• ই-পেপার

অপরাধ-চাঁদাবাজি চরমে

উক্তি

উক্তি

বেনজীরকে ফেরত পেতে ইউএই সরকারের কাছে তিন দিনের মধ্যে
সব নথি পাঠানো হয়েছে।

সালাহউদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী

খুলনায় জামায়াত আমির

আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে

খুলনা অফিস
আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে
শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা নতুন এক গণজাগরণের প্রয়োজনীয়তার ইঙ্গিত দিচ্ছে। মনে হচ্ছে, আরেকটি অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নিতে হবে। গতকাল শনিবার বিকেলে খুলনা সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিরোধীদলীয় নেতা বলেন, জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো ধরনের আপস মেনে নেওয়া হবে না। সরকার যদি কোনো বিদেশি আধিপত্যবাদী শক্তির কাছে নতি স্বীকার করে বা দেশের স্বার্থ বিসর্জন দেয়, তাহলে জনগণ তার বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে।

উপস্থিত জনতার উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, মনে হচ্ছে, আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে। তবে এ আন্দোলন কোনো ব্যক্তি, পরিবার বা দলের ক্ষমতা প্রতিষ্ঠার জন্য নয়; বরং একটি স্বাধীন, সার্বভৌম, দুর্নীতিমুক্ত, চক্রান্তমুক্ত এবং জনগণের অধিকারভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যেই হবে।

সীমান্ত পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, একটি প্রতিবেশী দেশ পুশ ইন-এর মাধ্যমে তাদের নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। এ অবস্থায় সীমান্তে বিজিবির সদস্যদের পাশে দেশের জনগণও ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছে। বাংলাদেশ যেমন অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না, তেমনি অন্য দেশকেও বাংলাদেশের বিষয়ে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না। জাতীয় স্বার্থে বিভক্তির রাজনীতি পরিহার করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।

যুবসমাজের প্রতি আহবান জানিয়ে জামায়াত আমির বলেন, দেশের তরুণরাই অতীতে বিভিন্ন গণ-আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও পরিবর্তনের নেতৃত্ব তাদেরই দিতে হবে। তিনি দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারি, সন্ত্রাস, ধর্ষণ ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে যুবসমাজকে সোচ্চার হওয়ার আহবান জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কর্নেল (অব.) ড. অলি আহমদ ও মাওলানা মামুনুল হক। আরো বক্তব্য দেন অন্যান্য শরিক দলের নেতারা।

বিশেষ অতিথির বক্তব্যে কর্নেল (অব.) অলি আহমদ বলেন, রাষ্ট্র পরিচালনায় নৈতিকতা, জবাবদিহি ও জনকল্যাণের পরিবর্তে দলীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার ফলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বেকারত্বের মতো সমস্যা আরো প্রকট হয়েছে।

মাওলানা মামুনুল হক বলেন, জুলাই সনদ ও গণভোটের বিষয়ে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে। তাঁর দাবি, গণভোটে না ভোটের পক্ষেই তারা প্রচারণা চালিয়েছে।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, রাষ্ট্র সংস্কার, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা বর্তমান সময়ের তিনটি প্রধান রাজনৈতিক লড়াই।

সভাপতির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কার ও ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ক্ষমতায় যাওয়ার পর সরকার তা থেকে সরে এসেছে। গণভোটে জনগণ যে সংস্কারের পক্ষে মত দিয়েছে, তা বাস্তবায়নে সরকার অনীহা দেখাচ্ছে।

পাবনায় রেলমন্ত্রী

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু

পাবনা প্রতিনিধি
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু
শেখ রবিউল আলম

আগামী আগস্ট মাসের মধ্যে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালুর ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে আন্তর্জাতিক মানের মাল্টি-মোডাল পদ্ধতি চালু করা হবে।

গতকাল শনিবার দুপুরে পাবনা সার্কিট হাউস মিলনায়তনে সরকারি কর্মকর্তা ও সুধীসমাজের সঙ্গে মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ঢাকা-পাবনা রুটের লোকোমোটিভ ট্রেন কারখানায় প্রস্তুত রয়েছে। আগামী মাসে কোচ এলে আগস্ট মাসেই অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন সার্ভিস। এ ছাড়া ঢাকার সঙ্গে সহজ যোগাযোগে আরিচা-খাসচর সড়ক প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি (সম্ভাব্যতা যাচাই) ও ডিপিপি প্রণয়নের কাজও এরই মধ্যে চালু হয়েছে বলে যোগ করেন মন্ত্রী।

মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, একে অপরের প্রতিপক্ষ হয়ে নয়, বরং মালিক-শ্রমিকদের সঙ্গে নিয়ে সমন্বিত উদ্যোগে পরিবহন সেক্টরে শৃঙ্খলা আনা হবে। শৃঙ্খলা ছাড়া কোনো গতি নেই। এখানে কোনো বিশেষ শ্রেণিকে লালন করা হবে না, প্রাধান্য পাবে শুধুই জনস্বার্থ ও জন-আকাঙ্ক্ষা। খুব দ্রুতই দেশে আন্তর্জাতিক মানের মাল্টি-মোডাল যোগাযোগব্যবস্থা দৃশ্যমান হবে।

এ সময় পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মণ্ডল, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সুফী উল্লাহসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

বিচারকদের প্রতি প্রধান বিচারপতি

সততা পেশাদারি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করুন

নিজস্ব প্রতিবেদক
সততা পেশাদারি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করুন
জুবায়ের রহমান চৌধুরী

বিচার বিভাগে যেসব সীমাবদ্ধতা আছে, সেই সব সীমাবদ্ধতা অতিক্রম করে সততা, নিষ্ঠা ও পেশাদারির সঙ্গে বিচারকদের দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

ঢাকা বিভাগে কর্মরত জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের উদ্দেশে দেওয়া অভিভাষণে এ আহবান জানান বিচার বিভাগের প্রধান। গতকাল রবিবার সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

অনুষ্ঠানে ঢাকা বিভাগের সব জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটরা বক্তব্য দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিচারকরা তাঁদের বক্তব্যে আর্থিক স্বাধীনতা নিশ্চিত করা, বাজেটে বিচার বিভাগের জন্য বরাদ্দ বাড়ানোর পাশাপাশি এজলাস (বিচারকক্ষ), খাসকামরা, রেকর্ডরুম, মালখানা ও আবাসন-সংকট নিরসনের দাবি জানান। একই সঙ্গে তাঁরা অবকাঠামোগত উন্নয়ন, আদালত ও বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করা, ডিজিটাইজেশনের দাবিও তুলে ধরেন।

অধস্তন আদালতের বিচারকদের দাবির প্রতি সমর্থন জানানোর পাশাপাশি এসব দাবি নিশ্চিত করতে প্রধান বিচারপতি কাজ করে যাচ্ছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। অভিভাষণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আইনমন্ত্রী বিচার বিভাগের অবকাঠামোগত উন্নয়ন, বিচারকদের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করার জন্য বাজেটে বিচার বিভাগের জন্য বরাদ্দ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

অপরাধ-চাঁদাবাজি চরমে | কালের কণ্ঠ