উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র
পঞ্চম অধ্যায়
[পূর্বপ্রকাশের পর]
অনুধাবনমূলক প্রশ্ন
৩। পণ্যের ধারণা ব্যাখ্যা করো?
উত্তর : অভাব বা প্রয়োজন মেটাতে পারে—এমন যা কিছু মনোযোগ আকর্ষণ, অর্জন, ব্যবহার বা ভোগের জন্য বাজারে অফার করা হয়, তাকে পণ্য বলে।
মানুষের প্রয়োজন এবং অভাব পূরণ করতে সক্ষম এমন দৃশ্যমান বা অদৃশ্যমান বস্তুই পণ্য। পণ্য নিয়েই উৎপাদন ব্যবস্থাপনার কার্যাবলি আবর্তিত হয়। যেমন—‘গ্রামীণ মোবাইল ফোন’ একটি দৃশ্যমান পণ্য। এটি কেনার অর্থ হচ্ছে যোগাযোগ কেনা। দৃশ্যমান পণ্যের সঙ্গেও অদৃশ্যমান গুণাবলি—বিক্রয়োত্তর সেবা, ওয়ারেন্টি, সুনাম ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে। আবার বস্তুগত পণ্য ছাড়াও অদৃশ্যমান পণ্য; যেমন—(সেবা) শিক্ষকের সেবা, ডাক্তারের সেবা, চুল কাটানো ইত্যাদিও পণ্য হিসেবে বিবেচিত। এ জন্য উৎপাদন করা যায় এবং মানুষের কাছে উপযোগ আছে, এমন সবকিছুই পণ্য।
৪। সেবার ধারণা ব্যাখ্যা করো?
উত্তর : অদৃশ্যমান কাজ বা সুবিধা, যা এক পক্ষ অন্য পক্ষকে অফার করতে পারে, অথচ কোনো মালিকানা সৃষ্টি হয় না, তাকে সেবা বলে।
পণ্যের মতো সেবাও ভোক্তাকে অভাব পূরণের মাধ্যমে সন্তুষ্টি প্রদান করে থাকে। তবে সেবা পণ্যের মতো দৃশ্যমান ও স্পর্শনীয় নয়। অদৃশ্যমান এবং অস্পর্শনীয় বস্তু যার স্বাদ, গন্ধ, ওজন নেই অথচ প্রয়োজন, অভাব ও চাহিদা পূরণে সক্ষম এবং যা অনুভব করা যায়, তাকে সেবা বলে। যেমন—শিক্ষকের সেবা, ডাক্তারের সেবা, সেলুনের সেবা (চুল কাটানো), বিউটি পার্লারের সেবা (রূপচর্চা) ইত্যাদি। যেকোনো বস্তু সেবা হতে হলে অদৃশ্যমানতা, অবিভাজ্যতা, পরিবর্তনশীলতা এবং পচনশীলতা—এ চারটি বৈশিষ্ট্য থাকতে হবে।
৫। ‘সেবা অদৃশ্যমান’—ব্যাখ্যা করো।
উত্তর : অদৃশ্যমান কাজ বা সুবিধা, যা এক পক্ষ অন্য পক্ষকে অফার করতে পারে অথচ কোনো মালিকানা সৃষ্টি হয় না, তাকে সেবা বলে।
সেবার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে অদৃশ্যমানতা। ক্রেতা এর স্বাদ, গন্ধ, ওজন কিছুই নিতে পারে না। সেবা ক্রয়ের পূর্বে ক্রেতা এগুলো যাচাইও করতে পারে না। সেবা অস্পর্শনীয়। যেমন—বিউটি পার্লারে মহিলারা রূপচর্চা করে। এ ক্ষেত্রে প্রাপ্ত সেবা কেনার আগে দেখা যায় না। প্রতিযোগিতাপূর্ণ পরিবেশে সেবা গ্রহণকারী প্রদত্ত মূল্যের সঙ্গে সেবার গুণগত মানকে মূল্যায়ন করে। সেবাগ্রহীতা সেবাদানকারীর কর্মী, যন্ত্রপাতি, সম্পদ, স্থান, নমুনা, মূল্য ইত্যাদি বিবেচনা করে। এ অবস্থায় সেবা বাজারজাতকারীর কর্তব্য হচ্ছে অদৃশ্যমান প্রস্তাবে দৃশ্যমান গুণাবলি সংযোজন করে সেবাকে দৃশ্যমান করার চেষ্টা করা। সেবার সুবিধা তুলে ধরার জন্য চারটি প্রসার কৌশল ব্যবহার করা যেতে পারে।
৬। সেবার উদ্ভাসিতকরণ বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
উত্তর : অদৃশ্যমান কাজ বা সুবিধা, যা এক পক্ষ অন্য পক্ষকে অফার করতে পারে অথচ কোনো মালিকানা সৃষ্টি হয় না, তাকে সেবা বলে।
এ পর্যায়ে ক্রেতার নিকট সেবা বাজারজাতকারী বিভিন্ন প্রতীক ব্যবহার করে সেবার সুবিধা তুলে ধরতে পারে। যেমন : BIRDEM হাসপাতালের ডায়াবেটিস সংক্রান্ত পরামর্শ ‘শৃঙ্খলাই জীবন’ গ্রহণ করে একজন ব্যক্তি সব বয়সে সুস্থ জীবনযাপন করতে পারে। বিজ্ঞাপনের মাধ্যমে এ বিষয়টি তুলে ধরে জনগণকে সংশ্লিষ্ট সেবা সম্পর্কে অনুপ্রাণিত করা যায়।
৭। সেবার অনুষঙ্গ বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
উত্তর : অদৃশ্যমান কাজ বা সুবিধা, যা এক পক্ষ অন্য পক্ষকে অফার করতে পারে অথচ কোনো মালিকানা সৃষ্টি হয় না, তাকে সেবা বলে।
অস্পর্শনীয়তার কারণে একজন দক্ষ বাজারজাতকারী কার্যকর বাজারজাতকরণ পরিকল্পনা প্রণয়নের সময় সেবার সঙ্গে বিভিন্ন স্পর্শনীয় বস্তু, ব্যক্তি, বিষয়, স্থানের সঙ্গে অনুষঙ্গ তৈরি করতে পারে। যেমন : ‘ফ্যান্টাসি কিংডম’ এবং ‘নন্দন পার্ক’ আশুলিয়াকে তুলে ধরতে পারে। আবার কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের সফলতার চিত্র বিজ্ঞাপনে দেখাতে পারে।
৮। সেবার বস্তুগত উপস্থাপনা বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
উত্তর : অদৃশ্যমান কাজ বা সুবিধা, যা এক পক্ষ অন্য পক্ষকে অফার করতে পারে অথচ কোনো মালিকানা সৃষ্টি হয় না, তাকে সেবা বলে।
এ ক্ষেত্রে বস্তুগতভাবে সেবাকে উপস্থাপনের চেষ্টা করা হয়। যেমন : স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক তাদের ক্রেডিট কার্ডে স্বর্ণের প্রলেপ ব্যবহার করে গ্রাহকদের কাছে ব্যাংকের সম্পদ ও মর্যাদার প্রতীক হিসেবে দেখাচ্ছে।


