কি শিরোনাম দেখে একটু অবাক হচ্ছেন? শেষ ষোলোর ম্যাচে ব্রাজিল-নরওয়ে মুখোমুখি না হতেই কিভাবে জিতে গেল এটাই ভাবছেন তো। আপনারা আসলে ঠিকই ধরেছেন। নকআউটের ম্যাচটি এখনো হয়নি।
হবে আগামী ৬ জুলাই, রাত ২ টায়। কোয়ার্টার ফাইনালের টিকিট পাওয়ার লক্ষ্যে সেদিন নিউ ইয়র্ক/ নিউ জার্সিতে মাঠে লড়বে ব্রাজিল-নরওয়ে। রেফারির শেষ বাঁশি বাজার পর সেদিনই জানা যাবে কারা জিতবে।
তবে তার আগে চলেন শিরোনামের জট খোলা যাক। নরওয়ের নামের পাশে ২ হচ্ছে ব্রাজিলের বিপক্ষে তাদের জয়। এখন পর্যন্ত ৪ বার দেখা হয়েছে দুদলের। আর্লিং হালান্ডের ২ জয়ের বিপরীতে বাকি দুটি ড্র হয়েছে। ব্রাজিল জয় না পাওয়ায় তাই তাদের নামের পাশে শূন্যে বসেছে।
দুই দলের প্রথম সাক্ষাৎ ১৯৮৮ সালে। প্রথম প্রীতি ম্যাচ ১-১ গোলের সমতায় শেষ হয়। তবে ১৯৯৭ সালে দ্বিতীয় প্রীতি ম্যাচে বড় ব্যবধানের জয় পায় নরওয়ে। ৪-২ গোলে সেলেসাওদের হারায় তারা।
বিশ্বকাপে প্রথম দেখা হয় ১৯৯৮ সালে। সেবার ব্রাজিল প্রথমে লিড নেওয়ার পরেও দুর্দান্ত কামব্যাকে ২-১ ব্যবধানের জয় পায় নরওয়ে। সর্বশেষ ২০০৬ সালে মুখোমুখি হয়েছে তারা। শেষ প্রীতি ম্যাচ ড্র হয়েছে ১-১ গোলে। এবার হারের ক্ষতে প্রলেপ দেওয়ার পালা ব্রাজিলের। ২৮ বছর পর বিশ্বকাপে দেখায় শুধু প্রতিশোধই নয়, হেক্সার স্বপ্নও জিইয়ে রাখার সময় ৫ বারের বিশ্বকাপ জয়ীদের। নেইমার-ভিনিসিয়ুসদের সেই সুযোগ দেবেন কি আর্লিং হালান্ড-মার্টিন ওডেগার্ডরা।




