল্প নেই।

 

 

 

ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নিবন্ধন শুরু

নিজস্ব প্রতিবেদক
ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নিবন্ধন শুরু

দেশজুড়ে নতুন ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর নিবন্ধন শুরু হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে এই প্রতিযোগিতায় ১২ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীরা ১০টি খেলায় অংশ নেওয়ার সুযোগ পাবে।

সম্প্রতি মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৩১ আগস্ট পর্যন্ত অনলাইনে নিবন্ধন করা যাবে। আগ্রহীরা notunkurisports.gov.bd ওয়েব সাইটে আবেদন করতে পারবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্ম তারিখ ১ সেপ্টেম্বর ২০১২ থেকে ৩১ আগস্ট ২০১৪-এর মধ্যে হতে হবে।

এবারের আয়োজনে ফুটবল, ক্রিকেট, কারাতে, অ্যাথলেটিক্স, ভলিবল, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার, টেবিল টেনিস ও মার্শাল আর্ট (কারাতে, উশু, তায়কোয়ান্দো ও জুডো) ইভেন্ট রাখা হয়েছে। একজন প্রতিযোগী সর্বোচ্চ দুটি খেলায় অংশ নিতে পারবে।

 

যৌতুক না পেয়ে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
যৌতুক না পেয়ে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ

রাজধানীর মিরপুরের বড়বাগ এলাকায় যৌতুক না পেয়ে স্বামীর বিরুদ্ধে গার্মেন্টকর্মী স্ত্রীকে পরিকল্পিতভাবে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী সোহেল পলাতক রয়েছেন।

নিহত গৃহবধূর নাম শিফা আক্তার (১৯)। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় গতকাল রবিবার বিকেল ৩টার দিকে তাঁর মৃত্যু হয়।

নিহত শিফা আক্তার কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার নওগাঁ গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে জানিয়ে পারিবারিক সূত্র বলছে, একই উপজেলার বাসিন্দা স্বামী সোহেল। বর্তমানে তিনি বড়বাগ আসমত গার্মেন্টসের পাশে থাকতেন।

সোহেল ও শিফা দুজনই গার্মেন্টসে কাজ করতেন জানিয়ে পারিবারিক সূত্র বলছে, গত আট মাস আগে তাঁদের বিয়ে দেয় হয়। গত ২৪ জুন রাতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পর যৌতুক না পেয়ে তাঁর স্বামী সোহেল শিফার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেন।

নিহত শিফা আক্তারের বাবা জাহাঙ্গীর আলম একজন ঝালমুড়ি বিক্রেতা। দরিদ্র বাবার পক্ষে মেয়ের স্বামীর যৌতুকের চাহিদা মেটানো সম্ভব ছিল না। এর পরও বিয়ের সময় জামাই সোহেলের কথামতো মেয়েকে পাঁচ ভরি স্বর্ণ ও নগদ টাকা দেন। কিন্তু জামাই তাঁর কাছে ছয় ভরি স্বর্ণ ও নগদ দুই লাখ টাকা দাবি করেন।

নিহত শিফা আক্তারের বাবা জাহাঙ্গীর আলম বলেন, প্রায় আট মাস আগে পোশাককর্মী সোহেলের সঙ্গে শিফার বিয়ে হয়। এর পর থেকেই যৌতুকের দাবিতে তাঁর ওপর বিভিন্নভাবে নির্যাতন চালানো হতো। গত ২৪ জুন রাত সাড়ে ৮টার দিকে মিরপুর-২ এলাকার বড়বাগ আমজাদ গার্মেন্টসসংলগ্ন বাসায় শিফার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন সোহেল। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করান। তবে ঘটনাটি পরিবারকে জানানো হয় গভীর রাতে।

বাবা জাহাঙ্গীর আলম বলেন, ‘হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেয়ে শিফা নিজেই তাঁকে জানিয়েছিল যৌতুকের লোভে তাঁর স্বামী শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন।’