গবেষকরা অনেক দিন ধরেই মানুষের দীর্ঘ জীবনের গোপন রহস্য কী এর উত্তর খুঁজছেন। সম্প্রতি বিশ্বের সবচেয়ে বয়স্ক তিন জীবিত সহোদর হিসেবে গিনেস বুকে নাম তুলেছেন ব্রাজিলের তিন বোন। তাঁদের সম্মিলিত বয়স ৩১৬ বছর! এই তিন বোনের দীর্ঘায়ুর পেছনে জৈবিক কারণগুলো খতিয়ে দেখতে ব্রাজিলের সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী মায়ানা জাতজের নেতৃত্বে শুরু হয়েছে ‘ডিএনএ লঞ্জেভো প্রজেক্ট’। বিজ্ঞানীদের ধারণা, জীবনের শেষভাগে সুস্বাস্থ্য বজায় রাখতে পরিবেশের চেয়ে বংশগত বা জিনগত কারণ বেশি ভূমিকা রাখে। তিন বোনের ক্ষেত্রে পাওয়া তথ্য বিজ্ঞানীদের বুঝতে সাহায্য করবে, কেন কিছু মানুষ অতি বৃদ্ধ বয়সেও শারীরিকভাবে সুস্থ ও মানসিকভাবে উত্ফুল্ল থাকেন। গবেষকরা দীর্ঘায়ুর জিনগত বৈশিষ্ট্য খুঁজতে নব্বই ও শতবর্ষী ব্যক্তিদের ডিএনএ পরীক্ষা করছেন। সূত্র : রয়টার্স


