• ই-পেপার

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে হারিকেন হাতে প্রতিবাদ যুবশক্তির

বংশালে হার্ডওয়্যার দোকানে আগুন, তিন কর্মচারী দগ্ধ

নিজস্ব প্রতিবেদক
বংশালে হার্ডওয়্যার দোকানে আগুন, তিন কর্মচারী দগ্ধ

রাজধানীর বংশালে একটি হার্ডওয়্যার দোকানে আগুন লেগে তিন কর্মচারী দগ্ধ হয়েছেন। গতকাল সোমবার সকালের এই ঘটনায় দগ্ধদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দগ্ধরা হলেন মিরাজ (২৫), ইফাত (২০) ও রকি (২৬)। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিত্সক শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মিরাজের শরীরের ২ শতাংশ, ইফাতের ২৫ শতাংশ এবং রকির ২৩ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁরা হাসপাতালে চিকিত্সাধীন। দোকানটির ম্যানেজার রাফিন বলেন, ঈদের ছুটির পর সকাল (সোমবার) পৌনে ১১টার দিকে বংশালের টেকেরহাট লেনের হার্ডওয়্যার দোকান খুলে তিন কর্মচারী ভেতরে প্রবেশ করেন। এ সময় তাঁদের একজন বৈদ্যুতিক সুইচ চালু করতেই হঠাত্ আগুন ধরে যায়। পরে দগ্ধ অবস্থায় তাঁদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

 

সচিবালয়

ঈদ শুভেচ্ছা ও কোলাকুলিতে কেটেছে প্রথম কর্মদিবস

নিজস্ব প্রতিবেদক
ঈদ শুভেচ্ছা ও কোলাকুলিতে কেটেছে প্রথম কর্মদিবস

পবিত্র ঈদুল আজহার টানা সাত দিনের ছুটি শেষে গতকাল সোমবার খুলেছে সরকারি অফিস। একই সঙ্গে খুলেছে দেশের সব আদালত, ব্যাংক-বীমা ও আর্থিক প্রতিষ্ঠানসহ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। সরকারের শীর্ষ প্রশাসনিক দপ্তর বাংলাদেশ সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা সকাল ৯টার কিছু আগে থেকেই নিজ নিজ দপ্তরে উপস্থিত হতে শুরু করেন, তবে সংখ্যার দিক থেকে সকালে উপস্থিতির হার অনেকটাই কম ছিল, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতির হার কিছুটা বাড়লেও তা শতভাগ
পূরণ হয়নি।

রাজধানীর আশপাশে যাঁদের বাড়ি তাঁদের অনেককেই ব্যাগসহ কর্মস্থলে আসতে দেখা গেছে। তাঁরা গাড়ি থেকে নেমে সরাসরি সরকারি অফিস সময় সকাল ৯টার পর কর্মস্থলে এসে পৌঁছেছেন। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অনেক কক্ষেই কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি ছিল কম। সচিবালয়ে উপস্থিত সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীর মধ্যে দিনজুড়েই ছিল ঈদের আবহ। অনেককে সহকর্মীদের সঙ্গে কুশল বিনিময়, ঈদের শুভেচ্ছা আদান-প্রদান এবং কোলাকুলি করতে দেখা যায়। দীর্ঘ ছুটির পর কর্মস্থলে ফিরে প্রথম দিনের একটি বড় অংশ কেটেছে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে। এসব কারণে প্রথম কর্মদিবসে বাংলাদেশ সচিবালয়ে পুরোপুরি কর্মচাঞ্চল্য ফেরেনি।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে তাঁর গাড়িবহর সকাল ৯টা ১০ মিনিটে ৫ নম্বর গেট দিয়ে সচিবালয়ে প্রবেশ করে। এর আগেই সচিবালয়ে নিজ দপ্তরে আসেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ও প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীসহ কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। সময় গড়াতে থাকলে অপরাপর মন্ত্রী-প্রতিমন্ত্রীরাও নিজ নিজ দপ্তরে আসেন। প্রতি সোমবার সচিবালয়ে দর্শনার্থীদের আগমন বন্ধ থাকে। তাই ঈদের পর প্রথম কর্মদিবস সোমবার হওয়ায় সচিবালয়ে প্রবেশের গেটগুলোতে দর্শনার্থীদের ভিড় ছিল না।  

 

ক্যাপিটালাইজার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বিইউপির দল

নিজস্ব প্রতিবেদক
ক্যাপিটালাইজার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বিইউপির দল

দেশের বিশ্ববিদ্যালয়ে পড়া শিক্ষার্থীদের আর্থিক বিশ্লেষণ, বিনিয়োগ পরিকল্পনা ও কৌশলগত চিন্তাশক্তি বিকাশে আয়োজিত অন্যতম বৃহৎ প্রতিযোগিতা ক্যাপিটালাইজার ২০২৬-এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ মে রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতাটির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেসিআই ঢাকা অ্যাস্ট্রালের উদ্যোগে এবং ইস্টার্ন ব্যাংক পিএলসি ও এসিআই লিমিটেডের সহযোগিতায় এবং গোল্ড কিনেনের সহায়তায় আয়োজিত এই প্রতিযোগিতার ব্যবস্থাপনায় ছিল বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের অর্থায়ন ও ব্যাংকিং বিভাগের অধীন বিইউপি অর্থায়ন সংঘ। মিডিয়া পার্টনার ছিল কালের কণ্ঠ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপির ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ব্রিগেডিয়ার জেনারেল আমিনুল আকবার খান এবং অর্থায়ন ও ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল মো. আতিক চৌধুরী। আয়োজকরা জানান, এ বছর দেশের ৩০টি বিশ্ববিদ্যালয় থেকে ৩০০টি দল প্রতিযোগিতায় অংশ নেয়। প্রাথমিক বাছাই ও পরবর্তী ধাপ অতিক্রম করে ছয়টি দল চূড়ান্ত পর্বে জায়গা করে নেয়। সেখানে তাঁরা বিচারকদের সামনে নিজেদের বিনিয়োগ পরিকল্পনা, ঝুঁকি মূল্যায়ন এবং আর্থিক বিশ্লেষণ উপস্থাপন করে।

প্রতিযোগিতার শেষে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সম্পদ=মূলধন+দায় দল চ্যাম্পিয়নের মুকুট অর্জন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০৫ দল প্রথম রানার্স-আপ এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের দ্য গড ফাদার্স দল দ্বিতীয় রানার্স-আপ হয়। বিজয়ী দলগুলো তাদের সৃজনশীল চিন্তা, তথ্যনির্ভর বিশ্লেষণ ও উপস্থাপনার দক্ষতার মাধ্যমে সবার প্রশংসা কুড়ায়।

চূড়ান্ত পর্বে শিক্ষাজগৎ ও করপোরেট অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা ছাড়াও অংশীদার ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আয়োজকদের মতে, ক্যাপিটালাইজার ২০২৬ আবারও প্রমাণ করেছে যে সঠিক সুযোগ ও দিকনির্দেশনা পেলে দেশের তরুণের আর্থিক জ্ঞান, বিশ্লেষণী দক্ষতা ও নেতৃত্ব গুণে অসাধারণ সাফল্য অর্জন করতে সক্ষম।

নারেকেলগাছ থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
নারেকেলগাছ থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

গাইবান্ধার পলাশবাড়ী পৌর এলাকার  রাইগ্রামে নারেকেলগাছ থেকে পড়ে মারা গেছেন কলেজছাত্র মাসুদ সরকার রিফাত (২৩)। গতকাল সোমবার জুনদহ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। রিফাত স্থানীয় সিনিয়র সাংবাদিক শাহ আলম সরকারের ছেলে এবং পলাশবাড়ী সরকারি কলেজের একাদশ প্রথম বর্ষের শিক্ষার্থী। রবিবার রাতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। স্থানীয়রা জানায়, রবিবার  দুপুরে তীব্র গরমে ডাব খাওয়ার জন্য নিজ বাড়ির একটি নারেকেলগাছে ওঠেন রিফাত। এ সময় ডাব ছিঁড়তে গিয়ে ডাবসহ তিনি গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। স্বজনরা তাঁকে উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।