প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পূর্ববর্তী তহবিল কর্তনের পর যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৮০০ মিলিয়ন ডলারের অনুদান পাচ্ছে ওয়ার্ল্ড ফুড প্রগ্রাম (ডব্লিউএফপি)। যুক্তরাষ্ট্রের নতুন এ অনুদানকে স্বাগত জানিয়েছে ওয়ার্ল্ড ফুড প্রগ্রাম (ডব্লিউএফপি)। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বুধবার এ কথা জানিয়েছে।
সংস্থাটি বলেছে, এই অর্থ বিশ্বজুড়ে বাড়তে থাকা ক্ষুধা মোকাবেলা এবং জরুরি সহায়তা কার্যক্রম জোরদার করতে সহায়তা করবে। ডব্লিউএফপির মতে, নতুন তহবিলের মাধ্যমে লেবানন, হাইতি এবং কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের মতো সংকটপূর্ণ এলাকায় খাদ্য মজুদ, নগদ সহায়তা এবং সরবরাহব্যবস্থা শক্তিশালী করা হবে।
ডব্লিউএফপি বলেছে, এই তহবিল সহায়তা বাড়াতে এবং উদ্ভূত সংকট মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নিতে সাহায্য করবে। এমন একসময়ে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে, যখন বিশ্বব্যাপী ক্ষুধা রেকর্ড পর্যায়ে রয়েছে। এ বছর তীব্র ক্ষুধার সম্মুখীন মানুষের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্র ডব্লিউএফপির সবচেয়ে বড় দাতা, কিন্তু ২০২৪ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত তাদের অনুদান অর্ধেকেরও বেশি কমে প্রায় ২০০ কোটি ডলারে দাঁড়িয়েছে।
ডব্লিউএফপি বলেছে, এই নতুন তহবিল তাদের লেবানন, হাইতি এবং গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের মতো সংকট-কবলিত এলাকাগুলোতে খাদ্য সরবরাহ আগে থেকে মজুদ করতে, নগদ সহায়তা কর্মসূচি প্রসারিত করতে এবং সরবরাহব্যবস্থা বজায় রাখতে সাহায্য করবে।
যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই বিশ্বের বৃহত্তম মানবিক সহায়তাদাতা দেশ, যদিও বৈদেশিক সহায়তা নীতিতে পরিবর্তনের কারণে সাম্প্রতিক বছরগুলোতে এর অনুদানে ওঠানামা দেখা গেছে। বড় ধরনের ব্যয় সংকোচনের ফলে ২০২৫ সালে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা তহবিল আগের বছরের ১৪ দশমিক ১ বিলিয়ন ডলার থেকে কমে প্রায় ৩ দশমিক ৩৮ বিলিয়ন ডলারে নেমে এসেছে।
মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফকে ২১৮ মিলিয়ন ডলার সহায়তা প্রদানের ঘোষণাও দিয়েছে।





