জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘দেশের রাজনীতিতে আওয়ামী লীগ এখন আর ততটা প্রাসঙ্গিক নয়। টুকটাক বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যক্রম ও জঙ্গি কার্যক্রম হয়তো করার চেষ্টা করবে। আমি মনে করি, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও জনগণ সেটা প্রতিরোধ করবে। আলাদা করে কর্মসূচি দেওয়ার মতো গুরুত্বপূর্ণ নয়।’ গতকাল শুক্রবার পুরান ঢাকার হোসেনি দালানে পবিত্র আশুরা উপলক্ষে শিয়া মুসলিম সম্প্রদায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আসিফ।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আশা ব্যক্ত করে বলেন, এবার আশুরার অনুষ্ঠানমালা ও কর্মসূচিগুলো সব নিরাপত্তা রক্ষা বাহিনীর সহযোগিতায় এবং ব্যবস্থাপনায় যাঁরা আছেন, তাঁদের পরিশ্রমের ফলে কোনো ধরনের দুর্ঘটনা বা খারাপ ঘটনা ছাড়াই খুব সুন্দরভাবে সম্পন্ন হবে।
এই ধরনের কর্মসূচির ক্ষেত্রে সরকারের আরো বড় পরিসরে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত। তিনি বলেন, ‘যদি ভবিষ্যতে কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হয়, জাতীয় নাগরিক পার্টি এবং আমরা সব সময় পাশে থাকব। তাদের যে অনুষ্ঠানগুলো আছে এবং তাদের যে বিশ্বাস আছে, সেটাকে আমরা যথেষ্ট সম্মান ও শ্রদ্ধার সঙ্গেই দেখতে চাই।’

