• ই-পেপার

ডাকাতের হামলায় আহত এসি ল্যান্ড

ভূমি প্রতিমন্ত্রী

বিএনপি সরকার কৃষিবান্ধব সরকার

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
বিএনপি সরকার কৃষিবান্ধব সরকার

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, দেশের অর্থনৈতিক মেরুদণ্ড প্রান্তিক পর্যায়ের কৃষক। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রান্তিক কৃষকদের উৎসাহ জোগাতে সারা দেশে প্রায় সাড়ে ১২ লাখ কৃষকের ১০ হাজার
টাকার সুদসহ কৃষিঋণ মওকুফ করেছেন। এতে বোঝা যায়, বিএনপি সরকার কৃষিবান্ধব সরকার।

গতকাল শনিবার চট্টগ্রামের হাটহাজারী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট অডিটরিয়ামে প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬-এর অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, প্রায় ৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়ে বর্তমান সরকার যাত্রা শুরু করেছিল। তবু সরকার দেশের প্রান্তিক পর্যায়ের কৃষকের জন্য কৃষি কার্ডের ব্যবস্থা করেছে। এই কার্ড দিয়ে কৃষকরা সুলভ মূল্যে সার, বীজ ও কৃষিপণ্যসহ ব্যাংক থেকে সহজ শর্তে কৃষিঋণ নিতে পারবেন। এ ছাড়া সরকার প্রতি উপজেলায় কৃষিপণ্য সংরক্ষণের জন্য একটি করে মিনি হিমাগার স্থাপনের উদ্যোগ
নিয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হাটহাজারী আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। এতে মূল প্রবন্ধ উপস্থাপক করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন।

 

মূল্যস্ফীতি ও জিডিপি হিসাব পদ্ধতি সংস্কার করছে সরকার

নিজস্ব প্রতিবেদক
মূল্যস্ফীতি ও জিডিপি হিসাব পদ্ধতি সংস্কার করছে সরকার

দেশের অর্থনৈতিক তথ্য আরো নির্ভুল, বাস্তবসম্মত ও আন্তর্জাতিকমানের করতে ভোক্তা মূল্যসূচক (সিপিআই), মূল্যস্ফীতি, মজুরি হার সূচক এবং মোট দেশজ উৎপাদন (জিডিপি) হিসাবের পদ্ধতিতে বড় ধরনের সংস্কার আনতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে বিশেষজ্ঞদের নিয়ে দুটি কারিগরি (টেকনিক্যাল) কমিটি গঠন করা হবে। পাশাপাশি অতীতে প্রকাশিত অর্থনৈতিক তথ্যও পুনর্মূল্যায়ন করে প্রয়োজন হলে যাচাই-বাছাই করা হবে।

গতকাল শনিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আয়োজিত সিপিআই, মূল্যস্ফীতি, মজুরি হার সূচক ও জিডিপি প্রণয়নবিষয়ক মতবিনিময়সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি এ তথ্য জানান।

তিনি বলেন, দেশের উন্নয়ন পরিকল্পনা ও অর্থনৈতিক নীতিনির্ধারণের ভিত্তি হলো নির্ভুল তথ্য। তাই জিডিপি ও মূল্যস্ফীতির হিসাব আরো আধুনিক, বাস্তবসম্মত এবং গ্রহণযোগ্য করতে বর্তমান পদ্ধতি সংস্কার করা হবে। গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ব্যবসায়ী প্রতিনিধি ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে নতুন কাঠামো তৈরি করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, অতীতে প্রকাশিত তথ্যের মধ্যেও কোথাও অসংগতি বা বিকৃতির সম্ভাবনা ছিল কি না, তা পুনরায় খতিয়ে দেখা হবে। তবে এর উদ্দেশ্য কাউকে দায়ী করা নয়, বরং ভবিষ্যতের জন্য একটি নির্ভরযোগ্য ও স্বচ্ছ পরিসংখ্যান ব্যবস্থা গড়ে তোলা। জনগণের মধ্যে যে আস্থার ঘাটতি তৈরি হয়েছে, তা দূর করতে বাস্তবভিত্তিক তথ্য প্রকাশের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সভায় জানানো হয়, বর্তমানে মূল্যস্ফীতির হিসাব ৭৪৯টি পণ্য ও সেবার দামের ভিত্তিতে করা হয়। শহর ও গ্রামের বিভিন্ন বাজার থেকে সরাসরি তথ্য সংগ্রহ করে কয়েক ধাপে যাচাই-বাছাইয়ের পর চূড়ান্ত হিসাব প্রকাশ করা হয়। ভবিষ্যতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত আরো উন্নত পদ্ধতি অনুসরণ করে মূল্যস্ফীতির হিসাব করা হবে, যাতে মানুষের প্রকৃত ভোগব্যয়ের চিত্র আরো ভালোভাবে প্রতিফলিত হয়।

বিবিএস কর্মকর্তারা জানান, কারিগরি কমিটি বর্তমান সিপিআই ও জিডিপি হিসাব পদ্ধতির বিস্তারিত পর্যালোচনা করে প্রয়োজনীয় সংস্কারের সুপারিশ দেবে। সেই সুপারিশ নিয়ে আবারও অংশীজনদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

মতবিনিময়সভায় অর্থনীতিবিদ, গবেষক ও নীতিনির্ধারকরা পরিসংখ্যান আইন-২০১৩ সংশোধন, নিয়মিত জরিপ পরিচালনা, পরিসংখ্যান ব্যবস্থায় বিনিয়োগ বাড়ানো এবং তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ পদ্ধতিকে আরো শক্তিশালী করার সুপারিশ করেন। তাঁদের মতে, এসব সংস্কার বাস্তবায়িত হলে সরকারি অর্থনৈতিক পরিসংখ্যানের মান ও বিশ্বাসযোগ্যতা বাড়বে, উন্নয়ন পরিকল্পনা আরো কার্যকর হবে এবং জনগণের আস্থাও পুনরুদ্ধার হবে।

২২ হাজার ভোটারের আবেদন বাতিল

নিজস্ব প্রতিবেদক
২২ হাজার ভোটারের আবেদন বাতিল

প্রবাস থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চাওয়া প্রায় ২২ হাজার ভোটারের নিবন্ধন আবেদন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। আবেদন প্রক্রিয়া যথাযথ না ও ভুল তথ্য থাকায় তাঁদের আবেদন বাতিল হয়েছে। গতকাল শনিবার এনআইডি শাখার কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। তবে বাতিল হলেও ফের আবেদন করতে পারবেন প্রবাসীরা।

এনআইডি সূত্র বলছে, ২০২৩ সালে শুরু হওয়া এই প্রক্রিয়ায় এখন পর্যন্ত আবেদন পড়েছে ৮৯ হাজার ৮৯৭টি। তাঁদের মধ্যে বায়োমেট্রিক দিয়েছেন ৫৩ হাজার ২২৯ জন। তদন্তের পর অনুমোদন হয়েছে ৪৭ হাজার ১৩২টি আবেদন। তদন্তের পর অনুমোদনের অপেক্ষায় রয়েছে দুই হাজার ৯৭৮টি আবেদন। তদন্তের পর অনুমোদন হয়েছে ৪৭ হাজার ১৩২টি আবেদন। বাতিল হয়েছে ২২ হাজার ৩৫২টি আবেদন। সার্ভারে তথ্য আপলোডের অপেক্ষায় রয়েছে ১০ হাজার ১৪১ জনের আবেদন। আপলোড করা হয়েছে ৩৭ হাজার ১৬ জনের আবেদন। এ ছাড়া আবেদন অনুমোদনের পর এনআইডি প্রিন্ট করা হয়েছে ২২ হাজার ১৮টি। সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে যা বিতরণ চলছে।

 

 

কুড়িলে অটোরিকশার ধাক্কায় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
কুড়িলে অটোরিকশার ধাক্কায় যুবকের মৃত্যু

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় গতকাল শনিবার একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মো. ইমন হোসেন (২০) নামের এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

নিহতের পরিবার জানায়, দুপুর ১টার দিকে দুর্ঘটনায় গুরুতর আহত হন ইমন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত ইমনের বাবা টিপু সুলতান বলেন, ‘দ্রুতগামী একটি সিএনজিচালিত অটোরিকশা আমার ছেলেকে ধাক্কা দেয়। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে যাই।’ তিনি আরো বলেন, ‘আমার ছেলে ঢাকা উদ্যান সরকারি কলেজের শিক্ষার্থী। পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করত। দেড় মাস আগে আমার ছেলের বিয়ে হয়। আমি আমার বৌমাকে এখনো আমার বাসায় উঠিয়ে আনিনি। আমাদের বাসা মোহাম্মদপুরের বছিলা হাউজিংয়ে। আমার দুই ছেলে।’ ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশ খতিয়ে দেখছে।