<p>বাংলাদেশ চাইলে এখন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোটগল্প ‘হৈমন্তীর’ উক্তি আওড়াতে পারে। সেই বাক্যটি হচ্ছে—‘আমি পাইলাম, আমি ইহাকে পাইলাম’। কারণ দীর্ঘ অপেক্ষার পর অবশেষে পাকিস্তানের ওপেনিং জুটি ভাঙতে পেরেছে বাংলাদেশ।</p> <p>জুটিটি ভাঙার কারিগর হচ্ছেন মেহেদী হাসান মিরাজ। দলীয় ১০৬ রানে ইমাম-উল-হককে এলবিডব্লিউ করেছেন বাংলাদেশের অফস্পিনার। পাকিস্তানের বাঁহাতি ওপেনারকে ৪৫ রানে আউট করার তাই সবার মুখে হাসিই ফুটল।</p> <p>বিপরীতে অভিষেকটা দারুণভাবে রাঙাচ্ছেন আরেক ওপেনার আজান। প্রথম ইনিংসেই ফিফটি হাঁকিয়েছেন বাঁহাতি ব্যাটার। ৮ চারে ৫৪ রানে অপরাজিত আছেন তিনি। তাকে সঙ্গ দিচ্ছেন আরেক অভিষিক্ত আব্দুল্লাহ ফজল।  রানের খাতা এখনো খুলতে পারেননি তিনি।</p> <p>প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ২৬ ওভার শেষে ১ উইকেটের বিনিময়ে ১১০ রান। বাংলাদেশের থেকে এখনো ৩০৩ রানে পিছিয়ে পাকিস্তান। বাংলাদেশ অলআউট হওয়ার আগে প্রথম ইনিংসে করেছে  ৪১৩ রান। নাজমুল হোসেন শান্তর (১০১) সেঞ্চুরির বিপরীতে অর্ধশতক তুলে নিয়েছেন মমিনুল হক (৯১) ও মুশফিকুর রহিম (৭১)। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন পেসার মোহাম্মদ আব্বাস।</p>