ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ‘গেট এনগেজড’ সম্মেলনের ১৩তম আসর। শিক্ষার্থীদের উদ্যোগ ও তরুণ নেতৃত্ব নিয়ে আয়োজিত সপ্তাহব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের ১২টি দেশের ৪৩ জন কো-অর্ডিনেটর অংশ নেন। গত বৃহস্পতিবার ব্র্যাক ইউনিভার্সিটিতে সাত দিনব্যাপী এই সম্মেলন শেষ হয়।
এবারই প্রথম এই সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠিত হলো। গত বছর লিথুয়ানিয়ার ভিলনিয়াসে ইউরোপিয়ান হিউম্যানিটিজ ইউনিভার্সিটি ক্যাম্পাসে সম্মেলনটি হয়েছিল। এবারের সম্মেলনে লিডারশিপ, কমিউনিকেশনস, নেটওয়ার্কিং এবং টেকসই সিভিক এনগেজমেন্ট দক্ষতা গড়ে তোলার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আন্তর্জাতিক প্রতিনিধিদের স্বাগত জানান ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন তামারা হাসান আবেদ। তিনি বলেন, ‘বর্তমানে বিশ্ব যেসব জটিল সমস্যার মুখোমুখি হচ্ছে, সেগুলো মোকাবেলা করতে হলে আমাদের দরকার গ্লোবাল সিটিজেন, যাদের সরাসরি সমাজের মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করার মানসিকতা আছে।’
প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেন, ‘বৈশ্বিক কোলাবোরেশনের মাধ্যমে ব্র্যাক ইউনিভার্সিটি যেভাবে নেতৃত্ব দিচ্ছে, সেই মডেল আমরা দেশের অন্যান্য ক্ষেত্রেও অনুসরণ করতে পারি।’
ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, কেবল প্রযুক্তি ও বিদ্যমান তথ্যের ওপর নির্ভর করে অর্থবহ উদ্ভাবন সম্ভব নয়। শিক্ষাব্যবস্থার প্রচলিত কাঠামোর মধ্যে শুধু বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক উদ্ভাবনে গুরুত্ব দিলে হবে না, এর সঙ্গে সমাজ, লিবারেল আর্টস এবং মানবিক প্রযুক্তির বিষয়গুলোও যুক্ত করতে হবে।



