নাটোরের বড়াইগ্রামে নেশার টাকা না পেয়ে মাকে ছুরিকাঘাতে হত্যা করেছেন ছেলে। পঞ্চগড়ে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার হয়েছে। এ ছাড়া রাজধানীতে মেস থেকে চিকিৎসকের এবং গাজীপুরে নারী শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :

বড়াইগ্রাম (নাটোর) : বড়াইগ্রাম পশ্চিমপাড়া মহল্লায় নেশার টাকা না পেয়ে ছুরিকাঘাতে মাকে হত্যার অভিযোগে রাজন হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মা সাজেদা বেগম মারা যান। এর আগের দিন বিকেলে মাকে ছুরিকাঘাত করেন ছেলে। এই ঘটনায় অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পঞ্চগড় : তেঁতুলিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে আরজিনা খাতুন নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী মনির হোসেনকে গ্রেপ্তার করেছে তেঁতুলিয়া মডেল থানার পুলিশ। মামলার বিবরণে জানা যায়, গত রবিবার সন্ধ্যায় ঝগড়ার এক পর্যায়ে মনির হোসেন তাঁর স্ত্রী আরজিনাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করেন। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। রাত ৩টায় পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে প্রেরণ করে এবং মনিরকে গ্রেপ্তার করে। তেঁতুলিয়া মডেল থানার ওসি লাইছুর রহমান জানান, ওই গৃহবধূর গায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

ঢাকা : শাহবাগ এলাকার একটি মেস থেকে আবিদ হাসান জিসান নামের এক তরুণ চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ধানমণ্ডি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে মেডিসিন বিভাগে কর্মরত ছিলেন। গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে তাঁর বন্ধু ও রুমমেট অচেতন অবস্থায় জিসানকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালে মৃত জিসানের বন্ধু ও রুমমেট দীপ্ত সিংহ বলেন, ‘সকালে বের হওয়ার সময় তাঁকে রুমে ভালোই দেখে গেছি। দুপুর ১টার দিকে জিসানের বড় ভাই জাহিদ হাসান ফোন দিয়ে বলেন জিসান ফোন ধরছেন না, বিষয়টা একটু দেখতে। বাসায় গিয়ে জিসানকে বিছানায় অচেতন অবস্থায় পাই। কয়েকবার ডেকেও সাড়া-শব্দ পাইনি। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত বলে জানান। জিসানের হাইপ্রেসার ছিল। নিয়মিত ওষুধ সেবন করতেন তিনি।’

গাজীপুর : মধ্যরাতে কাঁধে বড় বস্তা নিয়ে সন্দেহজনকভাবে তড়িঘড়ি সড়ক পার হচ্ছিলেন এক ব্যক্তি। চোর সন্দেহে পথচারীরা ডাক দিতেই বস্তা ফেলে পালিয়ে যান সেই ব্যক্তি। পরে বস্তা খুলতেই বেরিয়ে আসে এক পোশাক শ্রমিকের লাশ। রবিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার বাইমাইল এলাকায়। নিহত মমতাজ খাতুন বাইমাইল পূর্বপাড়ার মো. মোকছেদের বাড়ির ভাড়াটিয়া আনোয়ার হোসেনের স্ত্রী।