• ই-পেপার

বাংলাদেশ ফুটবল লিগ

জয় দিয়েই মৌসুম শেষ করল বসুন্ধরা কিংস

লঙ্কা প্রিমিয়ার লিগে সাকিবের দলে তাসকিন

ক্রীড়া ডেস্ক
লঙ্কা প্রিমিয়ার লিগে সাকিবের দলে তাসকিন
তাসকিন আহমেদ। ছবি: এক্স

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) সাকিব আল হাসানের পর তাসকিন আহমেদকে দলে ভিড়িয়েছে জাফনা কিংস। অর্থাৎ, আসন্ন আসরে এই দুই বাংলাদেশিকে সতীর্থ হিসেবে খেলতে দেখা যাবে। 

এলপিএলের ষষ্ঠ আসর শুরুর আগে সরাসরি চুক্তিতে সাকিব ও তাসকিনকে দলে নেওয়ার ঘোষণা দিয়েছে জাফনা কিংস।

তাসকিনকে নিয়ে দেওয়া পোস্টে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, ‘জাফনা পেস আক্রমণে যুক্ত করল আগুন ঝরানো শক্তি।’

রাজনৈতিক পরিস্থিতির কারণে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা সাকিব গত কয়েক মাস কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি। তবে ব্যক্তিগতভাবে অনুশীলন করেছেন ও ফিটনেস ধরে রাখার কাজ চালিয়ে গেছেন।

এর আগে ২০২৩ এলপিএলে অংশ নিয়েছিলেন এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। সেবার খেলেছিলেন গল টাইটান্সের হয়ে।
তাসকিনের জন্যও এলপিএল নতুন নয়। ২০২৪ মৌসুমে তিনি খেলেছিলেন কলম্বো স্ট্রাইকার্সের হয়ে।

এলপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দল জাফনা। আগের পাঁচ আসরের মধ্যে চারবারই শিরোপা জিতেছে। এবারও শক্তিশালী স্কোয়াড গড়ার পথে হাঁটছে তারা। 

এবারের এলপিএল শুরু হবে ১৭ জুলাই। আর বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফর শেষ হবে ১৯ জুলাই। জাতীয় দলের সঙ্গে থাকলে তাসকিন এলপিএলে একাধিক ম্যাচ মিস করবেন। 

আর্জেন্টিনা থেকে কোচ আনার পরিকল্পনা বাফুফের

যশোর অফিস
আর্জেন্টিনা থেকে কোচ আনার পরিকল্পনা বাফুফের
বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। ছবি : কালের কণ্ঠ

হাভিয়ের কাবরেরার উত্তরসূরি একদিন আগেই ঠিক করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দুই বছরের জন্য যুক্তরাষ্ট্রের সাবেক মিডফিল্ডার টমাস ডুলিকে দায়িত্ব দিয়েছে বাফুফে। তাই এখন আর নতুন করে কোচ নিয়োগের সুযোগ নেই।

তবে ভবিষ্যতে দেশের ফুটবলের দীর্ঘমেয়াদি উন্নতির জন্য আর্জেন্টিনা থেকে কোচ নিয়ে আসার পরিকল্পনা রয়েছে বাফুফের। আজ যশোরের শামস-উল-হুদা ফুটবল একাডেমিতে উপস্থিত হয়ে এমন ইচ্ছার কথা জানিয়েছেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। 

অবশ্য শুধু কোচকে নিয়ে আসাই নয়, আর্জেন্টিনা খেলোয়াড় পাঠানোর ইচ্ছা আছে বাফুফের। ‘এএফসি গ্রাসরুট ফুটবল ডে ও ওয়ার্ল্ড ফুটবল ডে ২০২৬’ অনুষ্ঠানের সভাপতিত্ব করা তাবিথ বলেছেন, ‘আর্জেন্টিনা থেকে কোচ আনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ভালো খেলোয়াড়দের আর্জেন্টিনায় পাঠানোর বিষয়টিও বিবেচনায় আছে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাফুফের সহসভাপতি ও শামস-উল-হুদা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী, বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো চার্লোস এবং পাকিস্তানের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যাটাচি জায়ান আজিজ।

একাডেমির সুযোগ-সুবিধা ও শিশুদের অংশগ্রহণে সন্তোষ প্রকাশ বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো চার্লোস বলেছেন, ‘এখানে শিশুদের ফুটবলের প্রতি যে আগ্রহ দেখেছি, তা সত্যিই আশাব্যঞ্জক। ভবিষ্যতে এখান থেকেই নতুন তারকারা উঠে আসতে পারে।’

সরাসরি চুক্তিতে লঙ্কা প্রিমিয়ার লিগে সাকিব

ক্রীড়া ডেস্ক
সরাসরি চুক্তিতে লঙ্কা প্রিমিয়ার লিগে সাকিব
সংগৃহীত ছবি

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান খেলতে যাচ্ছেন। সরাসরি চুক্তিতে তাকে দলে ভিড়িয়েছে ফ্রেঞ্চাইজি জাফনা কিংস। শুক্রবার (২২ মে) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছে এলপিএল কর্তৃপক্ষ।

এলপিএলের পক্ষ থেকে জানানো হয়, গ্লোবাল টি-টোয়েন্টি মায়েস্ত্রো সাকিব আল হাসান এলপিএল ২০২৬ সামনে রেখে জাফনা কিংসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। 

সামাজিক যোগাযোগমাধ্যমে এলপিএলের পক্ষ থেকে সাকিবের কার্ড–সংবলিত এক পোস্টে বলা হয়েছে, ‘দলের যখন স্থায়িত্ব প্রয়োজন, তখন সাকিবের ব্যাটে আসে রান। খেলার যখন একটি ব্রেকথ্রু প্রয়োজন, তখন এনে দেন উইকেট। চাপের মুহূর্তে তিনি দেখান অসাধারণ আত্মসংযম।’

 

এছাড়া, টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা ও পরিপূর্ণ অলরাউন্ডার হিসেবে সাকিবকে উল্লেখ করে জাফনা কিংস জানায়, তার অন্তর্ভুক্তিতে দলটি আরও শক্তিশালী হয়ে উঠবে।

এর আগে ২০২৩ সালে এলপিএলে খেলেছিলেন সাকিব। সে সময় তিনি গল টাইটান্সের হয়ে মাঠে নেমেছিলেন। এবার জাফনা কিংসের জার্সিতে নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটার।

টেন্ডুলকারের রেকর্ড ভাঙার স্বপ্নে জো রুট

ক্রীড়া ডেস্ক
টেন্ডুলকারের রেকর্ড ভাঙার স্বপ্নে জো রুট

টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রানের মালিক শচিন টেন্ডুলকার। দীর্ঘদিন ধরেই অটুট আছে তার ১৫ হাজার ৯২১ রানের বিশ্বরেকর্ড। তবে এবার সেই রেকর্ডে হুমকি হয়ে উঠছেন জো রুট।

ইংল্যান্ডের এই অভিজ্ঞ ব্যাটার বর্তমানে টেস্টে করেছেন ১৩ হাজার ৯৪৩ রান। অর্থাৎ সচিনকে ছাড়িয়ে যেতে তার প্রয়োজন আর মাত্র ১ হাজার ৯৭৮ রান।

সম্প্রতি দ্য অ্যাথলেটিককে দেওয়া এক সাক্ষাৎকারে শচিনের রেকর্ড নিয়ে কথা বলেছেন রুট। ভারতীয় কিংবদন্তির প্রশংসা করে তিনি বলেন, ‘শচিন আমার জন্মের আগেই টেস্ট অভিষেক করেছিল, আবার আমার টেস্ট অভিষেকের সময়ও খেলছিল! তার দীর্ঘ ক্যারিয়ারই অবিশ্বাস্য। শুধু টেস্ট নয়, ওয়ানডেতেও ৫০টি সেঞ্চুরি করেছে সে।’

রুট আরো জানান, তিনি প্রতিনিয়ত নিজের ব্যাটিংয়ে নতুন কিছু যোগ করার চেষ্টা করেন। তার ভাষায়, ‘আমি সবসময় নিজের ব্যাটিং আরো উন্নত করার চেষ্টা করি। যেন ম্যাচের সময় টেকনিক নয়, পরিস্থিতি অনুযায়ী খেলায় পুরো মনোযোগ দিতে পারি।’

২০২০ সালের পর থেকেই দুর্দান্ত ধারাবাহিকতায় রয়েছেন এই ইংলিশ ব্যাটার। বর্তমানে টেস্ট ক্রিকেটের তথাকথিত ‘ফ্যাব ফোর’—বিরাট কোহলি, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন ও রুটের মধ্যে সবচেয়ে বেশি রানও তারই।

ইংল্যান্ডের সামনে এখন নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ। আর সেই সিরিজ থেকেই শচিনের রেকর্ডের দিকে আরো একধাপ এগিয়ে যেতে চাইবেন রুট।

২০০ টেস্টে শচিনের সংগ্রহ ১৫,৯২১ রান, যেখানে রয়েছে ৫১টি সেঞ্চুরি। অন্যদিকে ১৬৩ টেস্টেই রুটের ঝুলিতে ৪১টি সেঞ্চুরি ও ১৩,৯৪৩ রান। তাই অনেকের বিশ্বাস, বর্তমান ফর্ম ধরে রাখতে পারলে একদিন হয়তো টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহকের আসনেও বসতে পারেন ইংল্যান্ডের এই ব্যাটিং তারকা।