রাশিয়া-ইউক্রেন সীমান্ত এলাকায় ড্রোন হামলায় কিশোরগঞ্জের করিমগঞ্জের এক যুবক নিহত হয়েছেন। তার মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোক নেমে এসেছে।

নিহত ব্যক্তির নাম মো. রিয়াদ রশিদ (২৮)। তিনি উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামের বাসিন্দা।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে রিয়াদের সহকর্মী ও বন্ধু লিমন দত্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ম্যাসেঞ্জারে তার মৃত্যুর খবর জানান। লিমনও বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন এবং একই ক্যাম্পে কাজ করতেন। তার বাড়ি নরসিংদী জেলায়।

লিমনের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২ এপ্রিল রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেন সীমান্ত এলাকায় ভয়াবহ একটি ড্রোন হামলার ঘটনা ঘটে। হামলায় কয়েকজন বিদেশি সেনাসদস্য হতাহত হন। নিহতদের মধ্যে দুজন বাংলাদেশি এবং একজন নাইজেরিয়ার নাগরিক ছিলেন। এ ঘটনায় আরো কয়েকজন আহত হন। আহতদের মধ্যে লিমন দত্তও রয়েছেন। হামলায় তিনি একটি পা হারিয়েছেন এবং বর্তমানে একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আরো পড়ুন

পঞ্চগড় সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভবন নির্মাণকাজের উদ্বোধন

রিয়াদের স্বজনরা জানায়, পাঁচ ভাইবোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ। পরিবারের আর্থিক অবস্থার উন্নতির আশায় ২০২৪ সালের অক্টোবরে কাজের উদ্দেশ্যে রাশিয়ায় যান। সেখানে একটি প্রতিষ্ঠানে চাকরি করার পর চলতি বছরের এপ্রিল মাসে তিনি রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেন।

পরিবারের দাবি, সেনাবাহিনীতে যোগদানের বিষয়টি তিনি আগে কাউকে জানাননি।

পরিবারের সদস্যদের ভাষ্য, গত ২৮ এপ্রিল পরিবারের সঙ্গে রিয়াদের শেষবার কথা হয়। এরপর থেকে আর যোগাযোগ হয়নি। ম্যাসেঞ্জারে তাকে সবশেষ ২৯ এপ্রিল রাত পর্যন্ত অনলাইনে দেখা গেছে। এরপর হঠাৎ করেই যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে বন্ধু লিমনের মাধ্যমে মৃত্যুর খবর আসে। তবে এখন পর্যন্ত তার মরদেহের কোনো সন্ধান পাওয়া যায়নি।

রিয়াদের বাবা জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুর রশিদ জানান, ছেলে যে সেনাবাহিনীতে যোগ দিয়েছে, সে বিষয়টি তিনি জানতেন না। আগে জানতে পারলে কখনোই তাকে এ কাজে যেতে দিতেন না। এখন ছেলের কোনো খোঁজ না পেয়ে পরিবার চরম অনিশ্চয়তা ও কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে।

আব্দুর রশিদ বলেন, ‘একজন বাবা হিসেবে এই কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। ছেলের মরদেহটাও যদি পেতাম, অন্তত শেষবারের মতো দেখতে পারতাম।’

রিয়াদের চাচাতো ভাই জহিরুল ইসলাম বলেন, ‘পরিবারের সবাই এখনো আশা ছাড়তে পারছেন না। কোনোভাবে যদি তার মরদেহ বা সঠিক তথ্য পাওয়া যায়, সেই অপেক্ষায় আছেন তারা।’

জহিরুল জানান, রিয়াদ যে ব্যাচে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন, সেটির নম্বর ছিল ৭৩৫।

এদিকে রিয়াদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশী ও আত্মীয়স্বজনরা তার বাড়িতে ভিড় করছেন। অনেকেই পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন।

জাফরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আবু সাদাৎ মো. সায়েম বলেন, রিয়াদ এলাকার সবার পরিচিত ও ভদ্র স্বভাবের ছেলে ছিলেন। তার মৃত্যুর খবর খুবই মর্মান্তিক।

করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে মুসলিমা রাশিয়ায় রিয়াদের মৃত্যুর ঘটনা তিনিও পরিবারের কাছ থেকে শুনেছেন। তিনি বলেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল কবির বলেন, পুলিশ ঘটনাটি সম্পর্কে পরিবারের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছে। বিষয়টির আরো খোঁজখবর নেওয়া হচ্ছে।