ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে নেইমারকে নিয়ে কোনো ধরনের পরিবর্তনের পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। শনিবার সংবাদ সম্মেলনে ব্রাজিলের ইতালিয়ান এই কোচ বলেন, নেইমারের চোট নিয়ে নতুন তথ্য সামনে এলেও তার সিদ্ধান্ত বদলানোর কোনো কারণ দেখছেন না তিনি।
গত ১৭ মে থেকে ডান পায়ের কাফ ইনজুরিতে মাঠের বাইরে রয়েছেন নেইমার। শুরুতে তার ক্লাব সান্তোস জানিয়েছিল, এটি শুধুমাত্র ফোলা বা এডিমার সমস্যা এবং দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠবেন। তবে ব্রাজিল দলের ক্যাম্পে যোগ দেওয়ার পর নতুন পরীক্ষায় ধরা পড়ে গ্রেড-২ মাংসপেশির টান, যার কারণে আরও দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।
সংবাদকর্মীরা জানতে চান, চোটের প্রকৃত অবস্থা আগে জানলে নেইমারকে কি স্কোয়াডে রাখতেন? জবাবে নিজের স্বভাবসুলভ রসিকতা করেন আনচেলত্তি।
হাসতে হাসতে ব্রাজিল কোচ বলেন, ‘আমার দাদার যদি চাকা থাকত, তাহলে তিনি একটা গাড়ি হতেন।’
উপস্থিতদের হাসির মাঝেই তিনি বলেন, ‘আমি যখন ২৬ জনের স্কোয়াড নির্বাচন করেছি, তখন নেইমার সেই তালিকাতেই ছিল।’
আনচেলত্তির মতে, স্কোয়াড ঘোষণার পর থেকেই নেইমারের চিকিৎসা পরিস্থিতি পর্যবেক্ষণের দায়িত্ব নেয় ব্রাজিল ফুটবল ফেডারেশন। তবুও তিনি নিশ্চিত, বিশ্বকাপ পরিকল্পনায় নেইমার এখনও গুরুত্বপূর্ণ অংশ।
ব্রাজিলের প্রথম ম্যাচে নেইমারকে পাওয়া না গেলেও দ্বিতীয় ম্যাচে তার ফেরার সম্ভাবনা দেখছেন কোচ।
আনচেলত্তি বলেন, ‘আমরা ভেবেছিলাম সে প্রথম ম্যাচের জন্য প্রস্তুত থাকবে। যদি প্রথম ম্যাচে না-ও পারে, দ্বিতীয় ম্যাচে অবশ্যই প্রস্তুত হবে। এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই।’
এ কারণে ২৬ সদস্যের দলে নতুন কাউকে অন্তর্ভুক্ত করার প্রয়োজনও দেখছেন না তিনি।
দলে পরিবর্তন নিয়ে সেলেসাওদের কোচ বলেন, ‘আমি কোনো পরিবর্তন করছি না। যে ২৬ জনকে নির্বাচন করেছি, তারাই বিশ্বকাপে খেলবে।’
আনচেলত্তি জানান, নেইমারের সঙ্গে তার ব্যক্তিগতভাবে কথাও হয়েছে এবং ব্রাজিলিয়ান তারকা দ্রুত ফিটনেস ফিরে পেতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।
বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে ১৩ জুন প্রথম ম্যাচ দিয়ে ব্রাজিল তাদের হেক্সা অভিযান শুরু করবে। এরপর ১৮ জুন হাইতি এবং ২৩ জুন স্কটল্যান্ডের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।