অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে যাচ্ছে স্বাগতিকরা। প্রথম ম্যাচে হারের দুঃস্মৃতি ভুলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন প্রথমবারের মত আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া তাওহিদ হৃদয়।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।
প্রথম টি-টোয়েন্টি হারের জন্য দলের ব্যাটারদের দায়ি করেন বাংলাদেশ অধিনায়ক হৃদয় বলেন, ‘ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ব্যর্থ হয়েছি। আমাদের অন্তত ১৬০ বা ১৭০ রান করা উচিত ছিল। ইনিংসের মাঝপথে আমরা পরপর উইকেট হারিয়েছি। এজন্য আমরা কোন জুটি গড়তে পারিনি।’
প্রথম ম্যাচে হারের দুঃস্মৃতি ভুলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন প্রথমবারের মত আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া হৃদয় আরো বলেন, ‘আশা করি এখান থেকে আমরা ঘুরে দাঁড়াবো। সবাই জানি আমরা কি ভুল করেছি। আশা করি পরের ম্যাচে আমরা ভুলগুলো কাটিয়ে উঠতে পারবো।’
ব্যাটাররা খারাপ করলেও প্রথম টি-টোয়েন্টিতে বোলারদের পারফরমেন্সে খুশি বলে জানান হৃদয়। তিনি আরো বলেন, প্রতি ম্যাচেই বোলাররা ভালো করছে।
হৃদয় বলেন, ‘১৩১ রানের পুঁজি লড়াই করার জন্য যথেষ্ট নয়। এই রান নিয়ে লড়াই করতে হলে অনেক বেশি ভালো বল করতে হয়। অবশ্য প্রতিটি সিরিজ এবং প্রতিটি ম্যাচে বোলিং ইউনিট ভালো করেছে। পরের ম্যাচগুলোতেও বোলাররা আরও ভালো করবে বলে আমি আশা করি।’
এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১২বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। এরমধ্যে বাংলাদেশ জিতেছে চারবার। অস্ট্রেলিয়ার জয় আটবার।
তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুখস্মৃতি আছে বাংলাদেশের। ২০২১ সালে মিরপুরে অসিদের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।
সিরিজ জয় নিশ্চিত করার মিশনে প্রথম ম্যাচের একাদশ ধরে রাখার ইঙ্গিত দিয়েছে অস্ট্রেলিয়া। সিরিজে টিকে থাকতে একাদশে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ।
বাংলাদেশ দল : লিটন কুমার দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয় (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা, আব্দুল গাফফার সাকলাইন ও সৌম্য সরকার।
অস্ট্রেলিয়া দল : মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, নিখিল চৌধুরী, কুপার কনোলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথু কুহেনিম্যান, রিলি মেরেডিথ, জশ ফিলিপ, ম্যাথু রেনশ ও এডাম জাম্পা।




